অপরিকল্পিত নির্মাণের কারণে আবাদি জমি নষ্ট হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অপরিকল্পিতভাবে বাড়িঘর, সড়ক ও বিভিন্ন স্থাপনা নির্মাণের কারণে প্রতিবছর প্রায় এক লাখ হেক্টর আবাদি জমি নষ্ট হচ্ছে। ফলে এ ব্যাপারে আমাদের জরুরি পরিকল্পনা নিতে হবে। আমাদের সুপরিকল্পিতভাবে নগরায়ণের পাশাপাশি পরিকল্পিতভাবে গ্রামের উন্নয়নের জন্য মানুষকে উত্সাহিত করতে হবে।আজ রোববার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অব বাংলাদেশ (আইডিইবি) ভবনে প্রতিষ্ঠানটির উপজেলা নেতাদের সঙ্গে প্রথম সম্মেলন ও জাতীয় কাউন্সিলের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আইডিবি ভবনে ‘গ্রাম বাংলায় প্রযুক্তি—গণমানুষের অর্থনৈতিক মুক্তি’ প্রতিপাদ্যে ওই কাউন্সিল পালিত হচ্ছে। খবর বাসসের। শেখ হাসিনা সরকারি অর্থসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘সরকারি সম্পদের যথাযথ ব্যবহার ও কাজের গুণগত মান আপনাদের দক্ষতা ও সততার ওপর নির্ভর করে।’ প্রধানমন্ত্রী বলেন, দক্ষ জনশক্তি ছাড়া পৃথিবীতে আর কোনো সম্পদ আছে বলে তিনি মনে করেন না। তিনি বলেন, ‘এ লক্ষ্যে দেশের বিপুল জনগোষ্ঠীকে মানবসম্পদে রূপান্তর করতে সরকার বিজ্ঞান, প্রযুক্তি ও কারিগরি শিক্ষার ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে।’আইডিবির সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক এম শামসুর রহমান বক্তব্য দেন। এর আগে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে সম্মেলন উদ্বোধন ও আইডিবি ভবনের বর্ধিতাংশের উদ্বোধন করেন।