উত্তরা তৃতীয় প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন
অপরিকল্পিত নগরের জন্য রাজউক দায়ী: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপরিকল্পিত ঢাকা নগরের জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অতীত অসাবধানতাকে দায়ী করেছেন। তিনি বলেন, কোনো পরিকল্পনা ছাড়াই ভবন নির্মাণের অনুমতি দিয়েছে রাজউক, যা ঢাকা নগরকে শোচনীয় অবস্থার মধ্যে ফেলে দিয়েছে।গতকাল বুধবার উত্তরা তৃতীয় প্রকল্পে নিম্ন ও মধ্য-আয়ের মানুষের জন্য বহুতল আবাসিক ভবন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, রাজউক পানি, গ্যাস, পয়োনিষ্কাশন ও বিদ্যুতের মতো নাগরিক পরিষেবার অবস্থা বিবেচনা না করে বহুতল ভবন নির্মাণের অনুমতি দিয়েছে।প্রধানমন্ত্রী বলেন, অতীতে যেখানে একটি পরিবার বসবাস করত, এখন সেখানে ৩৫টি পরিবার বসবাস করছে। অথচ রাজউক সুউচ্চ ভবন নির্মাণের অনুমতি দেওয়ার সময় নাগরিক পরিষেবার ক্ষমতা বিবেচনা করেনি। তিনি ভবিষ্যতে নাগরিক পরিষেবা নিশ্চিত করে ভবন নির্মাণের অনুমতি দিতে রাজউকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।পরিবেশ রক্ষা ও রাজধানীকে একটি বসবাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে গুলশান ও বনানী লেকসহ অন্যান্য লেক ও মুক্ত জলাশয় দখলদারদের হাত থেকে উদ্ধারের লক্ষ্যে কঠোর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।শেখ হাসিনা বলেন, ‘নগরের বিদ্যমান পরিবেশের উন্নয়নের জন্য আমরা ইতিমধ্যে ধানমন্ডি লেকের মতো গুলশান ও বনানী লেকের উন্নয়নে পদক্ষেপ নিয়েছি।’অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান ও রাজউক চেয়ারম্যান মো. নুরুল হুদা বক্তৃতা করেন।এ প্রকল্পে ২১৪ দশমিক ৪৪ একর জমিতে ২৬০টি বহুতল ভবনে ২২ হাজার ৫১২টি ফ্ল্যাট নির্মাণ করা হবে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে আট হাজার ৬২৫ দশমিক ৭৯ কোটি টাকা। ২০১৫ সালের মধ্যে এর কাজ শেষ হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজউকের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণের ফলে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের মধ্যে ফ্ল্যাট ও প্লট বরাদ্দ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।উত্ফুল্ল শ্রোতাদের তুমুল করতালির মধ্যে প্রধানমন্ত্রী রাজউক চেয়ারম্যানকে বলেন, ‘আপনারা আপনাদের প্রকল্পের জন্য তাঁদের জমি অধিগ্রহণ করেছেন। এখন আপনাদেরই দায়িত্ব ক্ষতিগ্রস্ত লোকজনকে ক্ষতিপূরণ বাবদ ফ্ল্যাট ও প্লট বরাদ্দ দেওয়া।’চাঁদপুরে বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর ২৫ এপ্রিল: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ এপ্রিল চাঁদপুরে ১৫০ মেগাওয়াটের কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রের (গ্যাস-তাপবিদ্যুৎকেন্দ্র) ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ ছাড়া তিনি ওই দিন জেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণের জন্য গত ১০ ফেব্রুয়ারি চীনা কোম্পানি চায়না চেংদা ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।