অপহরণের ছয় দিন পর বিএনপি নেতার লাশ উদ্ধার
নরসিংদীর বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনের (৩২) অপহরণের ছয় দিন পর তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ।আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়ন পরিষদের এক কিলোমিটার অদূরের একটি জলাশয় থেকে বস্তাবন্দী অবস্থায় তাঁর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানায়, গত শনিবার রাত ১১টায় স্থানীয় কাঞ্চন মিয়ার বাড়ি থেকে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাঁকে অপহরণ করে। এ ব্যাপারে বুধবার নিহতের ভাই বাদী হয়ে সাতজনকে আসামি করে বেলাব থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, নাজিম উদ্দিন নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে অপহরণ মামলা করা হয়। এরপর পুলিশ নাজিম উদ্দিনকে উদ্ধারের চেষ্টা চালিয়ে আসছিল। আজ দুপুরে বস্তাবন্দী অবস্থায় নাজিম উদ্দিনের লাশ উদ্ধার করে থানায় আনা হয়।