অপহৃত হয়ে যেভাবে মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সন্ত্রাসীরা তিন দিন আমার চোখ বেঁধে রেখেছিল। হাত ও পা বেঁধে রেখেছিল দুই দিন। খাবার দিত সীমিত। ভয়ে খেতেও পারতাম না, কান্না পেত। একসময় সন্ত্রাসীরা বলে, “তোর বাবাকে দুই দিন সময় দিয়েছিলাম, তা পার হয়ে গেছে। রাতেই তোকে মেরে ফেলব”।’ সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত হওয়ার পর অপহৃত রাকিবুল হাসান গতকাল শনিবার কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সি এ হালিমের কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।রাকিবুল কুষ্টিয়া সরকারি কলেজের অর্থনীতি বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র ও শহরের উপজেলা রোডের ব্যবসায়ী রফিকুল ইসলামের ছেলে।অপহরণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন মেহেরপুরের গাংনী উপজেলার আকুবপুর গ্রামের জনিরুল ইসলাম ওরফে দাদা সেলিম (২৩), কবরবাড়ী গ্রামের আলতাফ হোসেন (২১) ও ভরাট গ্রামের নাজমুল ইসলাম (৩২)। তাঁরা সবাই পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) সদস্য বলে পুলিশ জানিয়েছে। অপহরণের ঘটনায় সদর থানায় সাতজনের নামসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা হয়েছে।পুলিশের ভাষ্যমতে, ২১ সেপ্টেম্বর বিকেলে কুষ্টিয়ার মজমপুর গেট এলাকা থেকে রাকিবুলকে ওষুধ মেশানো জুস খাইয়ে অচেতনের পর অপহরণ করে দৌলতপুর উপজেলার খলিশাকুণ্ডি গ্রামে নিয়ে যায় সন্ত্রাসীরা। অপহরণকারীরা রাতে রাকিবুলের বাবা রফিকুল ইসলামের মুঠোফোনে কল দিয়ে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। রফিকুল রাতেই সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।এদিকে ওই মুঠোফোন থেকে কথা বলা অন্য নম্বরের সূত্র ধরে সি এ হালিমের নেতৃত্বে পুলিশের একটি দল আলতাফকে কৌশলে ঢাকা থেকে কুষ্টিয়া শহরে ডেকে গত শুক্রবার সন্ধ্যায় গ্রেপ্তার করে। আলতাফের স্বীকারোক্তি অনুযায়ী ওই রাতেই দলের প্রধান জনিরুলকে দৌলতপুর ও নাজমুলকে গাংনী উপজেলা থেকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি টের পেয়ে অপহরণকারী দলের অন্য সদস্যরা গতকাল ভোরে রাকিবুলকে খলিশাকুণ্ডি সেতুর কাছে রেখে পালিয়ে যায়। রাকিবুল পরে তাঁদের বাসায় ফিরে এসে বিষয়টি পুলিশকে জানায়।রাকিবুলের বাবা রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, মঙ্গলবার বিকেলের পর থেকে রাকিবুলের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। গত তিন দিনে সন্ত্রাসীরা সাত থেকে আটবার ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ চায় এবং শুক্রবার রাত পর্যন্ত সময় বেঁধে দেয়। এর মধ্যে টাকা না দিলে ছেলেকে হত্যার হুমকি দেয়।গ্রেপ্তার হওয়া জনিরুল অপহরণের কথা স্বীকার করে গতকাল সাংবাদিকদের বলেন, অপহরণের ঘটনায় শামীম হোসেন, রশিদ আলী, উজ্জ্বল হোসেন, বকুলসহ আরও কয়েকজন জড়িত আছে।সি এ হালিম প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য। অপহরণের খবর পাওয়ার পরপরই মুঠোফোন নম্বরের সূত্র ধরে চরমপন্থীদের অবস্থান জেনে তিনজনকে গ্রেপ্তার করা হয়। অন্য ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।