অপরাধীদের সরকার বের না করলে আমরা করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি নিরপেক্ষ উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি করে বৌদ্ধবিহার ও পল্লীতে হামলায় জড়িত প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকারের কাছে আবারও দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।আজ বুধবার রাতে ক্ষতিগ্রস্ত এলাকার বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা বিএনপির গুলশানের কার্যালয়ে তাঁর সঙ্গে দেখা করতে এলে এ দাবি জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘প্রকৃত অপরাধীদের সরকার বের না করলে আমরা বের করব।’খালেদা জিয়া বলেন, ‘আমরা উচ্চ পর্যায়ের তদন্ত দল গঠন করেছি। তারা কাল (বৃহস্পতিবার) প্রতিবেদন দেবেন। তারপর আমরা সে প্রতিবেদন দেশবাসী ও বিদেশিদেরও জানাব।’সাক্ষাত্কালে বৌদ্ধ নেতারা খালেদা জিয়াকে আক্রান্ত এলাকায় গিয়ে নিজ চোখে ধ্বংসযজ্ঞ দেখে আসার এবং ক্ষতিগ্রস্ত ও ভীত-সন্ত্রস্ত বৌদ্ধদের সান্ত্বনা দিয়ে আসার আহ্বান জানান। এ সময় খালেদা বলেন, ‘সেখানে যে দুর্ঘটনা ঘটল, তা নিঃসন্দেহে দুঃখজনক। চীন থেকে ফিরে আমি অবশ্যই সেখানে যাব, সান্ত্বনা দেব।’ তদন্ত শেষ হওয়ার আগেই বিরোধী দলকে দায়ী করে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের দেওয়া বক্তব্যের সমালোচনা করেন খালেদা জিয়া। তিনি বলেন, ‘ঘটনা ঘটায় তারা, আর দোষ চাপায় বিরোধী দলের ওপর।’ খালেদা জিয়ার বক্তব্যের আগে বৌদ্ধ সম্প্রদায়ের চারজন বক্তব্য দেন। তাদের পক্ষ থেকে চার দফা দাবি ও ক্ষতিগ্রস্তদের একটি তালিকা দেওয়া হয় বিরোধী দলীয় নেতাকে। দাবিগুলোর মধ্যে রয়েছে, একটি ত্রাণ তহবিল গঠন করে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত সহায়তা করা, ক্ষতিগ্রস্ত ও আক্রান্ত পরিবারের নিরাপত্তার ব্যবস্থা ও মামলা মোকদ্দমা থেকে রক্ষা করা ও সব সময় বৌদ্ধ সম্প্রদায়ের খোঁজ-খবর নেওয়ার জন্য বিএনপির একজন প্রতিনিধি রাখা।উখিয়ার ভালুকিয়া বৌদ্ধ বিহারের সভাপতি ও ঘুনধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীপক বড়ুয়া, পটিয়ার কোলাগাঁও রত্মাংকুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ দীপানন্দ ভিক্ষু, রামুর রাংকুট বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রজ্ঞাংশ মহাথেরো, পটিয়ার সার্বজনীন দুর্গা মন্দিরের রূপক শীল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকোমল বড়ুয়া প্রমুখ বক্তব্য দেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, কক্সবাজারের বিএনপির সাংসদ লুত্ফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।