অপহরণের পর পাঁচ বছরের শিশু হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল রোববারই গ্রামের বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তি হওয়ার কথা ছিল রিমনের। এর আগেই অপহরণকারীদের হাতে জীবনপ্রদীপ নিভে গেল পাঁচ বছর বয়সী এই শিশুর। গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চৈথট্ট গ্রামের একটি জলাশয়ে ভাসমান অবস্থায় রিমনের বস্তাবন্দী লাশ পাওয়া যায়।রিমন চৈথট্ট গ্রামের পোস্টমাস্টার আবদুস সালামের ছেলে। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে ঘাটাইল থানায় অপহরণ ও হত্যার অভিযোগে মামলা করেছেন আবদুস সালাম। মামলার আসামিরা হলেন সালামের প্রতিবেশী নূরজাহান বেগম (৩০), তাঁর ছেলে ইয়াকুব ও হুমায়ুন এবং প্রতিবেশী দুলাল ও জিয়াউল। পুলিশ আসামি নূরজাহানকে গ্রেপ্তার করেছে।আবদুস সালাম জানান, ৮ জানুয়ারি বিকেলে রিমন বাড়ি থেকে অপহূত হয়। ওই দিনই ঘাটাইল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এর এক সপ্তাহ পর থেকে অপহরণকারীরা বিভিন্ন মুঠোফোন থেকে তাঁর কাছে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তবে একাধিকবার টাকা নিয়ে গিয়েও তিনি অপহরণকারীদের নির্দিষ্ট জায়গায় খুঁজে পাননি। সর্বশেষ গতকাল সকালে অপহরণকারীরা তাঁকে ফোন করে জানায়, আগামীকাল (আজ সোমবার) সকালে তিনি যেন চার লাখ টাকা নিয়ে স্থানীয় পোড়াবাড়ী বাসস্ট্যান্ডে অপেক্ষা করেন।ইতিমধ্যে সালাম টাকা জোগাড় করে পোড়াবাড়ী যাওয়ার প্রস্তুতি নেন। এরই মধ্যে গতকাল বিকেলে গ্রামের জলাশয়ে রিমনের বস্তাবন্দী লাশ পাওয়া যায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।সালাম বলেন, চৈথট্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল রিমনকে ভর্তি করানোর কথা ছিল। রিমনের মা রহিমা বেগম এখনো ছেলের মৃত্যুর সংবাদ জানেন না। ছেলের খোঁজে তিনি আত্মীয়ের বাড়িতে গেছেন।সালাম অভিযোগ করেন, আটক নূরজাহান বেগমের ছেলে হুমায়ুন ও ইয়াকুবের সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁর জমি নিয়ে বিরোধ চলছে। নূরজাহান ও তাঁর ছেলেরা রিমনকে হত্যা করেছেন।ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুর রহমান বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। রিমনকে অপহরণের পর র‌্যাবের সদস্যরা অপহরণকারীদের মুঠোফোন ট্র্যাকিং করে জানতে পেরেছিলেন, তারা চৈথট্ট গ্রামেই অবস্থান করছে। কিন্তু অভিযান চালিয়েও অপহরণকারীদের ধরা যায়নি।ওসি জানান, রিমন হত্যা মামলার আসামি নূরজাহানকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার পর থেকে নূরজাহানের দুই ছেলে পলাতক।