অপরাধীদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিরুদ্ধে সোনিয়া গান্ধী
ভারতের অনেক রাজনৈতিক নেতাই অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। নির্বাচন কমিশনের হীরক জয়ন্তী অনুষ্ঠানে গত সোমবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত বা অপরাধীদের তালিকাভুক্ত রাজনৈতিক নেতাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ না দেওয়ার আহ্বান জানান। টাইমস অব ইন্ডিয়াকে সোনিয়া বলেন, ‘রাজনীতি থেকে টাকা ও পেশিশক্তির প্রভাব দূর করতে হবে।’ তিনি আরও বলেন, ‘যাঁদের অপরাধের রেকর্ড আছে তাঁরা যাতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারেন নির্বাচন কমিশনকে সে ব্যবস্থা নিতে হবে।’ রাজনীতিকে দুর্নীতিমুক্ত করার প্রক্রিয়া খুব বেশি দূর এগোয়নি বলে সোনিয়া মনে করেন। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘এ কারণেই দুবছরের সাজাপ্রাপ্ত অথবা দোষী প্রমাণিত ব্যক্তি অনায়াসে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।’ সোনিয়ার এ আহ্বানে ইতিবাচক সাড়া দিয়েছেন আইনমন্ত্রী ভিরাপ্পা ময়েলি। তিনি নির্বাচন কমিশনকে বলেন, ‘এ বছরের জুন মাস থেকেই কমিশনের সংস্কার কাজের জন্য সরকার পদক্ষেপ নেবে। আর এ ক্ষেত্রে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সহযোগিতাও চেয়েছে কমিশন।’ নির্বাচন কমিশনের হীরক জয়ন্তী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংও উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের স্বচ্ছতা নিশ্চিত করতে সবাইকে ঐকমত্যে পৌঁছাতে হবে।’ বিজেপি নেত্রী সুষমা স্বরাজ বলেন, ‘ভারতে বুলেট নয়, ব্যালট শক্তিশালী। আর নির্বাচন কমিশনের কারণেই এটা সম্ভব হয়েছে।’সোনিয়া গান্ধীর সঙ্গে একমত পোষণ করে ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিল, উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, প্রধানমন্ত্রী মনমোহন সিং ও বিজেপি নেত্রী সুষমা স্বরাজ রাজনীতিকে দুর্নীতিমুক্ত করতে আরও শক্তিশালী পদক্ষেপ নেয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।