অপরাধের পরিসংখ্যান নিয়ে সংসদীয় কমিটির প্রশ্ন
পুলিশ সদর দপ্তর থেকে প্রতি মাসে সারা দেশের অপরাধের যে পরিসংখ্যান তুলে ধরা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে। কমিটির দুই সদস্য বলেছেন, প্রতি মাসে অপরাধের যে সংখ্যা ও ধরন উল্লেখ করা হচ্ছে, তা কম-বেশি কাছাকাছি। এ ধরনের পরিসংখ্যান গ্রহণযোগ্য নয়। আজ বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই প্রশ্ন তোলা হয়। বৈঠক সূত্র জানায়, এ বিষয়ে প্রশ্ন তোলেন সরকারি দলের সফিকুল ইসলাম ও জাতীয় পার্টির মুজিবুল হক। তবে এ প্রশ্নে পুলিশের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। সংসদীয় কমিটির বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, গত জুনে সারা দেশে ডাকাতি হয়েছ ৫৮টি, মে মাসে ৫৭টি এবং গত বছরের জুনে ৫১টি। একই সময়ে খুন হয়েছে যথাক্রমে ৩৫৬টি, ৩৪৪টি ও ৩৩৪টি এবং আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ ঘটেছে ১৩২, ১৩৯ ও ১৩৫টি। গবাদিপশু চুরির ঘটনা ঘটেছে ৬০টি, ৬১টি ও ৬৮টি।বৈঠক শেষে মুজিবুল হক সাংবাদিকদের বলেন, পুলিশ বিভাগ কমিটিতে যেসব তথ্য দেয়, তাতে অপরাধের খুব বেশি তারতম্য দেখা যায় না। এ ধরনের তথ্য স্বাভাবিকভাবেই প্রশ্নের জন্ম দেয়। হয় অপরাধপ্রবণতা লক্ষণীয়ভাবে কমে যাবে, না হয় বেড়ে যাবে। কিন্তু পুলিশ বিভাগ মাসের পর মাস একই ধরনের তথ্য সরবরাহ করে যাচ্ছে। মুজিবুল হক জানান, বৈঠকে পুলিশের সাদা পোশাকধারী টিমের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়। তিনি বলেন, ‘দীর্ঘদিন থেকে বিভিন্ন মহলে সাদা পোশাকধারী পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ। আমি মনে করি দেশের সব থানায় সাদা পোশাকধারী টিমের দরকার নেই।’ বৈঠকে বিভিন্ন মামলায় শত শত ব্যক্তিকে আসামি করা নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে মুজিবুল হক বলেন, ‘প্রায়ই দেখা যায় কোনো একটি ঘটনায় আসামি করা হয়েছে কয়েক হাজার লোককে। এটা কেন? প্রকৃত সন্দেহভাজনদের আসামি করা হলে তো বেশি লোককে আসামি করার দরকার হয় না। পুুলিশও তদন্তকাজটা ভালোভাবে করতে পারে। অভিযোগ উঠেছে, এ ধরনের মামলার পিছনে বাণিজ্যিক স্বার্থ রয়েছে। কমিটি এ জাতীয় কাজ বন্ধ করতে বলেছে।’কমিটির সভাপতি মোহাম্মদ ছায়েদুল হকের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মুজিবুল হক, সানজিদা খানম ও সফিকুল ইসলাম অংশ নেন। এ ছাড়াও মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার, র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান, ঢাকার পুলিশ কমিশনার বেনজির আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।