অপরাধী দাবি করে আহত শিশু শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা!
বিসিআইসি কলেজের স্কুল শাখার শ্রেণীকক্ষে ককটেল বিস্ফোরণের ২৬ দিন পর ষষ্ঠ শ্রেণীর ছাত্র আহত সাইফুর রহমানকে আসামি করে মামলা করেছে পুলিশ। মামলার এজাহারে ১২ বছরের আহত শিশু শিক্ষার্থীকে ‘অপরাধী’ বলে উল্লেখ করা হয়েছে। সাইফুরের মা-বাবা পুলিশের অভিযোগ প্রত্যাখ্যান করে প্রথম আলোকে বলেন, সাইফুর বেঞ্চের ডেস্কে পড়ে থাকা জর্দার কৌটা নিয়ে দেখার সময় বিস্ফোরণ ঘটে। এতে দুই সহপাঠীসহ সে আহত হয়। পুলিশ আসামি করেছে শুধু সাইফুরকে। তাঁরা বলেন, তারা আসামি করেই ক্ষান্ত হয়নি, বিচারের আগেই একটি শিশুকে ‘অপরাধী’ বলে এজাহারে লিখেছে।মামলার তদন্ত কর্মকর্তা শাহ আলী থানার অপারেশন কর্মকর্তা অশোক কুমার চৌহান প্রথম আলোর কাছে দাবি করেন, সাইফুরের দুই সহপাঠীসহ অন্য শিক্ষার্থীরা পুলিশকে বলেছে, ঘটনার দিন স্কুলের চতুর্থ তলায় তারা সাইফুরের হাতে স্কচটেপ মোড়ানো একটি বস্তু দেখতে পেয়ে তা কী জানতে চায়। জবাবে সাইফুর জানায়, এটি ককটেল এবং সে এটা বিস্ফোরণ ঘটাবে। সহপাঠীরা শ্রেণীশিক্ষককে বিষয়টি বলে দেওয়ার ভয় দেখায়। পরে শ্রেণীকক্ষে এটির বিস্ফোরণ ঘটে।তদন্ত কর্মকর্তা দাবি করেন, সাইফুর একেক সময় একেক কথা বলে প্রকৃত ঘটনা আড়াল করতে চাইছে। তাঁর দাবি, সাইফুরই ককটেল বহনকারী। সঠিক তথ্য-প্রমাণের ভিত্তিতে তাকে আসামি করা হয়েছে। তবে কারা সাইফুরের হাতে ককটেল তুলে দিয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো অন্ধকারে বলে স্বীকার করেন তিনি।তদন্ত কর্মকর্তা আরও দাবি করেন, মামলায় কাউকে ‘অপরাধী’ উল্লেখ করা আইনের পরিপন্থী নয়।জানতে চাইলে মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি আবদুল্লাহ আবু প্রথম আলোকে বলেন, ‘আদালতে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে অপরাধী বলা যাবে না। তার বিরুদ্ধে যেহেতু অভিযোগ আনা হয়েছে, তাই বড়জোর “অভিযুক্ত” উল্লেখ করতে পারে পুলিশ। বর্ণনা শুনে মনে হচ্ছে, পুলিশ শিশুটির বিরুদ্ধে বলার মতো প্রমাণও পায়নি।’শাহ আলী থানা সূত্র জানায়, গত বুধবার শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) মুহম্মদ মাসুদ রানা বাদী হয়ে বিস্ফোরণ উপাদনাবলি আইনে (১৯০৮-এর ৩ ধারা) সাইফুর রহমানকে আসামি করে থানায় মামলা করেন।মামলার অভিযোগে বলা হয়, ‘প্রাথমিক তদন্তকালে বিসিআইসি স্কুলের ষষ্ঠ শ্রেণীর কতিপয় ছাত্র পুলিশকে জানায়, ২২ অক্টোবর চতুর্থ তলায় ক্লাস শুরু হওয়ার আগে তারা বোমাসদৃশ কৌটা সাইফুরের নিকট দেখিয়াছিল। ক্লাস শেষে অপরাধী সাইফুর দ্বিতীয় তলায় ২০৫ নম্বর কক্ষে আসে এবং বেঞ্চে বসে। সে তাহার নিকট থাকা ককটেলটি নাড়াচাড়া করার সময় বিস্ফোরিত হইলে তাহার আশপাশে থাকা একই শ্রেণীর ছাত্র রাকিবুল ও রাফসাত জনি জখম হয়।’ এজাহারে বলা হয়, সাইফুর বিস্ফোরণ ঘটিয়ে বিস্ফোরণ উপাদানাবলি আইন ১৯০৮-এর ৩ ধারায় অপরাধ করেছে। শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, ককটেল বিস্ফোরণ সম্পর্কে প্রাথমিক ধারণা না পাওয়ায় তাৎক্ষণিক মামলা করা হয়নি। তিনি দাবি করেন, কিশোরদের ক্ষেত্রে মামলায় অপরাধী উল্লেখ করা যায়। বিস্ফোরকের অন্য মামলায় প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আসামি উল্লেখ করা হয়।গত ২২ অক্টোবর মিরপুর চিড়িয়াখানা সড়কের পাশে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন—বিসিআইসি কলেজ শাখার স্কুলের দ্বিতীয় তলার শ্রেণীকক্ষে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাইফুরের ডান হাত ও দুই ঊরু গুরুতর জখম হয়। তার দুই সহপাঠী রাফসাত জনি ও রাকিবুল হাসান আহত হয়। কলেজের অধ্যক্ষ কারও নাম উল্লেখ না করে ওই দিনই শাহ আলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। সাইফুরের বাবা মনির হোসেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা। তিনি প্রথম আলোকে বলেন, পঙ্গু হাসপাতালে সাইফুরের ক্ষতবিক্ষত হাতের এখনো চিকিৎসা চলছে। তার একটি আঙুলও হারাতে হয়েছে। পরিবারের সদস্যরা তাকে নিয়ে চিন্তিত। ঘটনার পর পুলিশ তার জবানবন্দিও নিয়েছে। কিন্তু পুলিশের এ আচরণে তাঁরা এখন দিশেহারা।মনির হোসেন বলেন, প্রায়ই শোনা যায়, পড়ে থাকা ককটেল বিস্ফোরণে অনেক শিশু আহত হয়। পুলিশ তো তাদের বিরুদ্ধে মামলা করে না। তিনি প্রশ্ন করেন, কারা শ্রেণীকক্ষে ককটেল রেখে গেছে? পুলিশ এত দিনেও কেন তাদের খুঁজে বের করতে পারল না? অথচ ১২ বছরের শিশুকে অপরাধী বানিয়ে দেওয়া হলো।সাইফুরের নানা শাহনুর হোসেন বলেন, মামলার খবর শুনে হাসপাতালের বিছানায় সাইফুর খাওয়াদাওয়া ছেড়ে দিয়েছে। তিনি মামলার অভিযোগ থেকে ছোট্ট এ শিশুকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান।