অপরাহস নেক্সট চ্যাপটারে এ আর রেহমান
অপরাহ উইনফ্রের অনুষ্ঠানে বচ্চন পরিবারের অংশগ্রহণের বিষয়টি সবার জানা থাকলেও ভারত সফরে এসে তিনি যে এ আর রেহমানের সঙ্গেও অনুষ্ঠানের জন্য শুটিং করেছেন, সে বিষয়টি জানা গেছে কেবল অনুষ্ঠানটি সম্প্রচারের পরই। অনুষ্ঠানটিতে অপরাহকে ভারতে স্বাগত জানাতে দেখা গেছে প্রখ্যাত সংগীতজ্ঞ এ আর রেহমানকে। কিছুদিন আগে প্রখ্যাত মার্কিন উপস্থাপিকা অপরাহ উইনফ্রে তাঁর অনুষ্ঠানের প্রয়োজনে ভারত ঘুরে গেলেন। সে সময় তাঁর সফর নিয়ে যত খবর প্রকাশিত হয়েছিল এর প্রায় অধিকাংশ খবর জুড়েই ছিল বচ্চন পরিবার ও অভিষেক-ঐশ্বরিয়ার সদ্যজাত কন্যা ‘বেটি বি’। সে সময় কিন্তু সবারই নজর এড়িয়ে গিয়েছিল এ আর রেহমানের সঙ্গে অপরাহ উইনফ্রের সাক্ষাত্ আর ‘অপরাহস নেক্সট চ্যাপটার’ অনুষ্ঠানের জন্য রেহমানের সঙ্গে অপরাহ শুটিংয়ের বিষয়টি। এক খবরে জানিয়েছে টিএনএন।গত রোববার প্রচারিত হয়েছে ‘শো কুইন’ অপরাহর সে অনুষ্ঠানটি। অনুষ্ঠানটি যারা দেখেছে তারা খানিকটা বিস্মিতই হয়েছে এ আর রেহমানকে সেখানে দেখে। অপরাহর সে অনুষ্ঠানে রেহমান শুধু স্বাগতই জানাননি তাঁকে, কথা বলেছেন সংগীত ও তাঁর বেড়ে ওঠা, সাম্প্রতিক ভিএম মিউজিক জটিলতা ও বিবিধ বিষয়ে।