অপরাধের অভিযোগে এবার জামায়াতের বিরুদ্ধে তদন্ত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তর সালে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে দল হিসেবে জামায়াতে ইসলামীর জড়িত থাকার অভিযোগের তদন্ত শুরু হয়েছে। মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা গতকাল রোববার জামায়াতের বিরুদ্ধে এ অভিযোগ নথিভুক্ত করেছে।ইতিমধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২-এর দেওয়া ছয়টি রায়ের মধ্যে পাঁচটিতেই জামায়াতকে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করা হয়েছে। গত ১৫ জুলাই জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে দেওয়া ট্রাইব্যুনাল-১-এর রায়ে জামায়াতকে ‘অপরাধী সংগঠন’ বলে উল্লেখ করা হয়। ওই রায়ের পর্যবেক্ষণে বলা হয়, মুক্তিযুদ্ধকালে গোলাম আযমের নেতৃত্বে জামায়াত অপরাধী সংগঠনের ভূমিকা পালন করেছে।জানতে চাইলে তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান প্রথম আলোকে বলেন, মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধ করার অভিযোগে সংগঠন বা দল হিসেবে জামায়াতের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করা হয়েছে। রোববার সংস্থার নথিতে এ অভিযোগ নথিভুক্ত করা হয়েছে। তদন্তের জন্য একজন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।তদন্ত সংস্থার সূত্র জানায়, জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে করা মামলার তদন্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মতিউর রহমানকে জামায়াতের বিরুদ্ধে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ প্রথম আলোকে বলেন, ট্রাইব্যুনালে অন্য আসামিদের বিরুদ্ধে যেভাবে মামলা করা হয়েছে, সেই একই পদ্ধতিতে জামায়াতের বিরুদ্ধে মামলা করা হবে। তদন্ত শেষ করে তদন্ত সংস্থা প্রতিবেদন দিলে তার ভিত্তিতে রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে। ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিলে বিচারিক কার্যক্রম শুরু হবে।চলতি বছরের ২১ জানুয়ারি মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সাবেক সদস্য (রুকন) পলাতক আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ওই রায়ের পর্যবেক্ষণে প্রথম মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জামায়াতের সংশ্লিষ্টতার বিষয়টি উঠে আসে। রায়ে ট্রাইব্যুনাল বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধের সক্রিয় বিরোধিতাকারী জামায়াতে ইসলামী, তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘ ও আধাসামরিক (প্যারামিলিটারি) বাহিনী আলবদর। মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি সেনাদের সঙ্গে জোটবদ্ধ হয়ে এসব সংগঠন নৃশংস অপরাধ করে। অথচ এসব সংগঠনের বিচার ট্রাইব্যুনাল করতে পারবেন না, কারণ আইন এখানে ‘নীরব’।গত ৫ ফেব্রুয়ারি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে দেওয়া ট্রাইব্যুনালের রায়েও একই রকম পর্যবেক্ষণ দেওয়া হয়। তবে ওই রায়ে কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হলে তরুণ সমাজ আন্দোলনে নামে। শাহবাগে গড়ে ওঠে গণজাগরণ মঞ্চ। তরুণ সমাজের দাবির মুখে ১৭ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩ সংশোধন করে অন্যান্য বিষয়ের সঙ্গে সংগঠনের বিচারের বিধান সংযুক্ত করা হয়। এরই মধ্যে দেশজুড়ে জামায়াত-শিবিরের অব্যাহত সহিংসতার পরিপ্রেক্ষিতে বিভিন্ন পক্ষ থেকে দলটির বিচারের দাবি ওঠে। এর পরিপ্রেক্ষিতে আইন সংশোধনের ছয় মাস পরে গতকাল থেকে তদন্ত শুরু হলো দলটির বিরুদ্ধে।