অপরাধীদের ধরা পড়তেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। তিনি বলেন, হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের ধরা পড়তেই হবে। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুষ্ঠুভাবে উদ্যাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তাব্যবস্থা গ্রহণসংক্রান্ত আন্তমন্ত্রণালয় সভা আজ রোববার অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ওই বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলেছি, ৪৮ ঘণ্টার মধ্যেই যেন দেখতে পাই এ ঘটনার হোতা কারা। তাদের যেন ধরা যায়।’ওই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের আটকের ব্যাপারে অগ্রগতি কতটুকু জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তদন্ত চলাকালে এর চেয়ে বেশি কিছু বলা যাবে না। অনেক সময় ১২ ঘণ্টার মধ্যেও অপরাধী ধরা পড়ে যায়।’এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে থাকা পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ প্রসঙ্গে বলেন, ‘তাত্ক্ষণিকভাবে তদন্ত শুরু হয়েছে। স্থানীয় পুলিশ প্রশাসন, গোয়েন্দা ও র্যাব অহর্নিশিভাবে কাজ করে যাচ্ছে। আমরা আশাবাদী, খুব তাড়াতাড়ি সত্য উদ্ঘাটিত হবে। আমরা সফল হব।’স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের নাতি রাকিব হোসেনকে পুলিশের পেটানোর ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই ঘটনায় গুলশান থানার দুজন উপপরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে। ঘটনার তদন্তও শুরু হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনে আরও ব্যবস্থা নেওয়া হবে। এই সভায় পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, রাকিবের পরিবারের অভিযোগ, বিনা অপরাধে গুলশান এলাকায় পুলিশ রাকিবের সঙ্গে খারাপ আচরণ করে এবং টানাহেঁচড়া করে থানায় নিয়ে তিন ঘণ্টা আটকে রেখে নির্যাতন করে। এ লেভেলে পড়ুয়া ১৯ বছর বয়সী রাকিব বর্তমানে ইউনাইটেড হাসপাতালে চিকিত্সাধীন আছেন।রাকিব আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জোহরা তাজউদ্দীনের নাতি এবং তাঁর মামা সোহেল তাজ বর্তমান সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন।পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার চৌধুরী লুত্ফুল কবির আজ রোববার সকালে প্রথম আলো অনলাইনকে বলেন, গতকাল শনিবার রাতে গুলশান থানার দুই উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান ও সৌমেন বড়ুয়াকে প্রত্যাহার করে রাজারবাগ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।