অপরাধী পাকড়াও অভিযানে ‘ব্যাটম্যান’!
গোয়েন্দাভিত্তিক ড্রামা সিরিজ ব্যাটম্যানের নায়ক ব্যাটম্যান যদি সত্যি সত্যি বাস্তবেও থাকত—কী চমত্কারই না হতো! হ্যাঁ, অন্তত ব্রাজিলে তেমনটি ঘটেছে। সেখানে ব্যাটম্যান সত্যিই অপরাধী ধরতে কাজ করছে। ব্রাজিলের পুলিশ দেশটির এক অপরাধ প্রবণ এলাকায় অভিযান চালাতে গিয়ে ব্যাটম্যানের সহায়তা নিয়েছে। বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে।খবরে বলা হয়, ব্রাজিলের পুলিশ দেশটির একটি অন্যতম অপরাধ প্রবণ এলাকায় মাদক পাচারের বিরুদ্ধে অভিযানে সাহায্য চেয়ে ব্যাটম্যানের শরণাপন্ন হয়েছে। বিবিসিতে প্রকাশিত এক ছবিতে দেখা যায়, ব্রাজিল পুলিশের এক অবসরপ্রাপ্ত কর্মকর্তা ‘কেপড ক্রুসেডার’খ্যাত ব্যাটম্যানের অনুকরণে পোশাক পরেছেন। তরুণদের মাঝে অপরাধ সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে কাজ করেছেন তিনি।উল্লেখ্য, ব্যাটম্যান হলো একটি কাল্পনিক চরিত্র। টেলিভিশনে ড্রামা সিরিজ হিসেবেও বিভিন্ন সময় ব্যাটম্যান অনুষ্ঠানটি বেশ জনপ্রিয়তা পায়। তবে, ব্যাটম্যান একটি হাস্য-রসাত্মক সাময়িকীর ‘সুপারহিরো’। চিত্রশিল্পী বব কেন এবং লেখক বিল ফিঞ্জার এই চরিত্রের স্রষ্টা। ১৯৩৯ সালের মে মাসে ‘ডিটেক্টিভ কমিক্স’ (গোয়েন্দাভিত্তিক হাস্য-রসাত্মক সাময়িকী) নামে এক সাময়িকীতে প্রথম ‘ব্যাটম্যান’ চরিত্রটি প্রকাশ পায়। চরিত্রটি ব্যাটম্যান ছাড়াও ‘দ্য কেপড ক্রুসেডার’, ‘দ্য ডার্ক নাইট’ এবং দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট ডিটেক্টিভ নামেও পরিচিত।