গোলটেবিল বৈঠক: শিশু অপহরণ, হত্যা মুক্তিপণ দাবি: শেষ কোথায়?
অপরাধীদের আইনের আওতায় না আনলে উদ্বেগ কাটবে না
দ্রুত অর্থ পাওয়ার কৌশল হিসেবে শিশু অপহরণ করে মুক্তিপণ আদায়ের জন্য সংঘবদ্ধ অপরাধ চক্র গড়ে উঠেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দমনে ব্যর্থ হচ্ছে। ফলে মানুষ আতঙ্কে রয়েছে। এই অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে না পারলে উদ্বেগ কাটবে না, কমবে না এ ধরনের অপরাধও।গতকাল শনিবার ‘শিশু অপহরণ, হত্যা—মুক্তিপণ দাবি: শেষ কোথায়?’ বিষয়ের ওপর প্রথম আলো আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। আলোচনায় অংশ নেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান, আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন হামিদা হোসেন, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, জাতিসংঘ সিডও কমিটির সাবেক চেয়ারপারসন সালমা খান, পুলিশের সহকারী মহাপরিদর্শক (অপরাধ) কাজী জিয়া উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস বিভাগের পরিচালক এ আই মাহবুবউদ্দীন আহমেদ এবং অপহরণের পর হত্যার শিকার শিশু শেখ ফরিদের মা কামরুন নাহার। আলোচনাটি সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম ও ফিচার সম্পাদক সুমনা শারমীন।মিজানুর রহমান বলেন, ‘পরাগকে নিয়ে ঘটনার পরিক্রমায় বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরে সমন্বয়হীনতা লক্ষ করা গেছে। একজন বলছেন, জানি; আরেকজন বলছেন জানি না, একজন বলছেন, টাকা নিয়েছে, আরেকজন বলছেন, টাকা নেওয়া হয়নি। যে খেলা আপনারা খেলেছেন, এর সাথি বা দর্শক আমরা হতে চাইনি। আমরা চেয়েছি কী ঘটেছে, কেমন করে ঘটেছে, কারা নিয়েছে এসব জানতে। যদি আপনারা এত কিছুই জানেন, শনাক্ত করতে পারেন আমিরকে, তবে কেন এখন পর্যন্ত ধরতে ব্যর্থ হয়েছেন, তা জানতে আমরা উন্মুখ।’ তিনি বলেন, দরিদ্র মানুষের দেওয়া অর্থে আপনারা বেতন-ভাতা পাচ্ছেন। এর শতভাগ কিন্তু জাতিকে আপনাদের ফেরত দিতে হবে। বেতন নেবেন কিন্তু কাজ করবেন না, শুধু কথা বলে দায়িত্ব এড়িয়ে যাবেন এটি কখনো গ্রহণযোগ্য হতে পারে না।মিজানুর রহমান বলেন, ‘যে সমাজে আইনের শাসনের অনুপস্থিতি দেখা যায়, সেখানে অপরাধপ্রবণতা বেড়ে যেতে বাধ্য। গণমাধ্যমে জানতে পেরেছি গত কয় বছরে কিছু মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ক্ষমা প্রদর্শন করে ছেড়ে দেওয়া হয়েছে। যেকোনো রাষ্ট্রপ্রধানের একটা ক্ষমতা থাকে। এই ক্ষমতা বিচক্ষণতা ও ন্যায়পরায়ণতার সঙ্গে প্রয়োগ করা বাঞ্ছনীয়। আমাদের এখানে যা ঘটেছে সেগুলোর সব ক্ষেত্রে আমরা নীতিতে অবিচল থেকেছি কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।’হামিদা হোসেন বলেন, ‘গ্যাং সংস্কৃতি শুরু হয়ে গেছে আমাদের দেশে। শুধু শিশু নয় বড়দেরও অপহরণ করা হচ্ছে। গ্যাংগুলো বিভিন্ন চক্র ও রাজনৈতিক দলের সমর্থন পাচ্ছে। না হলে তারা কীভাবে শাস্তি এড়াচ্ছে, পুলিশকে নিষ্ক্রিয় রাখতে পারছে। এখানে অবশ্যই পুলিশের গাফিলতি আছে। পুলিশকে যদি কাজ না দেখে কোন জেলা থেকে এসেছেন তার ওপর ভিত্তি করে নিয়োগ-পদোন্নতি দেওয়া হয়, তাহলে তার কাছে যথাযথ দক্ষতা আশা করা যায় না। আমরা পাঁচ বছর গোপালগঞ্জের পুলিশ আর পাঁচ বছর বগুড়ার পুলিশ দেখি।’সালমা খান বলেন, দুই বছরে ২৫৬ জন অপহরণের সংবাদ এসেছে গণমাধ্যমে। এটাকে সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অকার্যকারিতা বলা যায়। কিছু ব্যক্তির মধ্যে প্রবণতা এসেছে এটা টাকা আদায় করার সহজতম উপায়। ঝুঁকিও নেই। পুলিশ কিন্তু সব সময় জানে কোন এলাকায় কারা এসবের সঙ্গে জড়িত। হঠাৎ করে একজন নতুন অপরাধী এটা করে না। দাগী আসামিরা জামিনে মুক্ত হয়ে এ অপরাধ করছে। তিনি বলেন, অপহরণের ক্ষেত্রে কেউ আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রতি আস্থা রাখতে পারছে না। প্রিয়জনের জীবন রক্ষায় মুক্তিপণ দিয়ে ছাড়াতে রাজি হচ্ছে পরিবারগুলো।সাবেক মন্ত্রিপরিষদসচিব আলী ইমাম মজুমদার বলেন, ‘অপরাধীর বিচার না হলে অপরাধপ্রবণতা দ্রুত বাড়বে। বেশ কিছুদিন ধরে দেখছি অনেক ক্ষেত্রে অপরাধীরা বিচারের আওতায় আসছে না। ২০০১ সাল থেকে বিচারহীনতার এ সংস্কৃতি আমাদের দেশে ব্যাপকভাবে শুরু হয়। হাজার হাজার মামলা, অত্যন্ত জঘন্য অপরাধের মামলাও প্রত্যাহার করা হচ্ছে রাজনৈতিক বিবেচনার কথা বলে। পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে রাজনৈতিক কারণে নিষ্ক্রিয় করে ফেলা হয়। ফলে তারা তাদের কার্যকারিতা দেখাতে পারছে না। এখন মানুষ আইন ও আইন প্রয়োগকারী সংস্থার বিষয়ে আস্থার সংকটে ভুগছে। এই আস্থা ফিরিয়ে আনতে না পারলে দেশের জন্য সমাজের জন্য বিপজ্জনক হতে পারে।বৈঠকে মুন্সিগঞ্জের গজারিয়া থেকে অপহরণ ও পরে হত্যার শিকার হওয়া শিশু শেখ ফরিদের মা কামরুন নাহার তাঁর অভিজ্ঞতার বর্ণনা করেন ও ছেলে হত্যার বিচার চান। তিনি বলেন, ‘অপহরণকারীরা শিশুটির জন্য ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। আমি ২০ লাখ টাকা দিতে চেয়েছিলাম। তবু অপহরণকারীরা ছেলেটাকে মেরে ফেলল।’ তিনি এই মামলা তদন্তে থানার পুলিশের উদাসীনতার অভিযোগ করেন।বৈঠকে উপস্থিত পুলিশের সহকারী মহাপরিদর্শক কাজী জিয়া উদ্দীন শেখ ফরিদের মাকে মামলাটির সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন। তিনি বলেন, যেকোনো সমস্যার ধন্বন্তরী সমাধান পুলিশ করতে পারে না। সমস্যা সমাধানের জন্য সমাজের সব পর্যায়ের ব্যক্তিকে এগিয়ে আসতে হবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ আই মাহবুবউদ্দীন বলেন, ‘আজকের যুগে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা দ্রুত পাল্টেছে। নব্বইয়ের পরে মুক্তবাজার অর্থনীতির দ্বারা প্রভাবিত হয়। অপরাধের মাধ্যমে যে অর্থ উপার্জিত হয় এটাও এক ধরনের পুঁজি সঞ্চয়ের প্রক্রিয়া। যেখানে রাজনৈতিকভাবে বা অত্যন্ত দায়িত্বশীল লোকেরা চুরি-ডাকাতি, দুর্নীতি করে অর্থ উপার্জন করে সেখানে পেশাদার অপরাধীদের জন্য এমন কাজ করে অর্থ উপার্জন কোনো বিষ্ময়ের ব্যপার নয়। তরুণদের মধ্যে নতুন মূল্যবোধ সঞ্চারিত হচ্ছে। “মাফিয়া টাইপ” সংস্থাগুলো তৈরি হচ্ছে।’