অপরাহকে জয়পুরে রাজকীয় সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টক শো উপস্থাপিকা অপরাহ উইনফ্রে এখন ভারত ঘুরছেন। ‘অপরাহস নেক্সট চ্যাপটার’ নামের নতুন একটি অনুষ্ঠানের জন্যই ভারত সফর করছেন তিনি। এরই অংশ হিসেবে ভারতের নানা জায়গা ঘুরে বেড়াচ্ছেন মার্কিন এই ‘টক শো কুইন’। আর ভারতের মাটিতে পা রাখার পর থেকেই একেক দিন একেক ধরনের অভিজ্ঞতা অর্জন করছেন। আগ্রা পরিদর্শনের পর গত শুক্রবার অপরাহ গিয়েছিলেন ভারতের জয়পুরে, সেখানকার রাজপরিবারের আমন্ত্রণে। সেদিন সন্ধ্যায় জয়পুরের সিটি প্যালেসে অপরাহর সৌজন্যে একটি নৈশভোজেরও আয়োজন করা হয়েছিল। জয়পুরের রাজকীয় সংবর্ধনায় রীতিমতো মুগ্ধ হয়েছেন তিনি।জানা গেছে, আগ্রা থেকে ধর্মীয় গুরু দীপক চোপড়ার সঙ্গে ব্যক্তিগত বিমানে চড়ে জয়পুরে পৌঁছান অপরাহ। এ সময় তাঁর পরনে ছিল ভারতের ঐতিহ্যবাহী পোশাক শাড়ি। জয়পুরের সিটি প্যালেসে পৌঁছানোর পর অপরাহকে ঘোড়ায় টানা রাজকীয় বাহনে চড়িয়ে রাজপরিবারের চন্দ্রা মহলের প্রধান ফটকে নিয়ে যাওয়া হয়। এরপর প্রথাগত নিয়মানুযায়ী তাঁকে অভ্যর্থনা জানানো হয়। চন্দ্রা মহলে অপরাহকে স্বাগত জানান রাজকুমারী দিয়া, রাজমাতা পদ্মিনী দেবী এবং কুমার নরেন্দ্র সিং।চন্দ্রা মহলের সৌন্দর্য দেখে অপরাহ বলেন, ‘আমি অভিভূত। মহলের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে।’ অন্য দিকে অপরাহ উইনফ্রে সম্পর্কে রাজকুমারী দিয়া বলেন, তাঁর মতো একজন মানুষের সঙ্গে দেখা করতে পারাটা রীতিমতো বিস্ময়ের, একই সঙ্গে আনন্দেরও। অপরাহর ভারতের ঐতিহ্যবাহী শাড়ি পরার বিষয়টি বেশ তাত্পর্যপূর্ণ।শুধু স্থাপত্য কিংবা ভারতের ঐতিহ্যগত ব্যাপারই নয়, দিয়া ও অপরাহ—দুজনের আলোচনায় ভারতের অন্যান্য বিষয়ও বেশ গুরুত্ব পেয়েছে। ভারতের মহিলা ও শিশুবিষয়ক নানা সমস্যা নিয়েও জানতে চেয়েছেন অপরাহ। আফ্রিকার মতো ভারতের জয়পুরেও শিশুদের জন্য একটি স্কুল চালু করার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন তিনি। জয়পুরের মহিলাদের নানাবিধ সমস্যা সমাধানেও নিজেকে কীভাবে সম্পৃক্ত রাখা সম্ভব, সে ব্যাপারে রাজকুমারী দিয়ার কাছে তাঁর আগ্রহের কথা প্রকাশ করেছেন অপরাহ।এদিকে অপরাহ উইনফ্রের এ ধরনের আগ্রহের কথা শুনে রাজকুমারী দিয়া বলেন, ‘অপরাহ শুধু তারকা উপস্থাপকই নন, অন্য নারীদের জন্য অনুপ্রেরণাও বটে।দুজনের মধ্যকার আলোচনার পর অপরাহ উইনফ্রে দেখা করেন রাজমাতা পদ্মিনী দেবীর সঙ্গে। সেখানে আনুষ্ঠানিক বৈঠক শেষে নৈশভোজে অংশ নেন তিনি। জয়পুরের রাজপরিবারের পক্ষ থেকে অপরাহ উইনফ্রেকে একটি শুভেচ্ছা স্মারকও উপহার দেওয়া হয়।