অপহরণের অভিযোগে ছাত্রলীগের ৬ নেতা-কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) রাজশাহীর চারঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি ও চারঘাট পৌরসভার কাউন্সিলরসহ ছয়জনকে আজ বুধবার বিকেলে আটক করেছে। দুই লাখ টাকা মুক্তিপণ দাবিতে ব্যবসায়ী হাসান আলীকে অপহরণের অভিযোগে তাঁদের আটক করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন চারঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি একরামুল হক (৩৮), চারঘাট পৌর কাউন্সিলর বুলবুল আহম্মেদ (২৯), তাঁর ভাই টিটন হোসেন (১৯), তাঁদের সহযোগী মতিউর রহমান (২১), জাহাঙ্গীর আলম (২৮) ও মাসুদ রানা (২২)। তাঁদের সবার বাড়ি চারঘাট উপজেলার মেরামতপুর গ্রামে। অপহূত হাসানের বাবার অভিযোগ সূত্রে জানা গেছে, হাসান আলী বাবার সঙ্গে আমের ব্যবসা দেখাশোনা করেন। তাঁর বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার বিনোদপুর গ্রামে। আটক ছাত্রলীগের নেতারা তাঁর পূর্বপরিচিত। গতকাল মঙ্গলবার বিকেলে আসামিরা বাঘায় যাওয়ার নাম করে হাসান আলীকে মোটরসাইকেলে করে চারঘাটে নিয়ে যান। তাঁরা তাঁকে চারঘাটের পৌর কাউন্সিলর বুলবুলের বাড়িতে আটকে রাখেন। পরে মুঠোফোনে তাঁর বাবার কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এরই এক ফাঁকে হাসানকে অন্য আরেকটি বাড়িতে স্থানান্তর করা হয়। হাসানের বাবা বিষয়টি র‌্যাবের রাজশাহী রেলওয়ে কলোনি ক্যাম্পে অভিযোগ করেন। বিকেল পাঁচটার দিকে র‌্যাব চারঘাটে অভিযান চালিয়ে ছাত্রলীগের নেতাসহ ছয়জনকে গ্রেপ্তার করে।র‌্যাবের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এইচ এম আনোয়ার আলী প্রথম আলো ডটকমকে বলেন, অভিযোগ পাওয়ার পর র‌্যাব অভিযান চালিয়ে হাসান আলীকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে। আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।এদিকে ছাত্রলীগের সভাপতিকে গ্রেপ্তারের প্রতিবাদে বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে নেতা-কর্মীরা টায়ার জ্বালিয়ে চারঘাট-রাজশাহী সড়ক অবরোধ করেন।