অপরাধের দায় গোলাম আযমের
‘যেহেতু গোলাম আযম জামায়াতের তত্কালীন আমির ছিলেন, তাঁর অনুমোদন নিয়েই এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ জন্য সব অপরাধের দায়দায়িত্ব গোলাম আযমের ওপর বর্তায়।’আজ বুধবার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এসব কথা বলেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল।জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী হিসেবে তাঁকে আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম তৃতীয় দিনের মতো জেরা করেন। গোলাম আযম কখন, কোথায় বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনা করেছিলেন—এমন প্রশ্নের জবাবে সুলতানা কামাল বলেন, ‘এ ধরনের গুপ্ত হত্যার পরিকল্পনা মানুষকে জানিয়ে হয় না। এ জন্য বলা সম্ভব নয়।’আরেক প্রশ্নের জবাবে সুলতানা কামাল বলেন, গোলাম আযম বুদ্ধিজীবী হত্যার অনুমোদন দিয়েছিলেন কি না, এমন কোনো প্রামাণ্য তথ্য তাঁর (সুলতানা কামাল) কাছে নেই। তবে সংগঠনের প্রধান হিসেবে নেতা-কর্মীদের কোনো কাজ তাঁর (গোলাম আযম) অনুমোদন ছাড়া হওয়া সম্ভব নয়। তদুপরি এমন কিছু দেখা যায় না, যাঁরা হত্যাকাণ্ড ঘটিয়েছেন তাঁদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি ব্যবস্থা নেওয়া হয়েছে। কাজেই এটা স্পস্ট যে সংগঠনের প্রধানই এ কাজের জন্য দায়ী।’ অপর এক প্রশ্নের জবাবে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক বলেন, ’৭১-এর ঘটনার পরিপ্রেক্ষিতে গোলাম আযমের বিরুদ্ধে ১৯৭২ সালে দুটি মামলা হয়েছিল। এসব মামলায় তাঁর বিরুদ্ধে মানবতাবিরেধী অপরাধের সম্পৃক্ততার অভিযোগ ছিল।’ আজ বেলা একটা পর্যন্ত তাঁকে জেরা করা হয়। কাল বৃহস্পতিবার তাঁকে আবার জেরা করা হবে। গোলাম আযম ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।