অপহরণের ১০ দিন পর স্কুলছাত্রের পাঁচ টুকরো লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দেবীদ্বারে অপহরণের ১০ দিন পর গতকাল সোমবার সন্ধ্যায় এক স্কুলছাত্রের পাঁচ টুকরো লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মো. পারভেজ হোসেন (১১)। নিহত পারভেজ জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র।নিহত পারভেজের পরিবার, পুলিশ ও এলাকাবাসী জানান, দেবীদ্বার উপজেলার জয়পুর গ্রামের সৌদি আরবপ্রবাসী মো. মালু মিয়ার ছেলে স্কুলছাত্র পারভেজ ৫ নভেম্বর অপহূত হয়। ১২ নভেম্বর অপহরণকারীরা চিঠির মাধ্যমে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করলেও টাকা কোথায়, কখন, কীভাবে দিতে হবে তা জানায়নি। গতকাল বিকেলে বাড়ির পাশের ধানখেতে স্থানীয় লোকজন পারভেজের দেহের টুকরো টুকরো অংশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। দেবীদ্বার থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন, এএসআই আনোয়ার হোসেনসহ একদল পুলিশ গতকাল সন্ধ্যা ছয়টার দিকে লাশ উদ্ধার করে।নিহত পারভেজের মা জোছনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘৫ নভেম্বর শুক্রবার দুপুরে পারভেজ নিখোঁজ হয়। ১০ নভেম্বর থানায় একটি জিডি করি। ১২ নভেম্বর একটি চিঠি পাই। চিঠিতে অপহরণকারীরা তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। কিন্তু এই টাকা কখন, কোথায় দিতে হবে তা চিঠিতে উল্লেখ করা হয়নি। গতকাল পারভেজের লাশ পাওয়া যায়।’দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-সার্বিক) মো. জাহিদুল ইসলাম জানান, ঘাতকেরা পারভেজের মাথা, হাত, পা ও শরীর পাঁচ টুকরো করে ছড়িয়ে-ছিটিয়ে ফেলে রেখেছিল। ঘটনার তদন্ত চলছে।