উত্ত্যক্তকারীর ৬০ বছরের সাজা
অপহরণ ও ধর্ষণ মামলায় ৪ সহোদরসহ পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড
বাগেরহাটে এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় আদালত চার সহোদরসহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। বাগেরহাটের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মো. আবুল বাশার মুন্সি গতকাল বুধবার বিকেলে এ আদেশ দেন। দণ্ড পাওয়া ব্যক্তিরা এ সময় আদালতে উপস্থিত ছিলেন। বিচারক রায়ে বলেন, অভিযুক্ত ব্যক্তিদের কারাবাস শুরুর সময় থেকে সাজার মেয়াদ কার্যকর হবে। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সানকিভাঙ্গা গ্রামের মৃত হিংগুল উদ্দিন তালুকদারের চার ছেলে আবদুল হালিম তালুকদার, আলম তালুকদার, হেমায়েত তালুকদার ও আদম আলী তালুকদার এবং একই গ্রামের মৃত আহমঞ্চদ হাওলাদারের ছেলে নজিবর রহমান হাওলাদার। আসামিদের মধ্যে হালিম হাওলাদারকে আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনের পৃথক দুটি ধারায় দোষী সাব্যস্ত করে দুই দফা যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। আদালত একই সঙ্গে এই পাঁচজনের প্রত্যেককে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, দণ্ড পাওয়া ব্যক্তি আবদুল হালিম তালুকদার স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে হয়রানি করতেন। ১৯৯৯ সালের ৩১ অক্টোবর মেয়েটি প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে আবদুল হালিমসহ অপর দণ্ড পাওয়া ব্যক্তিরা তাকে অপহরণ করে নিয়ে যান। প্রায় আড়াই মাস মেয়েটিকে আটকে রেখে ধর্ষণ করা হয়। মেয়ের পরিবার ঘটনাটি পুলিশকে জানালে ২০০০ সালের ১৯ জানুয়ারি পুলিশ মেয়েটিকে উদ্ধার করে। এ ঘটনায় মেয়ের বাবা আবদুল হালিমসহ এই পাঁচজনকে আসামি করে ১৯৯৫ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে মোরেলগঞ্জ থানায় একটি মামলা করেন। সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল বিকেলে আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইন ১৯৯৫-এর ৯ (খ) (গ) ও ৬ (১) ধারার অধীনে আবদুল হালিমকে দুই দফা যাবজ্জীবন কারাদণ্ড (৬০ বছরের) এবং অপর চার অভিযুক্ত ব্যক্তিকে একই আইনের ৬(১), ৯(খ)(গ) ও ১৪ ধারার অধীনে যাবজ্জীবন কারাদণ্ডের (৩০ বছর) আদেশ দেন। আসামিপক্ষে আইনজীবী ছিলেন শাহ ই আলম বাচ্চু এবং রাষ্ট্রপক্ষে ছিলেন সরকারি কৌঁসুলি (পিপি.) সিদ্দিকুর রহমান খান।