অপহূত শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার
অপহরণের পাঁচ দিন পর ইশরাত জাহান ইভা নামে আট বছরের এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। তার দুই হাত দড়ি দিয়ে আর গলায় গামছা প্যাঁচানো ছিল। গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর খিলক্ষেতের একটি ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।পুলিশের ধারণা, শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।ইভার মামা স্বপন মিয়া জানান, ইভা তার মা-বাবার সঙ্গে খিলক্ষেতের নামাপাড়া ঘাট এলাকায় থাকত। তাদের বাসা থেকে ইভাদের বাসা ৪০০-৫০০ গজ দূরে। প্রায়ই ইভা তাঁদের বাসায় আসত আবার একা একা বাসায় যেত। ৩ নভেম্বর ইভা তাঁদের বাসায় আসে। বেলা দুইটার দিকে সে স্বপন মিয়ার বাসা থেকে বের হলেও আর বাসায় ফেরেনি। এরপর বিভিন্নস্থানে খোঁজ করা হয়। এমনকি মাইকিংও করা হয়। কোনো পরিচয় না দিয়ে এক ব্যক্তি ৪ নভেম্বর মোবাইলে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে ৫ তারিখে আবার ফোন করে টাকা প্রস্তুত আছে কি না, জানতে চায়। ওই ব্যক্তি বলেন, ‘ইভা কান্নাকাটি করে, তাকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছি। টাকা না দিলে মেরে ফেলব।’ এরপর গতকাল বিকেলে স্থানীয় এক নারী বাসায় এসে জানান, পাশের ডোবায় একটি বস্তা ভাসছে এবং গন্ধ ছড়াচ্ছে। ইভার পরিবার থানায় খবর দিলে পুলিশ এসে বস্তাবন্দী লাশটি উদ্ধার করে।খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ জানান, প্রযুক্তির মাধ্যমে খুনিদের অবস্থান চিহ্নিত করার চেষ্টা চলছে। অজ্ঞাতনামা লোকদের আসামি করে মামলা করা হয়েছে।