অপহৃত শিশু জিহাদ উদ্ধার, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কামরাঙ্গীর চর এলাকা থেকে অপহরণের তিন দিন পর ছয় বছর বয়সী শিশু জিহাদকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার শরীয়তপুরের জাজিরা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নীরব হোসেন রাজিব (২৩) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।আজ রোববার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কার্যালয়ের তথ্যকেন্দ্রে সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। ডিবির উপকমিশনার মনিরুল ইসলাম ব্রিফিংয়ে বলেন, ১৬ জানুয়ারি জিহাদকে অপহরণ করা হয়। নীরব হোসেন রাজিব নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে। অপহরণের সঙ্গে আরও দুজন জড়িত আছেন। দ্রুতই তাঁদের গ্রেপ্তার করা হবে বলে তিনি জানান।ব্রিফিংয়ে উপস্থিত জিহাদের বাবা মো. কাওসার বলেন, নাম গোপন করে ‘রবিন’ পরিচয়ে তাঁর দর্জির দোকানে চাকরি নেন রাজিব। অপহরণের পর মুঠোফোনে পাঁচ লাখ টাকা দাবি করেন তিনি। না হলে জিহাদকে হত্যার হুমকি দেন।জিহাদ ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের সামনে বলে, ‘আমাকে বানরের খেলা দেখানোর কথা বলে রবিন নিয়ে যায়। মাইক্রোবাসে করে অনেক জায়গায় ঘোরানোর পর রাতে কালো টেপ দিয়ে আমার মুখ বেঁধে ফেলে।’ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত উপকমিশনার মো. মোখলেছুর রহমান এ উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন।