অপহৃতদের উদ্ধারে সুখবর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের এক সপ্তাহ পার হয়ে গেলেও রাষ্ট্রায়াত্ত মুঠোফোন কোম্পানি টেলিটকের সহায়তাকারী প্রতিষ্ঠান বি-টেকনোলজির প্রকৌশলীসহ পাঁচজনকে উদ্ধার করা যায়নি। এতে অপহূত ব্যক্তিদের পরিবারে বাড়ছে উদ্বেগ ও হতাশা। তাঁদের উদ্ধারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওপর স্বজনদের চাপ বাড়ছে।৮ জুলাই রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা বাজার থেকে পাঁচ কিলোমিটার দূরে বারিবিন্দুঘাট এলাকায় টেলিটকের একটি টাওয়ারের কারিগরি ত্রুটি সারানোর সময় সশস্ত্র দুর্বৃত্তরা বি-টেকনোলজির প্রকৌশলী মো. আক্তার হোসেন, টেকনিশিয়ান মো. হেমায়াত হোসেন ও মো. ইমরুল হোসেন, সুপারভাইজার সুজাউদ্দিন ও মো. মুজিবুর রহমানকে অপহরণ করে। কাচালং নদী পার করে দুর্বৃত্তরা তাঁদের গহিন পাহাড়ে নিয়ে যায়। পরে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। গত বৃহস্পতিবার খাগড়াছড়ির গোপন জায়গায় দুর্বৃত্তদের সঙ্গে বি-টেকনোলজির প্রতিনিধিদের বৈঠক হয়। কিন্তু বৈঠকে অপহরণকারীরা তিন কোটি টাকা মুক্তিপণ দাবি করলে সমঝোতা বৈঠক ভেস্তে যায়।দুর্গম পাহাড়ে অপহরণকারীরা ঘন ঘন অবস্থান বদল করায় অপহূত ব্যক্তিরা এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নজরদারির মধ্যে নেই। তাই অপহূত ব্যক্তিদের পরিবারের সদস্যদের কোনো সুখবর জানাতে পারছেন না তাঁরা।অপহূত ইমরুল হোসেনের বড় ভাই মোহাম্মদ রিপন প্রথম আলোকে বলেন, ‘আমার ভাইয়ের চিন্তায় বাবা-মা দুজনই অসুস্থ হয়ে গেছেন। তাঁর স্ত্রী কথাই বলছেন না। বেশ কয়েকবার তিনি অজ্ঞান হয়ে পড়েছেন। আমাদের ভাইয়ের দায় টেলিটক কোম্পানিকে নিতে হবে। আমার ভাইয়ের দ্রুত মুক্তির জন্য আমরা টেলিটকের সহায়তাকারী প্রতিষ্ঠান বি-টেকনোলজিকে চাপ দিচ্ছি।’অপহূত মুজিবুর রহমানের বাবা মো. আবদুল খালেক বলেন, ‘আমার স্ত্রী ছেলের শোকে পাগলপ্রায়। কিছুক্ষণ পর পর কান্নাকাটি করছে। খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে। টেলিটক কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি, যেকোনো কিছুর বিনিময়ে আমরা ছেলেকে যেন ফেরত পাই।’আরেক অপহূত আক্তার হোসেনের বড় বোন আয়শা ওয়াহি বলেন, ‘আমার ভাই অপহূত হওয়ার পর বাড়িতে সবাই অসুস্থ হয়ে পড়েছে। আমাদের প্রবাসী বাবা বিদেশ থেকে প্রতিদিন ফোন করে খোঁজখবর জানতে চান। বাবার প্রশ্নের জবাব তো আমাদের কাছে নেই। জবাব দিতে পারবে টেলিটক আর বি-টেকনোলজি কর্তৃপক্ষ।’বি-টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক এস এম ইউসুফ প্রথম আলোকে বলেন, ‘মুক্তিপণ নিয়ে দর-কষাকষির সময় অপহূত ব্যক্তিরা মুক্তি পাবেন বলে স্বজনেরা আশায় বুক বেঁধে ছিলেন। কিন্তু অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা এখন প্রতিনিয়ত আমাদের ওপর চাপ সৃষ্টি করছেন।’ ইউসুফ আরও বলেন, ‘অপহূত ব্যক্তিদের ফিরিয়ে আনতে আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। কিন্তু ৪০ লাখ টাকা থেকে মুক্তিপণ এক লাফে বাড়িয়ে তিন কোটি টাকা দাবি করায় আমরা পিছু হটতে বাধ্য হই। কারণ আমাদের সব সম্পদ বিক্রি করলেও তিন কোটি টাকা দাবি মেটানো সম্ভব নয়।’ বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। অপহূত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। তবে এই মুহূর্তে দেওয়ার মতো কোনো সুখবর নেই।’ এদিকে সেনাবাহিনী রাঙামাটি ও খাগড়াছড়ির দুর্গম পাহাড়ের সম্ভাব্য জায়গায় অভিযান চালিয়ে যাচ্ছে। ১৭-১৮টি সেনাদল অভিযান চালালেও এখনো অপহূত ব্যক্তিদের অবস্থান সম্পর্কে তারা কিছুই বলতে পারছে না।