অপহরণের পর হত্যা করা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু সামিউলকে একাই অপহরণের পর হত্যা করার কথা জানিয়েছেন শিশুটির মায়ের বন্ধু শামসুজ্জামান আরিফ। দ্বিতীয় দফা রিমান্ডে পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি নতুন এ তথ্য এবং হত্যাকাণ্ডের পূর্বাপর বিবরণ দিয়েছেন। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার চৌধুরী মঞ্জুরুল কবির গতকাল বুধবার সাংবাদিকদের এসব কথা জানান। পরে বিকেলে শামসুজ্জামান আদালতে দ্বিতীয় দফায় ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও একই কথা বলেছেন বলে উপকমিশনার জানান।আদালতে এর আগের জবানবন্দিতে শামসুজ্জামান হত্যাকাণ্ডের সঙ্গে শিশুটির মা আয়েশা হুমায়রা জড়িত বলে জানিয়েছিলেন। শামসুজ্জামানকে অন্য একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য গত মঙ্গলবার রিমান্ডে আনে আদাবর থানার পুলিশ। গতকাল জবানবন্দি শেষে তাঁকে কারাগারে পাঠিয়ে দেন আদালত।জিজ্ঞাসাবাদে শামসুজ্জামানের দেওয়া তথ্য উপকমিশনার চৌধুরী মঞ্জুরুল গতকাল দুপুরে আদাবর থানায় বসে সাংবাদিকদের জানান। উপকমিশনার বলেন, বাসায় আসার কথা বলে দেবে—এমন হুমকি দেওয়ায় সামিউলকে খুন করার সিদ্ধান্ত নেন শামসুজ্জামান। ঘুমের বড়ি গুলে জুসের সঙ্গে মিশিয়ে খাওয়ানোর পর তাকে শ্বাসরোধে হত্যা করেন তিনি। পরে লাশ বস্তায় ভরে নবোদয় হাউজিংয়ের ৯ নম্বর সড়কের একটি ফাঁকা জায়গায় ফেলে দেন। এসব কাজ একাই করেন তিনি। হত্যাকাণ্ডের এই বিবরণ দিতে দিতে উপকমিশনার কেঁদে ফেলেন।আদালতে জবানবন্দির একই ঘটনার ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য আবার আসামিকে রিমান্ডে আনা প্রসঙ্গে উপকমিশনার বলেন, ওই জবানবন্দিতে অনেক তথ্যের গরমিল ছিল। আয়েশার সহায়তায় হত্যাকাণ্ড ঘটানোর তথ্যও ঠিক নয়। জবানবন্দিতে অনেক প্রশ্নের জবাব মেলেনি। রিমান্ডে থাকা আয়েশা ও শামসুজ্জামানের স্ত্রী নাদিরা জামান সাথীকে জিজ্ঞাসাবাদ চলছে। এখন পর্যন্ত হত্যাকাণ্ডে তাঁদের সম্পৃক্ততা পাওয়া যায়নি।চৌধুরী মঞ্জুরুল বলেন, শামসুজ্জামান তদন্তকারীদের জানিয়েছেন, সাথীর বিউটি পারলারে আসা-যাওয়ায় সাথীর সঙ্গে আয়েশার বন্ধুত্ব হয়। সাথী তাঁর সঙ্গে আয়েশাকে পরিচয় করিয়ে দেন। এরপর ধীরে ধীরে আয়েশার সঙ্গে তাঁর সম্পর্ক হয়। তিন বছর ধরে সম্পর্ক চলার পর গত বছরের জুনে তাঁর সঙ্গে আয়েশা চলে আসেন। এ নিয়ে সালিসের পর আয়েশা তাঁর স্বামীর নবোদয় হাউজিংয়ের বাসায় ফেরেন। কিছুদিন পর আবার তাঁদের সম্পর্ক হয়। ২৩ জুন আয়েশা তাঁকে বিয়ের সিদ্ধান্ত নেন।উপকমিশনার বলেন, শামসুজ্জামান পুলিশকে জানিয়েছেন, ১৯ জুন বিকেলে আয়েশা দারোয়ানদের কাছে ‘গেস্ট’ পরিচয় দিয়ে তাঁকে ভেতরে ঢোকান। তিনি ছাদে চলে যান। রাত দেড়টার দিকে সবাই ঘুমিয়ে পড়লে আয়েশা তাঁকে ডেকে নিজের ঘরে নেন। পাশের কক্ষে ছিলেন তাঁর স্বামী কে আর আজম। আয়েশার ঘরে সামিউল ঘুমিয়ে ছিল। মাঝেমধ্যে সে নড়াচড়া করলেও টের পায়নি। ভোর হলে তিনি খাটের নিচে লুকিয়ে থাকেন। আজম সকাল সাড়ে সাতটায় বাসা থেকে বের হন। এর আগেই সামিউলকে কাজের বুয়ার কাছে বসার ঘরে পাঠিয়ে দেওয়া হয়। তাঁকে বের করার জন্য আয়েশা ২০ জুন সন্ধ্যার পর কাজের বুয়ার সঙ্গে সামিউলকে ডিম কিনতে দোকানে পাঠান। আয়েশা তাঁর সঙ্গে নিচতলায় নামেন এবং দারোয়ানকে সামিউলের বল খুঁজতে বাড়ির পেছনে পাঠান। তবে দারোয়ান ফিরে এলে তাঁকে দেখে চিনে ফেলেন এবং গেটে আটকে দেন। এরপর তিনি নিবন্ধন বইয়ে তাঁর নাম আরিফ লিখে গেটের বাইরে পা রাখতেই সামিউল এসে পড়ে এবং তাঁকে দেখে ‘আংকেল তুমি কখন এসেছ’ বলে জড়িয়ে ধরে। পরে তিনি চলে যান।উপকমিশনার বলেন, শামসুজ্জামান পুলিশকে আরও জানিয়েছেন, রাতে আয়েশা তাঁকে ফোন করে জানান, ‘তোমার আসার কথা সামিউল তার বাবাকে বলে দিতে চায়।’ সামিউলকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করতে বলেন তিনি। তিনি জানিয়েছেন, পরিকল্পনা ছিল রাজবাড়ীর পাংশায় আয়েশার নামে থাকা ২৮ শতাংশ জমি বিক্রি করে ২৪ লাখ টাকা তাঁকে দেওয়া হবে। সেদিনই সামিউলকে নিয়ে আয়েশার তাঁর সঙ্গে চলে যাওয়ার কথা ছিল। জমি বেচার লোক আগে থেকেই ঠিক ছিল। আয়েশাকে নিয়ে নতুন বাসায় ওঠার জন্য তিনি ২২ জুন মোহাম্মদপুরে বাসা খুঁজতে আসেন। কিন্তু ভাড়া বেশি হওয়ায় বাসা নেওয়া হয়নি। হঠাৎ তাঁর মনে হয়, সামিউল ঝামেলা সৃষ্টি করতে পারে। এমন আশঙ্কা থেকেই সামিউলকে হত্যার সিদ্ধান্ত নেন তিনি।উপকমিশনার বলেন, শামসুজ্জামান পুলিশকে জানিয়েছেন, ২২ জুন বিকেলে সামিউল বাসার সামনে খেলা করছিল। এ সময় তাকে বলা হয়, ‘তোমার নানা-নানি অসুস্থ। তাঁদের দেখতে তোমার মা-বাবা চট্টগ্রামে চলে গেছেন। চলো তোমাকে শিশুমেলায় নিয়ে যাব।’ এরপর তাকে নিয়ে শ্যামলীতে শিশুমেলার মোড়ে যান। দুই-তিন ঘণ্টা পর তাকে নিয়ে টঙ্গী যান। সেখানেই রাত কাটান। পরদিন সামিউলকে চট্টগ্রামে এক বন্ধুর বাসায় নিয়ে খুন করার সিদ্ধান্ত নেন। এ জন্য পরদিন বিকেলে তাকে নিয়ে সায়েদাবাদেও যান। সায়েদাবাদে যাওয়ার পর তাঁর মনে হয়, চট্টগ্রামে খুন করা হলে বিষয়টি তাঁর বন্ধুর মাধ্যমে প্রকাশ হয়ে যাবে। তাই স্থির করা হয়, ঢাকায় খুন করা হবে। তিনি তাকে নিয়ে পুরান ঢাকায় গিয়ে একটি বস্তা কেনেন। এরপর শাহবাগের একটি দোকান থেকে ঘুমের বড়ি কিনে তা জুসের সঙ্গে গুলে সামিউলকে খাইয়ে দেন। সামিউল ঘুমিয়ে পড়লে তাকে নিয়ে মোহাম্মদপুরে আসেন। খুনের স্থান খুঁজতে খুঁজতে রাত ১২টা বেজে যায়। নবোদয় হাউজিংয়ের ৯ নম্বর সড়কের একটি ফাঁকা জায়গা নির্জন ভেবে তার নাক-মুখ চেপে ধরা হয়। সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এরপর তাকে বস্তায় ভরে ফেলে দিয়ে তিনি টঙ্গী চলে যান। এর আগে সামিউলকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে তাঁকে একাধিকবার ফোন করে জানান আয়েশা। পরদিন বিভিন্ন পত্রপত্রিকায় দেখেন, হত্যাকাণ্ডে আয়েশার জড়িত থাকার ইঙ্গিত দেওয়া হয়েছে। এ কারণে আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি আয়েশাকে ফাঁসাতে চেয়েছিলেন।সামিউলের লাশ উদ্ধারের পর ঠান্ডা ছিল। পুলিশের কর্মকর্তারা ধারণা করেছিলেন, হত্যার পর লাশ ফ্রিজে রাখা হয়েছিল। গতকাল উপকমিশনার জানান, বৃষ্টিতে ভিজে লাশ ঠান্ডা হয়েছিল।ছেলের দাফন শেষে সামিউলের বাবা কে আর আজম মঙ্গলবার ঢাকায় ফিরেছেন। তিনি গতকাল আদাবর থানায় প্রথম আলোকে বলেন, ‘আমি সব হারিয়েছি। বাসায় ঢুকতেই আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। জানি, ছেলেকে কোনো দিন ফিরে পাব না। আমি নৃশংস এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।’ তিনি জানান, সাথী এই হত্যার জন্য দায়ী। সাথীর কারণেই তাঁর সাজানো সংসার শেষ হয়ে গেছে।২২ জুন সাড়ে পাঁচ বছর বয়সী সামিউল আজিম নিখোঁজ হয়। দুই দিন পর তার বস্তাবন্দী লাশ উদ্ধার হয় বাসার কাছে একটি ফাঁকা জায়গা থেকে। সে মোহাম্মদপুর শিয়া মসজিদসংলগ্ন গ্রিন উডস স্কুলে নার্সারি শ্রেণীতে পড়ত। এ ঘটনায় সামিউলের বাবা বাদী হয়ে স্ত্রী আয়েশা হুমায়রা ও শামসুজ্জামানকে আসামি করে মামলা করেন। আদাবর থানার পুলিশ মামলাটি তদন্ত করছে।