অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাংসদের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাক্ষ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রামে গত ২৪ আগস্ট নির্যাতনের শিকার গৃহবধূ মনি রাণী কর্মকারের (২০) শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে। তাঁকে দেখতে আগামীকাল সোমবার স্থানীয় সাংসদ শাহ জিকরুল আহমেদ নবীনগরে যাবেন। তিনি আজ রোববার টেলিফোনে প্রথম আলো কে বলেছেন, ঘটনাটি খুবই দুঃখজনক। মেয়েটির সুচিকিত্সা প্রদান ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদেরকে তিনি নির্দেশ দিয়েছেন। এ ধরনের ঘটনার দুই সপ্তাহ পরও কেন প্রশাসন অবহেলা করলো, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন বলে তিনি জানান। নির্যাতিত গৃহবধূ মনি রানী কর্মকার নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ জাহের মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে গত বুধবার গ্রেপ্তার করেছে। স্থানীয় সাংসদ শাহ জিকরুল আহমেদ নির্যাতিত ওই গৃহবধূকে সবধরণের আর্থিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন।উল্লেখ্য শ্যামগ্রামের উত্তর পাড়ায় গত ২৪ আগষ্ট রাত ২ টার দিকে একদল দুর্বৃত্ত নয়ন কর্মকারের ঘরে ঢুকে তার ঘুমন্ত স্ত্রী মণি কর্মকারকে ধর্ষনের চেষ্টা করে। তাঁরা ধর্ষণ করতে ব্যর্থ হয়ে উপর্যুপরি ছুরি চালিয়ে তাঁর গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে। গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ১২ দিন চিকিত্সার পর টাকার অভাবে তাঁকে গ্রামে ফিরিয়ে আনা হয়। গত বুধবার প্রথম আলোয় এ সংক্রান্ত একটি প্রতিবেদন ছাপা হয়। ওইদিন দুপুরে নবীনগর আইনজীবি সমিতি, উপজেলা পূজা উদযাপন পরিষদ, উপজেলা মানবধিকার বাস্তবায়ন সংস্থাসহ বিভিন্ন সংগঠনের নেতারা ওই গৃহবধূর বাড়িতে যান। ঘটনার দু’সপ্তাহ পর প্রশাসনের লোকজন ওই গৃহবধূকে দেখতে না যাওয়ায় নেতারা নিন্দা ও ক্ষোভপ্রকাশ করেন। এর পরদিন গত বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুল ইসলাম, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহাসহ বিভিন্ন নেতারা হাসপাতালে তাঁকে দেখতে যান। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা প্রথম আলোকে বলেছেন, এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।