অপশক্তির বিরুদ্ধে জাহানারা ইমামের ভূমিকা অপরিসীম: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও প্রেরণার পুনর্জাগরণ এবং সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে জনমত গঠনে জাহানারা ইমামের ভূমিকা ছিল অপরিসীম। তিনি বলেন, ‘তাঁর লেখা “একাত্তরের দিনগুলি” আমাদের স্বাধীনতার ইতিহাসের এক মর্মস্পর্শী দলিল।’আগামীকাল বুধবার শহীদ জননী জাহানারা ইমামের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ এক বাণীতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। খবর বাসসের।শেখ হাসিনা বলেন, ১৯৯২ সালে জাহানারা ইমামের নেতৃত্বে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলন দেশে মুক্তিযুদ্ধের চেতনার বিকাশ ঘটায়। যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে জমে থাকা দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও ঘৃণার বহিঃপ্রকাশ ঘটে তাঁর স্বতঃস্ফূর্ত গণ-আন্দোলনের মধ্য দিয়ে। তিনি বলেন, দেশে যুদ্ধাপরাধীদের বিচারের রায় দেওয়া শুরু হয়েছে। মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচারকাজ সম্পন্ন করার মাধ্যমেই শহীদ জননী জাহানারা ইমামের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হবে।প্রধানমন্ত্রী তাঁর বাণীতে জাহানারা ইমামের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।