অপার শ্রদ্ধায় শহীদ স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতে ফুল, কণ্ঠে অমর একুশের গান, নগ্নপদ মিছিল। এই পথচলায় কোনো ক্লান্তি নেই। দীর্ঘ অপেক্ষায়ও নেই কোনো শ্রান্তি। সারিবদ্ধ মিছিল। লাখো মানুষের চোখেমুখে দৃপ্ত শপথ। হারানোর শোক ছাপিয়ে ওঠা গভীর শ্রদ্ধা। সব পথেরই শেষ গন্তব্য হয়ে উঠেছিল শহীদ মিনার। গৌরবের গানে আর ফুলে ফুলে পরিপূর্ণ হলো বাঙালির শোকের মিনার।অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গতকাল সোমবার সারা দেশ ছিল উদ্বেলিত। সমগ্র জাতি অপার শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেছে মৃত্যুঞ্জয়ী ভাষাশহীদদের এবং গৌরবোজ্জ্বল সেই দিনটিকে। গতকাল জাতীয় পতাকা ছিল অর্ধনমিত, উত্তোলন করা হয় কালো পতাকা। ১৯৯৯ সালে এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার পর একুশে ফেব্রুয়ারি পালনে এ দেশেও এসেছে নতুন ব্যঞ্জনা। গতকাল তাই কর্মসূচিজুড়ে শোক ও শ্রদ্ধা প্রকাশের পাশাপাশি ছিল উৎ সবের আমেজ। ছিল একুশের চেতনা রক্ষার দৃঢ় অঙ্গীকার। বিভিন্ন কর্মসূচিতে বিকৃত বাংলা উচ্চারণ বন্ধ, সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার এবং বাংলাকে জাতিসংঘের ভাষা হিসেবে দেখার আকুতিও ছিল তাদের মধ্যে। বিশ্বের বেশির ভাগ দেশে মাতৃভাষা দিবসটি পালিত হয়েছে যথাযোগ্য মর্যাদায়। একুশের প্রথম প্রহর থেকেই শুরু হয় জাতির শ্রেষ্ঠ সন্তান ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। রোববার মধ্যরাতে একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ডেপুটি স্পিকার ও বিরোধীদলীয় নেত্রী শহীদদের প্রতি সম্মান জানান। এরপর বেদিতে ফুল দিয়ে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও সর্বস্তরের মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে পুরো এলাকা ছিল লোকে লোকারণ্য। তরুণ-যুবাদের সঙ্গে এই জনারণ্যে ছিলেন প্রৌঢ় ও শিশুরা। শহীদ মিনার ছাড়াও আজিমপুর কবরস্থানে ভাষাশহীদদের কবর জিয়ারতও করেছেন অনেকে। ফুলে ফুলে ঢাকা শহীদ মিনার: রোববার রাত ১১টার পর থেকেই শাহবাগ, আজিমপুর, নীলক্ষেত, দোয়েল চত্বরসহ কেন্দ্রীয় শহীদ মিনারে যেতে প্রতিটি প্রবেশপথ জুড়েই ছিল মিছিলের সারি। সালাম, বরকত, রফিক, জব্বার—ভাষাশহীদের রক্তে রঞ্জিত হয়ে যেন পুব আকাশে উঁকি দেয় ভোরের লাল সূর্য। আর সেই আলোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের সমাবেশ। ভোর ছয়টার পর থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ভিড় ছিল সবচেয়ে বেশি। এ সময়ে একের পর এক আসতে থাকে মিছিল। এই মিছিলের সারি আশপাশের প্রায় দুই বর্গকিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনার। শহীদ মিনারের আশপাশের এলাকায় মাইকে বাজানো হচ্ছিল সেই হূদয় নিংড়ানো গান। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি’ কিংবা ‘সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্মরণে’র মতো গানগুলোর সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন শহীদ মিনারে আসা হাজারো মানুষ।পোশাকে, রঙে, আঁকায় সর্বত্রই ছিল একুশের চেতনা: শহীদ মিনারে আসা মানুষের পোশাকেও ছিল একুশের চেতনার ছাপ। পোশাকে সাদা আর কালো রঙের ব্যবহারই সবচেয়ে বেশি চোখে পড়েছে। আবার কারও পোশাকে লাল-সবুজের বাংলাদেশকে ধারণ করতে দেখা গেছে। বেশির ভাগ শিশুর গালে, কপালে আঁকা ছিল শহীদ মিনার কিংবা জাতীয় পতাকার ছবি। এ চিত্র বয়স্ক ও প্রৌঢ়দের মধ্যেও দেখা গেছে। প্রতিবন্ধীদের উপস্থিতিও ছিল লক্ষণীয়। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে, সোহরাওয়ার্দী উদ্যানে এবং জাতীয় জাদুঘরের সামনে চলতে থাকে দুই গালে শহীদ মিনার, জাতীয় পতাকা কিংবা অ-আ-ক-খ আঁকিয়ে নেওয়া। হাতে তুলি আর রং নিয়ে দাঁড়িয়ে ছিলেন অসংখ্য তরুণ-তরুণী। মানুষের গালে ও কপালে তাঁরা এঁকেছেন বর্ণমালা, পতাকা, শহীদ মিনার আর আলপনা। হূদয়ে ধারণ করা একুশের চেতনার অনুবাদ নানা ভাষায়, নানা রঙে প্রকাশ পেয়েছে গতকাল বাংলা একাডেমী, কেন্দ্রীয় শহীদ মিনারসহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাজুড়ে। বাংলা ভাষায় লেখা সাহিত্য, কবিতার পঙিক্ত, গানের কলি পোশাকে ভর করে হেঁটে বেড়িয়েছে। কপাল আর গালে তুলি চালিয়েছেন আঁকিয়েরা। ফুটে উঠেছে শহীদ মিনার, বাংলাদেশের পতাকা আর বর্ণমালা। ছোট্ট শিশুরা শহীদ মিনারে ফুল দিয়েছে বাবার ঘাড়ে বা মায়ের কোলে চড়ে। হুইলচেয়ারে বসে শ্রদ্ধা নিবেদনও করতে দেখা গেছে অনেক প্রৌঢ় বা প্রতিবন্ধীকে। সাদাকালো জমিনে উঠে এসেছে বর্ণমালা থেকে কবিতা, গান। একুশের চেতনা ফ্যাশনেও স্থান করে নিয়েছে। গতকাল কেন্দ্রীয় শহীদ মিনার এবং আশপাশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপনে আসা মানুষের পোশাকের রঙে, ভাষায় ছিল একুশের চেতনার প্রকাশ।আবেগাপ্লুত দেশি-বিদেশিরা: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির সামনের সড়কে দাঁড়িয়ে ছবি তুলছিলেন ষাটোর্ধ্ব ডেনিয়েল সিমন। তিনি ডেনমার্কের নাগরিক। তাঁর গালেও আঁকা ছিল শহীদ মিনার। জানালেন, তিনিসহ আরও কয়েকজন শহীদ মিনারে এসেছেন। বলেন, ‘নিজ ভাষার প্রতি সবার আবেগ থাকাটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশিদের ভাষার প্রতি এত আবেগ আর ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে।’ কাঁচাপাকা চুল, কাঁধে ব্যাগ। একই সঙ্গে তাঁরা ছয়জন। সবাই পঞ্চাশোর্ধ্ব। মানুষের ঢল জয় করে শহীদ মিনারে ফুল দিয়ে প্রাঙ্গণে দাঁড়িয়েছেন মাত্র। চেয়ে আছেন সদ্য ফুল দেওয়া শহীদ মিনারের দিকে। তাঁরা এসেছেন ভারত থেকে। এঁদেরই একজন মৃণাল চক্রবর্তী জানালেন, তাঁরা কেউ লেখক বা সাহিত্যিক। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই তাঁরা ঢাকায় এসেছেন। তাঁদের আরেক সঙ্গী নির্মলেন্দু তালুকদার বললেন, ‘আসলে বাংলা ভাষায় তো আমরাও কথা বলি। কিন্তু এ দেশের মানুষকে এ ভাষাকে যে সংগ্রামের মধ্য দিয়ে অর্জন করতে হয়েছে, তা আমাদের করতে হয়নি। আর ভাষার প্রতি এখানকার মানুষের শ্রদ্ধা দেখে সত্যিই গর্ব বোধ করি।’ফরাসি নাগরিক পিয়েরে বলেন, ‘ভাষার প্রতি এখানকার মানুষের বিনয় ও শ্রদ্ধা দেখে নিজেকে সুখী মনে হয়। তাদের সঙ্গে শ্রদ্ধা জানাতে পেরে আমি গর্বিত।’জার্মান নাগরিক ন্যান্সি উইমার বলেন, ‘আমি বাক্রুদ্ধ। এখানে এসে নিজের মাতৃভাষাকে আরও গভীর শ্রদ্ধার সঙ্গে উপলব্ধি করতে পারছি।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক সাংবাদিকদের বলেন, এখানে সবাই সুশৃঙ্খলভাবে শহীদ মিনারে ফুল দিয়েছে। এটাই একুশের চেতনা।