অপরাধীর মনে ভয়ের সঞ্চার হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার বিলম্বিত বিচার অবশেষে সাধারণ আইনের স্বাভাবিক প্রক্রিয়ায় সুসম্পন্ন হয়েছে। এটা দেশের মানুষের জন্য স্বস্তিকর ঘটনা। তিনি বলেন, দেশে সাধারণ বিচারপ্রক্রিয়া এবং আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এটি একটি বড় সাফল্য হিসেবে গণ্য হবে।বঙ্গবন্ধু হত্যার রায় কার্যকর হওয়ার পর গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে দেওয়া প্রতিক্রিয়ায় হাবিবুর রহমান এ কথা বলেন। তিনি বলেন, সাধারণ মানুষ আশা করে, দেশে বিভিন্ন সময়ে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিলম্বিত বিচারপ্রক্রিয়া একইভাবে আইনের স্বাভাবিক পথে নিষ্পত্তি হবে এবং শান্তি বিঘ্নকারী সব অপরাধের শাস্তি হবে। তিনি আরও বলেন, ‘দেশের মানুষ আশ্বস্ত হোক, অপরাধীর মনে ভয়ের সঞ্চার হোক—এটাই আমরা চাই।’বিচারপতি হাবিবুর রহমান মনে করেন, প্রতিটি রাষ্ট্রের প্রাথমিক কর্তব্য দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং মানুষ হত্যাসহ অন্যান্য অপরাধের বিচার করা। তিনি বলেন, ‘ওই নৃশংস হত্যাকাণ্ডে নারী-শিশুসহ একাধিক নিরপরাধ ব্যক্তি প্রতিহিংসার শিকার হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে বলব, ওই ঘটনার বিচার মানুষের মধ্যে স্বস্তি আনবে।’