অপহূত শিশুর লাশ কাপড়ের ব্যাগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দারুস সালাম এলাকার একটি বাসা থেকে গতকাল মঙ্গলবার মধ্যরাতে কাপড়ের ব্যাগের ভেতর আটকানো অবস্থায় সিফাত আলী তন্ময় (৭) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই বাড়ির ভাড়াটে জহিরুল ইসলামসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত উপকমিশনার মো. মনিরুজ্জামান জানান, গত সোমবার নিজ বাসা থেকে তন্ময়কে অপহরণ করে একই বাসার ভাড়াটে জহিরুল ও তাঁর এক সহযোগী। অপহরণের পর মুঠোফোনে তন্ময়ের মা-বাবার কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তাঁরা। মুক্তিপণ না পেয়ে অপহরণকারীরা তন্ময়ের পা বেঁধে গলা টিপে হত্যা করে। পরে তার মাথা পলিথিনে মুড়িয়ে বড় একটি কাপড়ের ব্যাগে ঢুকিয়ে চেইন আটকে রাখে। সোমাবার সকাল থেকে তন্ময়ের কোনো খোঁজ না পাওয়ায় ওই দিন বিকেলেই তার বাবা হজরত আলী বাদী হয়ে দারুস সালাম থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরে ডিবি পুলিশ প্রযুক্তি ব্যবহার করে গতকাল রাতে জহিরুল ও তাঁর সহযোগীকে আটক করে। ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে তাঁরা তন্ময়কে হত্যার কথা স্বীকার করে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ গতকাল মধ্যরাতে জহিরুলের বাসায় একটি কাপড়ের ব্যাগের ভেতর থেকে তন্ময়ের লাশ উদ্ধার করে। তন্ময় পাইকপাড়া মডেল একাডেমী স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল। সে মা-বাবার সঙ্গে ৮৯/১ দারুস সালামে নিজের বাড়িতে থাকত।