অপহরণের পর পুলিশ কর্মকর্তা খুন
ঝিনাইদহের ডাকবাংলো পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) মিরাজুল ইসলামকে (৪৫) অপহরণের পর শ্বাসরোধে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল বুধবার সকালে ঝিনাইদহ ভেটেরিনারি কলেজের পাশে আঠারোমাইল নামক স্থানে একটি ধানখেতের পাশে কলাগাছের সঙ্গে বাঁধা অবস্থায় মিরাজুলের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইমরান আলী, রাব্বি ও আবু তালেব নামের তিনজনকে আটক করেছে পুলিশ।মিরাজুল কুষ্টিয়ার খোকশা উপজেলার বিহারিয়া শেখপাড়া গ্রামের প্রয়াত আজাহার আলীর ছেলে। মিরাজুলের স্ত্রী ও দুই শিশু ছেলে রয়েছে।মিরাজুলের সহকর্মী ডাকবাংলো পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আক্তার হোসেন বলেন, ঝিনাইদহ থানায় করা দুটি মামলার বাদী ও সাক্ষীদের অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে হাজির করতে মিরাজুল মঙ্গলবার সকালে বের হন। এরপর ঝিনাইদহ শহরে বিভিন্ন কাজ শেষে রাত নয়টার দিকে ডাকবাংলো ক্যাম্পের উদ্দেশে রওনা দেন। আক্তার হোসেন বলেন, তারা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের কাছে পৌঁছানোর পর সেখানে ওত পেতে থাকা সন্ত্রাসীরা মিরাজুলকে অপহরণ করে। রাত ১০টার দিকে ঘটনাস্থল থেকে একটু দূরে ঝিনাইদহ মোটর মালিক সমিতির কার্যালয়ের সামনে থেকে মিরাজুলের ব্যবহূত মোটরসাইকেল, হেলমেট ও পুলিশ টুপি উদ্ধার করা হয়। কিন্তু অনেক খোঁজ করেও মিরাজুলকে পাওয়া যায়নি।ওই সময় মোটরসাইকেলের কাছ থেকে ওই তিনজনকে আটক করা হয়।গতকাল সকাল নয়টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের আঠারো মাইল নামক স্থানে একটি ধানখেতের পাশে কলাগাছের সঙ্গে বাঁধা অবস্থায় মিরাজুলের লাশ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। ওই সময় মিরাজুলের ব্যবহূত পিস্তল, ১৪টি গুলি ও মামলার কিছু কাগজপত্র পাওয়া যায়নি।এএসআই আক্তার বলেন, ধারণা করা হচ্ছে মিরাজুলের হাত-পা ও মুখের মধ্যে রশি দিয়ে শক্ত করে বেঁধে পানিতে ডুবিয়ে এবং গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। হত্যার কারণ সম্পর্কে পুলিশের একটি সূত্র জানায়, বেশকিছু মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন মিরাজুল। সত্য উদ্ঘাটিত হওয়ার কারণে কোনো চক্র তাঁকে হত্যা করতে পারে। আবার জেলার ক্রমাবনতিশীল আইনশৃঙ্খলার কারণেও এ ঘটনা হতে পারে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, এসআই মিরাজুলের মোটরসাইকেল নিয়ে পালানোর সময় অপহরণকারী চক্রের সদস্যরা রাত সাড়ে নয়টার দিকে শহরে দুর্ঘটনায় পড়ে। পরে তারা মোটরসাইকেল, হেলমেট ফেলে পালিয়ে যায়। ওসি বলেন, ‘এখনই নিশ্চিত করে বলতে পারছি না কারা এবং কেন এই হত্যা করেছে। এ ঘটনায় এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন। আটক তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়নি।’এদিকে মিরাজুলের অপহরণের খবর পেয়ে গতকাল ভোর রাতেই ঝিনাইদহ শহরে পৌঁছান তাঁর পরিবারের সদস্যরা। মিরাজুলের ভাই খায়রুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁর ভাইকে উদ্ধারের ব্যাপারে পুলিশের তেমন ত ৎ পরতা দেখতে না পেয়ে নিজেরাই খোঁজ শুরু করেন। সকালে তাঁরা ডাকবাংলো ফাঁড়িতে যান। সেখানে সহকর্মীদের সঙ্গে ভাইয়ের অপহরণের বিষয়ে জানার চেষ্টা করেন। এমন সময় সকাল নয়টার দিকে খবর আসে তাঁর ভাইয়ের মৃতদেহ একটি ধানখেতের পাশে পড়ে আছে। খায়রুল বলেন, ‘সেখানে ভাইয়ের লাশ পড়ে থাকতে দেখে হতবাক হয়েছি। একজন পুলিশ কর্মকর্তাকে এভাবে নির্মম নির্যাতন করে রাস্তার পাশে হত্যা করা হয়েছে। রাতে জেলা শহরের ব্যস্ততম এলাকা থেকে অপহরণের পর মহাসড়কের পাশে ফেলে হত্যা করা হলো অথচ পুলিশ কিছুই করতে পারল না।’মিরাজুলের ভগ্নিপতি শাহিনুর রহমান প্রথম আলোকে বলেন, ‘পুলিশ ত ৎ পর হলে মিরাজুলকে জীবিত উদ্ধার করতে পারত।’ এ ঘটনায় বিচার দাবি করেন তিনি। এ ব্যাপারে সদর থানার ওসি বলেন, মিরাজুলের খোঁজে মঙ্গলবার রাতভর অভিযান চালায় পুলিশ। হত্যাকারীদের গ্রেপ্তারে জোর অভিযান চলছে। মিরাজুলের স্বজনদের অভিযোগ ঠিক নয়।এদিকে এসআই মিরাজুলের হত্যার পর পুলিশ বিভাগে শোকের ছায়া নেমে এসেছে। সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে দুপুরে মিরাজুলের লাশ তাঁর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। ১০ বছরে চার পুলিশ সদস্য খুন: গত ১০ বছরে ঝিনাইদহ জেলায় তিন পুলিশ কর্মকর্তা ও এক কনস্টেবল খুন হয়েছেন। এর মধ্যে ২০০১ সালে সদর উপজেলার চুটলিয়ার মাঠে হাদেক আলী নামের এক পুলিশ কনস্টেবলকে খুন করে মোটরসাইকেল ছিনতাই করে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা এসআই আলী নেওয়াজকে কুপিয়ে জখম করা হয়। এখনো ক্ষত নিয়ে চাকরি করছেন এসআই আলী। ২০০৩ সালে হরিণাকুণ্ডু উপজেলার তালবাড়িয়া মাঠে হাত-পা বেঁধে শ্বাস রোধ করে খুন করা হয় এসআই ইলিয়াসকে। এর তিন বছর পর ২০০৬ সালে হরিণাকুণ্ডু শহরের সিমেনা হল মোড়ে সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হন হরিণাকুণ্ডু থানার এএসআই জাহিদুর রহমান। এ মামলায় সম্প্রতি হত্যাকারীদের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হয়েছে। সর্বশেষ খুনের শিকার হলেন এসআই মিরাজুল।