অপহরণের পর শিশুকে হত্যা, ৫ সন্দেহভাজন আটক
সিরাজগঞ্জের দবিরগঞ্জ এলাকায় একটি সেতুর নিচ থেকে নাহিদ ওরফে বাবু নামের চার বছরের একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় বেলকুচি থানায় মামলা হয়েছে এবং পাঁচজনকে আটক করা হয়েছে। থানার পুলিশ ও গ্রামবাসী জানায়, গত ৩১ অক্টোবর জেলার বেলকুচি উপজেলার শ্যামনগর গ্রামের হারুনের চার বয়সী ছেলে নাহিদকে অপহরণ করা হয়। শিশুটির মুক্তিপণ হিসেবে অপহরণকারীরা পরিবারের কাছে মোবাইল ফোনে পাঁচ লাখ টাকা দাবি করে। এ ঘটনায় মামলা করা হয়। পরে পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে বেলকুচি উপজেলার চন্দ্রনগাতী ও সালদাইর গ্রামের সুমন (২০), সালাউদ্দীন (১৮), রাসেল (২০), বাপ্পি (১৭) ও আলী আলমকে (১৮) আটক করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ নাহিদের লাশ উদ্ধার করা হয়।বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।