অপরাধে জড়িয়ে পড়ছে বগুড়ার পুলিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার পুলিশ অপরাধে জড়িয়ে পড়ছে। পুলিশের ছোট-বড় অনেক কর্মকর্তার বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি, মাদক সেবন, টাকা ছাড়া মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) না নেওয়া, সাধারণ মানুষকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। তা ছাড়া সরকারি দলের কিছু নেতার কথা ছাড়া পুলিশ কর্মকর্তারা কোনো কাজ করেন না—এমন অভিযোগও রয়েছে।পুলিশের এক হিসাব থেকে জানা গেছে, গত পাঁচ বছরে জেলায় অন্তত ৫০ জন কর্মকর্তা ও কনস্টেবলকে বিভিন্ন অভিযোগে শাস্তি দেওয়া হয়েছে। এর মধ্যে বগুড়া সদর থানায় কর্তব্যরতদের বিরুদ্ধে শান্তিমূলক ঘটনা ঘটেছে বেশি। ওই থানার তিনজন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ১১ জন উপপরিদর্শক এবং একজন সহকারী উপপরিদর্শককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাঁদের মধ্যে দুজন দ্বিতীয় দফা গ্রেপ্তার হয়েছেন।বগুড়া থানার সহকারী উপপরিদর্শক মিজানুর রহমান ২২ ডিসেম্বর এক ব্যবসায়ীর কাছ থেকে ৪২ হাজার টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তারের পর এ ধরনের অভিযোগ বেরিয়ে আসছে। পুলিশের এমন কর্মকাণ্ডে উদ্বিগ্ন বগুড়ার মানুষ।জানা গেছে, ২০০৭ সালের ২৬ জানুয়ারি দুপুরে বগুড়া সদর থানার ভেতরে উপপরিদর্শক (এসআই) আবদুল করিম চুরির অভিযোগে আটক যুবক রতনের দুই হাত পিছমোড়া করে বেঁধে ছাদের সঙ্গে ঝুলিয়ে অমানুষিক নির্যাতন চালান। এ ঘটনার ছবি ছাপা হয় জাতীয় দৈনিকে। পরদিন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে ওই দিনই সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপপরিদর্শক করিমসহ চারজনকে বরখাস্ত করা হয়। তাঁদের বিরুদ্ধে মামলাও হয়। এর কিছু দিন পরই থানার ভেতরে নিজের ড্রয়ারে ৪৪ বোতল ফেনসিডিলসহ সদর থানার উপপরিদর্শক মতলুবকে গ্রেপ্তার করা হয়। এর কিছু দিন পর উপশহর পুলিশ ফাঁড়ির হাবিলদার জাহাঙ্গীর হোসেন মদ খেয়ে মাতলামি করার সময় নামাজগড় থেকে তাঁকে ধরে আনে থানার পুলিশ।অভিযোগ রয়েছে, এ বছরের ২৮ জুন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে জাহাঙ্গীর হোসেন যোগ দেওয়ার পর থানায় মামলা নিয়ে গেলে রাজনৈতিক নেতাদের সুপারিশ ছাড়া মামলা নেওয়া হতো না। শুধু তা-ই নয়, মোটা টাকা না দিলে মামলাও রেকর্ড হতো না।শহরের বাদুরতলার নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি অভিযোগ করেন, মামলা নিলেও টাকা না দিলে অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। হাজীপাড়ার এক ব্যবসায়ী জানান, তাঁর গাড়ি চুরির মামলা দিলে ওসি মামলা নেননি। বরং গাড়ি উদ্ধার করে দিতে ৫০ হাজার টাকা দাবি করেন।বগুড়া পৌরসভার মাটিডালির ফকিরপাড়ার লোকজন বগুড়া সদর থানার ওসি জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে জেলা প্রশাসক মো. ইফতেখারুল ইসলাম খান ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন। এতে তাঁরা অভিযোগ করেন, ফকিরপাড়ার কিছু জায়গাজমি নিয়ে দুই পক্ষের মধ্যে ২৫ ও ২৬ নভেম্বর মারামারি হয়। এ ঘটনায় এহছান রাব্বীর মামলা অভিযোগ হিসেবে নেওয়া হয়। অথচ প্রতিপক্ষের লোকজনের মামলা তদন্ত ছাড়াই রেকর্ড করা হয়। এর পর ওসি বাদী আবদুল মজিদের কাছে মোটা অঙ্কের টাকা নিয়ে আধা ঘণ্টার মধ্যে কাউন্সিলর হারুন অর রশীদকে গ্রেপ্তার করেন।সর্বশেষ ২১ ডিসেম্বর রাত দুইটায় বগুড়া সদর থানায় নিরাপত্তার জন্য আশ্রয় নিতে এলে দায়িত্বরত উপপরিদর্শক (এএসআই) মিজানুর রহমান আলু ব্যবসায়ী আকবর আলীর কাছ থেকে ৪২ হাজার টাকা হাতিয়ে নেন। তাঁকে ছিনতাইকারী হিসেবে আখ্যা দিলে ক্ষোভে-দুঃখে ওই ব্যবসায়ী কাচ দিয়ে গলা কেটে থানার ভেতরে আত্মহত্যার চেষ্টা করেন। এ ঘটনাটি পত্রিকায় প্রকাশিত হওয়ার পর মিজানের বিরুদ্ধে মামলা ও তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া সদর থানার ওসি জাহাঙ্গীর হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়।এর আগে ৩০ আগস্ট এএসআই মিজানুর রহমান বগুড়া শহরের আমজাদিয়া আবাসিক এলাকায় ফল ব্যবসায়ী ইকবাল হোসেনকে মারপিট ও জিম্মি করে ২২ হাজার টাকা ছিনিয়ে নেন। পরে তিনি বগুড়ার পুলিশ সুপার মো. হুমায়ুন কবিরের কাছে লিখিত অভিযোগ করেন। সহকারী পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল ঘটনাটি তদন্ত করে সত্যতা পেলেও ব্যবস্থা নেওয়া হয়নি।নামুজা এলাকাবাসী অভিযোগ করেন, সদর থানার এক উপপরিদর্শক ঈদের আগের দিন রাতে নামুজার চৌমুহনী বন্দরের একটি মার্কেটে হামলা ও ভাঙচুরের ঘটনায় দুজনকে আটক করে থানায় নিয়ে এসে রাতে মোটা টাকার বিনিময়ে ছেড়ে দেন। আরেক কর্মকর্তা ঢাকার আশুলিয়ায় মুরগির খাদ্য লুটের ওয়ারেন্টভুক্ত আসামি শামসুকে নামুজার ধর্মপুর থেকে আটকের পর টাকা নিয়ে ছেড়ে দেন। ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রওশনের বিরুদ্ধেও রয়েছে নানা অভিযোগ। যদিও তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন। দেশ কুরিয়ারের গাড়ি থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি আটক করে থানার অফিসার কোয়ার্টারে ভাগবাটোয়ারা করা হয়েছে এমন অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এ ছাড়া গত ৮ সেপ্টেম্বর রাতে উপশহর এলাকায় সাবেক পুলিশ সুপার ও মুক্তিযোদ্ধা মরহুম মোজাম্মেল হকের ছেলে ওমর ফারুককে মুঠোফোনে ডেকে নিয়ে যৌনকর্মীর সঙ্গে আপত্তিকর ছবি তুলে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় উপশহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আবদুর রশিদও উপস্থিত ছিলেন বলে থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করা হয়। বগুড়ার পুলিশ সুপার হুমায়ুন কবির বলেন, সব ক্ষেত্রে পুলিশ খারাপ কাজ করছে তা নয়। দু-একজন খারাপ করে থাকলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কারণ দু-একজনের জন্য পুরো পুলিশ বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।