অপরিচ্ছন্ন বিয়ানীবাজার শহর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুদ্র ব্যবসায়ী আউলিয়া সবার কাছে ‘আউলিয়া ভাই’ নামে পরিচিত। পোস্ট অফিস মোড়ে ছিল তাঁর ছোট টং দোকান, উচ্ছেদ অভিযানের ফলে টং দোকানটি হারিয়ে এখন রাস্তার ধারে টুল-টেবিল নিয়ে বসেন বাঁচার তাগিদে। দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, ‘দোকানদারি করিয়া বউ-বাইচ্চা লইয়া কোনো রকমে খাইয়া-পিন্দিয়া আছলাম, এখন পথে নামি গেছি, কিতা করমু বাঁচা তো লাগব।’ ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার কর্তৃক পরিচালিত উচ্ছেদ অভিযানের পর সঙ্গে সঙ্গে ব্যবস্থা না নেওয়ায় অপরিচ্ছন্ন ও নোংরা শহরে পরিণত হয়েছে বিয়ানীবাজার পৌরশহর। ফলে উচ্ছেদ অভিযানের কোনো সুফলই পেল না বিয়ানীবাজারবাসী। আবারও দখল: উচ্ছেদ অভিযানের ফলে উত্তর বাজার মসজিদের সামনে থেকে কলেজ রোড মোড় পর্যন্ত সব অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার থাকা অবস্থায়ই আবারও শুরু হয়ে যায় দখলের মহড়া। রাস্তার পাশে কাঁচা ঘর তৈরি করে পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। এলোপাতাড়িভাবে যার যেখানে ইচ্ছা ঘর তৈরি করার ফলে অপরিচ্ছন্ন ও নোংরা শহরে পরিণত হয়েছে বিয়ানীবাজার।গাড়ি থাকে রাস্তায়: বাসস্ট্যান্ড না থাকায় বাস-মিনিবাস, টেম্পো অটোরিকশা সব কিছুই থাকে রাস্তায়। এত দিন বিয়ানীবাজার-ঢাকা রোটে বাস চলাচল করত মাত্র একটি কিন্তু বর্তমানে এই রুটে পাঁচটি কোম্পানির প্রায় ২০টি বাস চলাচল করে। কিন্তু নির্ধারিত স্ট্যান্ড না থাকায় বিশালাকার এসব গাড়ি রাখা হয় রাস্তর পাশে। সরেজমিনে দেখা যায়, উত্তর বাজার ও দক্ষিণ বাজারে সিলেট ও ঢাকাগামী বাস-মিনিবাস ও মাইক্রোবাসগুলো রাস্তার পাশে অবস্থান করছে আর কলেজ রোডে রাস্তার ওপরই গড়ে উঠেছে মিনিবাস ও অটোরিকশা স্ট্যান্ড। বাসস্ট্যান্ডের সভাপতি বলেন: যেখানে যেতে বলা হবে আমরা সেখানেই যাব, তবে স্ট্যান্ডের জন্য একটি অফিস, বাস-মিনিবাসের জন্য আলাদা দুটি কাউন্টার, যাত্রীছাউনি, লাইট, গাড়ির নিরাপত্তা সুবিধাসহ একটি স্ট্যান্ডে যা যা থাকে সেসব সুবিধা দিতে হবে। আমাদের লাখ লাখ টাকার গাড়ি আমরা যেখানে-সেখানে রাখতে পারব না।পৌর প্রশাসক বলেন: পৌর শহরের প্রধান সড়ক ও দুই পাশের ভূমি সড়ক ও জনপথ বিভাগের সম্পত্তি তাই রাস্তার পাশের অবৈধ কাঁচাঘর উচ্ছেদ বা দখলমুক্ত করার দায়িত্ব পৌরসভার নয়। তবে শহরের যানজট নিরসনের লক্ষ্যে বাসস্ট্যান্ড শহরের বাইরে নেওয়ার ব্যবস্থা করেছিলাম কিন্তু প্রয়োজনীয় সহযোগিতা না পাওয়ায় বাস্তবায়ন হয়নি। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বলেন: বিয়ানীবাজারে ৩ দশমিক ৩ কিলোমিটার রাস্তা সম্প্রসারণসহ রোড ডিভাইডার স্থাপনের লক্ষ্যে ইতিমধ্যেই একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। গত ১ জানুয়ারি পিআইসি মিটিংয়ে প্রকল্পটি পাস হয়েছে।