অপহূতকে নিয়ে ফেরার পথে দুর্ঘটনায় এসআইসহ নিহত ৪
রাজবাড়ীর সদরে আজ রোববার সকালে সড়ক দুর্ঘটনায় এক উপপরিদর্শকসহ (এসআই) চারজন নিহত হয়েছেন। রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের আফড়াবাজার এলাকায় পুলিশের মাইক্রোবাসের সঙ্গে বিআরটিসির বাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত দুজনকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত ব্যক্তিরা হলেন: মাদারীপুর সদর থানার এসআই আবদুল মান্নান (৫২), সিপাই সেলিম মিয়া (৪৪), মাইক্রোবাসের চালক লাল মিয়া (৩৮) ও আইনজীবীর সহকারী সামসুদ্দিন মাতবর (৬২)। এসআই মান্নানের বাড়ি গোপালগঞ্জে এবং বাকি তিনজন মাদারীপুরের বাসিন্দা। পুলিশ জানায়, রাজশাহীর দুর্গাপুর থেকে অপহূত এক নারীকে উদ্ধার করে পুলিশ মাইক্রোবাসে করে মাদারীপুর ফিরছিল। আজ সকাল সাড়ে ছয়টার দিকে রাজবাড়ী সদরের আফড়াবাজার এলাকায় মাইক্রোবাসটির সঙ্গে রাজবাড়ী থেকে রংপুরগামী বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে এলাকাবাসী, রাজবাড়ী সদর থানা পুলিশ, পাংশা পুলিশ ও রাজবাড়ীর ফায়ার সার্ভিস ইউনিট সকাল সাড়ে আটটার দিকে লাশগুলো উদ্ধার করে। আর আহত দুজনকে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠায়। রাজবাড়ীর পুলিশ সুপার রেজাউল হক, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনিছুর রহমান ও পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আলমগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনিছুর রহমান প্রথম আলো অনলাইনকে বলেন, বাসের চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে এখানো কাউকে গ্রেপ্তার করা হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, তাঁরা অপহরণ মামলার ভিকটিমকে উদ্ধার ও আসামি গ্রেপ্তার করার জন্য শনিবার রাজশাহীর দুর্গাপুরে গিয়েছিলেন। সেখান থেকে মাদারীপুরে ফেরার সময় দুর্ঘটনায় পড়েন।