অপহরণকারীর বাড়িতে আগুন, দুজনকে পুলিশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের দক্ষিণ সুরমায় মোজাম্মেল হোসেন নাইম (১১) নামের এক কিন্ডারগার্টেনের ছাত্রকে অপহরণ করে নৃশংসভাবে খুন করা হয়েছে। গত রোববার মধ্যরাতে অপহূত স্কুলছাত্রের বস্তাবন্দী লাশ দেখে গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে দুই অপহরণকারীর বাড়িতে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অপহরণকারী দুজনকে গ্রেপ্তার করে। তাঁরা হচ্ছেন তেতলি গ্রামের মৃত আফতাব আলীর ছেলে ইসমাইল (২০) ও ইসহাক মিয়ার ছেলে মিটন (১৯)। এ দুজন নাইমের বাবার আত্মীয়। ইসমাইল সম্পর্কে নাইমের বাবার ভাগনে ও মিটন ভাতিজা হন। এ ঘটনাটি ঘটেছে দক্ষিণ সুরমার পুরান তেতলি গ্রামে।পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, পুরান তেতলি গ্রামের ব্যবসায়ী আবদুল হকের ছেলে নাইম বলদি লিটল স্টার কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণীর ছাত্র। সে ১৪ আগস্ট তারাবির নামাজের সময় জামে মসজিদের সামনে থেকে নিখোঁজ হলে পরদিন দক্ষিণ সুরমা থানায় একটি অপহরণের মামলা করা হয়। এক সপ্তায়ও নাইমের কোনো খোঁজ না পেয়ে গ্রামবাসী নাইমেরই আত্মীয় দুই যুবককে সন্দেহ করেন। বিষয়টি পুলিশকে অবহিত করার পরও ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ গ্রামবাসী গত রোববার রাতে সন্দেহভাজন ওই দুই যুবককে আটক করে নাইমকে উদ্ধারের চেষ্টা করে। একপর্যায়ে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী গ্রামেরই একটি পরিত্যক্ত বাড়িতে নাইমের বস্তাবন্দী লাশ পাওয়া যায়। দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল বারেক লাশের সুরতহাল প্রতিবেদনের বরাত দিয়ে প্রথম আলোকে বলেন, নাইমের মরদেহ গলিত অবস্থায় থাকলেও গলায় দাগ পাওয়া গেছে। এদিকে পুলিশকে অবহিত করার পরও অপহরণকারীকে আটক ও অপহূত স্কুলছাত্রকে উদ্ধারে এগিয়ে না আসায় তেতলি গ্রামবাসী পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে উঠেছে। এ অবস্থায় তেতলি গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু শামা মো. ইকবাল হায়াত জানান।