অপহরণের দেড় মাস পর লাশ হয়ে ফিরল স্কুলছাত্র
গোপালগঞ্জের কাশিয়ানীতে অপহরণের এক মাস ১৭ দিন পর স্কুলছাত্র মাহফুজুর রহমানের (৮) লাশ পাওয়া গেছে। আজ মঙ্গলবার ভোরে উপজেলার বরাশুর গ্রামে তার বাড়ির সামনে লাশটি পাওয়া যায়।কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল মান্নান জানান, গত ৫ জুলাই সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মাহফুজুর বাড়ির পাশে মসজিদে এশার নামাজ পড়তে যাওয়ার জন্য বের হয়। এ সময় তাকে অপহরণ করে একটি চক্র। এরপর অপহরণকারীরা মাহফুজুরের পরিবারের কাছে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।আজ ভোরে নিজের বাড়ির সামনে মাহফুজুরের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। মাহফুজুরের গলায় ফাঁস ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে।আবদুল মান্নান জানান, এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে।মাহফুজুরের বাবা রেজাউল ইসলাম ইতালিতে থাকেন। ছেলেকে অপহরণের খবর পেয়ে তিনি সম্প্রতি দেশে ফিরে এসেছেন।রেজাউল ইসলাম অভিযোগ করেন, পুলিশের গাফিলতির কারণে তাঁর ছেলেকে লাশ হতে হলো। সন্দেহভাজন অপহরণকারীদের সম্পর্কে তথ্য দেওয়া হলেও পুলিশ তাদের গ্রেপ্তার করেনি।এ বিষয়ে ওসি বলেন, মামলার পর থেকে এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ কাজ করে যাচ্ছিল। এর মধ্যেই এ মর্মান্তিক ঘটনা ঘটল।মাহফুজুর কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া কিন্ডার গার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। অহরণের পর তার স্কুলের শিক্ষক ও সহপাঠীরা তাকে উদ্ধারের জন্য মানববন্ধনসহ একাধিক কর্মসূচি পালন করে।