অপরিণত অবস্থায় জন্ম নেয় দেড় কোটি শিশু
বিশ্বে প্রতিবছর দেড় কোটি শিশু অপরিণত অবস্থায় জন্ম নেয়। গড়ে প্রতি ১০টি শিশুর মধ্যে একটিরও বেশি শিশু অপরিণত জন্মে। এই প্রথম দেশে দেশে চালানো সমীক্ষায় এ পরিসংখ্যান পাওয়া যায়, যে সমস্যা আগের ধারণার চেয়ে আরও প্রকট হয়ে উঠেছে। গত বুধবার এ সমীক্ষা-বিষয়ক প্রতিবেদন প্রকাশিত হয়।মার্চ অব ডাইমস, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক স্বাস্থ্যবিশেষজ্ঞরা যৌথভাবে এ সমীক্ষা চালান। ডন অনলাইন সূত্রে এ কথা জানা যায়।আশঙ্কার বিষয় হলো, এ বিপুলসংখ্যক নবজাতকের মধ্যে ১১ লাখ মারা যায় জন্মের পরপরই। অন্যরা বেঁচে থাকলেও জীবনভর দুর্ভোগ পোহায় বিভিন্ন শারীরিক সমস্যায়। প্রতিবেদনে বলা হয়, অপরিণত শিশুদের বেশির ভাগই আফ্রিকা ও এশিয়া মহাদেশের। যুক্তরাষ্ট্রও বাদ নেই। সে দেশে পাঁচ লাখ শিশু অপরিণত অবস্থায় জন্মে।দেশটি ইউরোপের বিভিন্ন দেশ, কানাডা, অস্ট্রেলিয়া বা জাপান—এমনকি স্বল্পোন্নত কয়েকটি দেশের চেয়েও অপরিণত শিশু জন্মদানের ক্ষেত্রে বাজে অবস্থায় রয়েছে। দেশটির প্রতি আটটি শিশুর মধ্যে একটি অপরিণত। তবে গবেষকদের মতে, এ ক্ষেত্রে ধনী ও গরিব রাষ্ট্রগুলোর মধ্যে মূল পার্থক্য হলো শিশুদের বেঁচে থাকার বিষয়টি ।এ বিষয়ে সেভ দ্য চিলড্রেনের অন্যতম নির্বাহী ড. জয় লন বলেন, ‘শিশুর যথাসময়ের বেশি আগে জন্ম নেওয়ার ঘটনা হচ্ছে অস্বীকৃত খুনি।’তবে যথাযথ ও ব্যয়বহুল বিশেষ পরিচর্যা ব্যবস্থার মাধ্যমে অধিকাংশ অপরিণত শিশুকে বাঁচানো যায়। আফ্রিকায় জন্মগ্রহণকারী শিশুরা ইউরোপে জন্মগ্রহণকারী শিশুদের চেয়ে ১২ গুণ বেশি মৃত্যু ঝুঁকিতে থাকে। প্রতিবেদনটির সূচনায় জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেন, এ ধরনের বিষয়গুলো (শিশু মৃত্যুর কারণ) বিবেচনায় রেখে অতিদ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। তিন-চতুর্থাংশ শিশুর মৃত্যু প্রতিরোধ করা যায় শিশুদের মৃত্যু রোধে তৃতীয় বিশ্বের দেশগুলোতে বেশ কিছু সহজ, স্বল্পব্যয়ের চিকিত্সা ব্যবস্থা প্রবর্তন করা উচিত। গবেষক দলের অন্যতম হউসন বলেন, শিশুর জন্মদানের আগে মাকে নিশ্চিত হতে হবে যে তাঁরা প্রসূতি হওয়ার আগে যথেষ্ট স্বাস্থ্যবান ছিলেন।বিজ্ঞানীরা অপরিণত জন্মগ্রহণের সঠিক কারণ খুঁজে পাওয়া পাননি। তবে তাঁরা সাধারণ কিছু বিষয় খুঁজে বের করেছেন, যা শিশুর মৃত্যুর মূল কারণ হতে পারে। এগুলোর মধ্যে রয়েছে প্রসূতির ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, বিভিন্ন সংক্রমণ ও ধূমপান। দুই বছরের কম সময়ে পুনরায় প্রসূতি হওয়া, ১৭ বছরের আগে ও ৪০ বছরের পরে শিশুর জন্ম দেওয়া—এসব কারণেও শিশু অপরিণত অবস্থায় জন্ম নিতে পারে।