অপরাধীরা অন্য দেশে আশ্রয় পেলে ন্যায়বিচার প্রতিষ্ঠা কঠিন: হাছান মাহমুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, এক দেশে অপরাধ করে অন্য দেশে আশ্রয় পেলে পৃথিবীতে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা কঠিন হবে। আজ শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফোরামের বৈঠকে কানাডায় লুুকিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা প্রসঙ্গে তিনি এ কথা বলেন। তিনি বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি নূর চৌধুরীকে ফিরিয়ে আনার বিষয়ে কানাডা সরকারের সক্রিয় সহায়তা কামনা করেন।বৈঠকে কানাডার পার্লামেন্ট সদস্য ও বাংলাদেশ-কানাডা পার্লামেন্টারি গ্রুপের কানাডা অংশের চেয়ারম্যান মারিয়া মিন্না, সাংসদ তারানা হালিম, মাহবুব আরা বেগম গিনি প্রমুখ উপস্থিত ছিলেন। হাছান মাহমুদ কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফোরামের বাংলাদেশ অংশের চেয়ারম্যান।হাছান মাহমুদ বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার ঘটনা পৃথিবীর ইতিহাসে কলঙ্ক লেপন করেছে। এটি ছিল নিষ্ঠুরতম অমানবিক ঘটনা। এই নিষ্ঠুর হত্যাকাণ্ড ঘটিয়ে যারা মানবতার বিরুদ্ধে অপঘাত সৃষ্টি করেছে, তাদের শাস্তি না দিলে পৃথিবীতে মানবতার পরাজয় হবে।বৈঠকে পরিবেশ প্রতিমন্ত্রী বাংলাদেশের চামড়া ও ওষুধ শিল্পের শুল্কমুক্ত রপ্তানি সুবিধা দেওয়ার জন্য কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফোরামের মাধ্যমে কানাডা সরকারের প্রতি অনুরোধ জানান। এ ছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশকে বাণিজ্যিক ক্ষেত্রে কিছু কিছু বিষয়ে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার অনুরোধ জানান।মারিয়া মিন্না বলেন, বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারকে সহায়তা করার জন্য তিনি কানাডা সরকারকে জোর অনুরোধ জানাবেন। এ ছাড়া বাংলাদেশকে চামড়া ও ওষুধ শিল্পে বাণিজ্যিক ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার বিষয়টিও সরকারের সক্রিয় বিবেচনার জন্য উপস্থাপন করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।