অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর অভয়নগর প্রতিনিধি মাসুদ আলমের ওপর হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। ঘটনার দিন জনতা দুই হামলাকারীকে ধরে পুলিশে সোপর্দ করলেও পরে জামিনে ছাড়া পেয়ে যান তাঁরা। পুলিশ তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করারও প্রয়োজন মনে করেনি।অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবদুস ছালেক বলেন, গ্রেপ্তারকৃত দুজন যেহেতু এজাহারভুক্ত আসামি, সে জন্য তাঁদের কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের কোনো দরকার ছিল না। তাই রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়নি। তবে তদন্ত কর্মকর্তা ফকির তাইজুর রহমান বলেন, গণপিটুনিতে মারাত্মক আহত হওয়ায় ওই আসামিকে রিমান্ডে নেওয়ার মতো অবস্থা ছিল না। রিমান্ডের আবেদন না করে পুলিশ আসামিদের জামিন পাওয়ার পথ সুগম করে দিয়েছে কি না, জানতে চাইলে তাইজুর বলেন, ‘রিমান্ডের আবেদন করার উদ্দেশ্য জিজ্ঞাসাবাদ করা। রিমান্ডে না নিয়ে যদি জিজ্ঞাসাবাদ করা যায়, তাহলে আপনাদের সমস্যা কোথায়?’গত ২৮ মার্চ ইজিবাইকযোগে অভয়নগর উপজেলা সদরে যাওয়ার সময় পথে সুন্দলী ইউনিয়নের ধোপাদী গ্রামের উলুরবটতলা নামক স্থানে আবু সুফিয়ান ফকিরের নেতৃত্বে ৯-১০ জনের একটি সন্ত্রাসী দল তাঁর ওপর হামলা চালায়। মাসুদকে ইজিবাইক থেকে নামিয়ে ব্যাপক মারধর করা হয়। এতে তাঁর শরীরের নিচের অংশ মারাত্মক জখম হয়, বাঁ হাত-বাঁ পা ভেঙে যায়। দ্রুত তাঁকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকায় স্থানান্তর করা হয়। এখনো তাঁর চিকিৎসা চলছে।এ ঘটনায় মাসুদের ভাই নূর আলম বাদী হয়ে অভয়নগর থানায় মামলা করেন। কিন্তু পুলিশ মামলা নিয়ে টালবাহানা করছে, তদন্ত থেমে গেছে। পুলিশ সুপার জয়দেব ভদ্র অবশ্য বললেন, পুলিশের রিমান্ড চেয়ে রাখা উচিত ছিল। তাহলে তড়িঘড়ি জামিন হয়ে যেত না। তবে তদন্তের প্রয়োজনে জামিন বাতিল করে রিমান্ডে নেওয়ার আবেদন করা যাবে। তদন্ত গতিশীল করতে মামলাটির দায়িত্ব পুলিশের গোয়েন্দা শাখায় হস্তান্তরের ব্যবস্থা করবেন বলে জানান তিনি।মামলার প্রধান আসামি সুন্দলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পরিতোষকে পুলিশ খুঁজে পায়নি বলে দাবি করলেও সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, ঘটনার পর এক দিনের জন্যও আত্মগোপনে যাননি তিনি। এক সপ্তাহের বেশি সময় পর গত ৭ এপ্রিল যশোরের জ্যেষ্ঠ মুখ্য বিচারিক হাকিমের আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন তিনি। অভিযোগ রয়েছে, জামিন পাওয়ার পর রাজনৈতিক প্রভাব ব্যবহার করে মামলাকে প্রভাবিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। পরিতোষ অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছেন।মামলায় ইউপি চেয়ারম্যান পরিতোষ কুমার বিশ্বাসকে ১ নম্বর আসামি হিসেবে উল্লেখ করে বলা হয়, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিহ্রাস প্রকল্পে দুর্নীতির বিষয়ে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর থেকে মাসুদকে হুমকি দিচ্ছিলেন চেয়ারম্যান। হামলার সময় হামলাকারী দলের নেতা সুফিয়ান ‘চেয়ারম্যানের বিরুদ্ধে খবর প্রকাশের সাধ মিটিয়ে দেব’ বলে হুমকিও দেন।অনুসন্ধানে জানা যায়, চেয়ারম্যান পরিতোষ একসময় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। সে সময় একটি হত্যা মামলায়ও জড়ান তিনি। ঘটনাটি ১৯৯৯ সালের ১৬ ডিসেম্বরের। ওই দিন অভয়নগর উপজেলা যুবদলের সহসভাপতি ইকরাম খুন হন মনিরামপুর উপজেলার দিগঙ্গা গ্রামে। এ ঘটনায় পরিতোষ ছিলেন অভিযোগভুক্ত ৫ নম্বর আসামি। পরে পরিতোষ যোগ দেন জাতীয় পার্টিতে। এরপর ইউপি নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন। নির্বাচিত হওয়ার পর যশোর-৬ (অভয়নগর ও কেশবপুর) আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ শেখ আবদুল ওহাবের সঙ্গে যোগাযোগ গড়ে তোলেন এবং যোগ দেন আওয়ামী লীগে। এখন তিনি সুন্দলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।মাসুদ আলম বলেন, ‘গত ২০ এপ্রিল জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিহ্রাস প্রকল্পের নামে দুর্নীতি নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশের পর পরিতোষ ভয়ানক ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং আক্রান্ত হই আমি।’জানা যায়, মাসুদ আলমকে মারার জন্য সুফিয়ানকে ২০ হাজার টাকা দিয়েছেন পরিতোষ। রিপন বিশ্বাস নামে পরিতোষের একান্ত বিশ্বাসভাজন এক যুবক এ টাকা লেনদেনের কাজটি করেছেন। তবে পরিতোষ ও রিপন উভয়েই এ অভিযোগ অস্বীকার করেছেন।অনেক চেষ্টা করেও সুফিয়ানের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। পুলিশ বলছে, সুফিয়ান এলাকায় নেই। অভয়নগরে যুবলীগের কর্মী হুমায়ুন কবীর হত্যাকাণ্ডের ব্যাপারে ২০১১ সালের ১১ নভেম্বর সুফিয়ানকে আসামি করে অভয়নগর থানায় মামলা করা হয়। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবদুস ছালেক বলেন, সুফিয়ানের নামে খুন, সন্ত্রাস ও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। সুফিয়ানও সন্ত্রাসী একটি চক্র পরিচালনা করেন এবং ওই চক্রের সহায়তায় তিনি মাসুদ আলমের ওপর হামলা করেছিলেন। সব আসামিকে অবিলম্বে গ্রেপ্তার করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।