ফলমূলে রাসায়নিক পদার্থ
অপরাধীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার নির্দেশ হাইকোর্টের
রাসায়নিক পদার্থের সাহায্যে ফল পাকানোর সঙ্গে জড়িত অপরাধীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের জনস্বার্থে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।ওই বেঞ্চ রাসায়নিক পদার্থ দিয়ে ফল পাকানোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাঁচ দফা নির্দেশনা দিয়েছেন। আদালত বাণিজ্য, খাদ্য ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে একটি পর্যবেক্ষণ কমিটি গঠন করে রাসায়নিক পদার্থ দিয়ে ফল পাকানো বন্ধ করতে নানা সুপারিশ তৈরির নির্দেশ দিয়েছেন। আগামী ১৫ দিনের মধ্যে সুপারিশসংক্রান্ত প্রতিবেদন আদালতে উপস্থাপন করতে বাণিজ্য, খাদ্য ও স্বাস্থ্যসচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।আদালতের নির্দেশনায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে আগামী ১৫ দিনের মধ্যে দেশের সব আমদানি পয়েন্টে রাসায়নিক পদার্থযুক্ত ফল আমদানি বন্ধ এবং এ ব্যাপারে গৃহীত পদক্ষেপসংক্রান্ত প্রতিবেদন উপস্থাপনের জন্য বলা হয়েছে।এ ছাড়া আদালত রাজশাহীর বাণিজ্যিক আমবাগানগুলোতে পুলিশ মোতায়েনের জন্য ওই বিভাগের ডিআইজিকে নির্দেশ দিয়েছেন, যাতে ব্যবসায়ীরা গাছে আম থাকা অবস্থায় কোনো রাসায়নিক পদার্থ ব্যবহার করতে না পারেন।রাসায়নিক পদার্থযুক্ত ফল বিক্রি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ এবং রাজধানীর ফলের আড়তে এ ধরনের কোনো ফল বিক্রি হচ্ছে কি না, তা তদারক করতে র্যাব ও বিএসটিআইয়ের মহাপরিচালকদের নির্দেশ দিয়েছেন আদালত।এসব নির্দেশনার পাশাপাশি ফল পাকাতে রাসায়নিক পদার্থ ব্যবহারের বিরুদ্ধে জনস্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে কেন সরকারকে নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আর এ ব্যাপারে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েও রুল জারি করেছেন আদালত। আগামী তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।