ব্রাহ্মণবাড়িয়ার টর্নেডো-দুর্গত এলাকার অনেকেই গতকাল রোববারও খালি হাতে ফিরে গেছেন। সরকারি ত্রাণ-তৎপরতা অপর্যাপ্ত হওয়ায় অনেকে ত্রাণ পাননি বলে অভিযোগ উঠেছে। সামাজিক উদ্যোগে কেউ কেউ ত্রাণ দিলেও প্রয়োজনের তুলনায় তা অনেক কম। এ ছাড়া উদ্ধারকাজ চলছে ধীরগতিতে।গত শুক্রবার ভয়াবহ টর্নেডোর আঘাতে ব্রাহ্মণবাড়িয়ার তিনটি উপজেলার ১৫টি গ্রাম লন্ডভন্ড হয়ে যায়। এতে মোট নিহত ব্যক্তির সংখ্যা ৩১-এ দাঁড়িয়েছে। গতকাল দুর্গত এলাকা ঘুরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চোখে পড়ে। সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের জারুলতলা গ্রামে গিয়ে দেখা যায়, বেশির ভাগ বাড়িই বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। ধ্বংসস্তূপের পাশে দুর্গত মানুষ পলিথিন ও বিছানার চাদর টানিয়ে কোনো রকমে মাথা গোঁজার ঠাঁই করে নিয়েছেন। স্থানীয় বাসিন্দা আবদুল বারী ভূঁইয়া অভিযোগ করেন, তাঁদের বাড়ির কেউই ঘর বানানোর জন্য সরকারি সহায়তা পাননি। গৃহবধূ সালেহা খাতুন বলেন, ‘আমার ছেলে ত্রাণকেন্দ্রে গেছিল চাল আনতে। গিয়ে পায়নি।’ তবে সালেহা স্বীকার করেন, গত শনিবার ত্রাণকেন্দ্র থেকে চাল পেয়েছেন তিনি।সদর উপজেলার পাইকপাড়া গ্রামের আবদুস শহীদ মোল্লা, দুবলা গ্রামের নান্নু চৌধুরীর স্ত্রী লায়লা আকতার, নজরুল মিয়ার স্ত্রী হাসনা আক্তার এবং ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের স্থানীয় ব্যবস্থাপক হাবিবুর রহমান অভিযোগ করেন, গতকাল পর্যন্ত তাঁরা কোনো ধরনের সহায়তা পাননি। কেউ তাঁদের খোঁজও করেনি।স্থানীয় কয়েকজন অভিযোগ করেন, ত্রাণ বা উদ্ধারের যে কার্যক্রম চলছে, তা লোক দেখানো। টর্নেডো আঘাত হানার দুদিন পেরিয়ে গেলেও দুর্গত সবার কাছে সরকারি সহায়তা পৌঁছায়নি। ত্রাণ বিতরণের চেয়ে ফটোসেশনে ব্যস্ত সময় পার করছেন অনেকে।তবে ত্রাণের অপর্যাপ্ততার বিষয়টি নাকচ করে দেন স্থানীয় সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির। তিনি জানান, পর্যাপ্ত ত্রাণ রয়েছে। তবে কোথাও কোথাও ত্রাণসামগ্রী পৌঁছাতে হয়তো দেরি হচ্ছে।গতকাল এক তথ্য বিবরণীতে জানানো হয়, টর্নেডো-দুর্গত মানুষের মধ্যে নয় লাখ টাকা, ১২ হাজার মেট্রিক টন চাল ও ঢেউটিন বিতরণ করেছে সরকার।নিহতের সংখ্যা বেড়ে ৩১: টর্নেডোর আঘাতে আহত সদর উপজেলার চিনাইর গ্রামের মো. শুভ (১২) গতকাল কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার জানান, নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৩১-এ দাঁড়িয়েছে। বিভিন্ন এলাকা থেকে পাওয়া তথ্য সমন্বয় করে এ সংখ্যা পাওয়া গেছে। উদ্ধারকাজে ধীরগতি: বাসুদেব ইউনিয়নের পাইকপাড়া গ্রামে গিয়ে দেখা গেল, কয়েকজন উদ্ধারকর্মী উড়ে আসা একটি বাড়ির ছাদ সরানোর চেষ্টা করছেন। তাঁদের ধারণা, ওই ছাদের নিচে লাশ থাকতে পারে।তবে স্থানীয় অনেকে অভিযোগ করেন, উদ্ধারকাজ খুব ধীরগতিতে চলছে। বিভিন্ন জায়গায় ধ্বংসস্তূপ পড়ে থাকলেও তা সরানো হচ্ছে না। কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শাহাব উদ্দিন মজুমদার প্রথম আলোকে জানান, দুর্গত এলাকায় তাঁদের ৫০ সদস্যের একটি দল দিন-রাত কাজ করছে।দুর্গত এলাকায় এরশাদ: গতকাল দুর্গত এলাকা পরিদর্শন করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। পরে বিকেল পর্যন্ত তিনি দুর্গত এলাকা চান্দি ও জারুলতলা পরিদর্শন এবং ত্রাণ বিতরণ করেন। তিনি দুর্গত মানুষকে দুটি করে ঘর নির্মাণ করে দিতে সরকারের প্রতি দাবি জানান।প্রধানমন্ত্রী যাচ্ছেন আজ: দুর্গত এলাকা দেখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার ব্রাহ্মণবাড়িয়ায় আসছেন। কয়েকটি দুর্গত এলাকা তাঁর ঘুরে দেখার কথা রয়েছে।