অপারেটর নিয়োগে নীতিমালা নেই, পণ্য খালাসে বিশৃঙ্খলা
চট্টগ্রাম বন্দরের জেটির মতো বহির্নোঙরে দরপত্রের মাধ্যমে অপারেটর নিয়োগের ব্যাপারে ২০০৭ সালের ২৮ নভেম্বর গেজেট প্রকাশ করা হয়। গত বছর ১২টি জেটিতে অপারেটর নিয়োগ করা হয়। কিন্তু সাড়ে তিন বছরেও বহির্নোঙরে দরপত্রের মাধ্যমে কোনো অপারেটর নিয়োগ করা হয়নি। অপারেটর নিয়োগে কোনো নীতিমালাও করা হয়নি। জানা গেছে, জেটিতে যেসব বড় জাহাজ ভিড়তে পারে না, সেগুলো থেকে বহির্নোঙরে লাইটার জাহাজে করে পণ্য ওঠানো-নামানো হয়। জানা গেছে, কয়েকটি স্টিভিডোরস প্রতিষ্ঠান নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের কাছে বহির্নোঙরে পণ্য ওঠানো-নামানোর জন্য আবেদন করেছে। মন্ত্রী আবেদনপত্রের ব্যাপারে বিধিমোতাবেক ব্যবস্থা নিতে বন্দর চেয়ারম্যানকে নির্দেশ দেন। এভাবে পর্যায়ক্রমে পাঁচটি স্টিভিডোরস প্রতিষ্ঠানকে বহির্নোঙরে কাজ দেয় বন্দর কর্তৃপক্ষ। আবার বহির্নোঙরের কাজ আর কাউকে না দিতে মন্ত্রীর কাছে আবেদন করেন তাঁরা। সেই আবেদনেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন তিনি। ফলে বহির্নোঙরে পণ্য খালাসে একধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে।জানতে চাইলে চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, বহির্নোঙরে পণ্য ওঠানো-নামানোর কাজে শৃঙ্খলা আনতে প্রাকযোগ্যতা যাচাই-প্রক্রিয়া শুরু হয়েছে। বন্দরের পরিবহন বিভাগের পরিচালককে প্রধান করে ইতিমধ্যে একটি কমিটি করা হয়েছে। শিগগিরই একটি নীতিমালা তৈরি করা হবে। বন্দর সূত্রে জানা গেছে, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ১৬ মে থেকে বহির্নোঙরে প্রথমে ১৫টি এবং পরে একটিসহ ১৬টি প্রতিষ্ঠান পণ্য খালাসের কাজ করছিল। বর্তমান সরকারের সময় নতুন করে আরও পাঁচ স্টিভিডোরস প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হয়। বহির্নোঙরে এখন মোট ২১টি প্রতিষ্ঠান কাজ করছে। এর মধ্যে চারটি প্রতিষ্ঠান নিজস্ব গ্রুপের পণ্য ওঠানো-নামানোর কাজ করছে।জানা গেছে, এই ২১টি প্রতিষ্ঠান বহির্নোঙরে নতুন কোনো অপারেটর নিয়োগ না করতে জোটবদ্ধ হয়ে নৌমন্ত্রীর কাছে আবেদন করে। গত ২ ফেব্রুয়ারি মন্ত্রী ওই আবেদনে ‘প্রয়োজনীয় ব্যবস্থা নিন’ নির্দেশ দিয়ে বন্দর চেয়ারম্যানের কাছে পাঠান। বন্দর পরিবহন পরিচালকের দপ্তর গত ৬ ফেব্রুয়ারি এই চিঠি গ্রহণ করে।বন্দর সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ২৮ ডিসেম্বর ৫৩টি প্রতিষ্ঠানের স্টিভিডোর-কাম-শোর হ্যান্ডলিং ঠিকাদারি লাইসেন্স নবায়ন করা হয়। এর বাইরে একটি প্রতিষ্ঠানকে আদালতের আদেশ অনুযায়ী কাজ চালিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। এই ৫৪টি প্রতিষ্ঠানের মধ্যে দরপত্রের মাধ্যমে জেটিতে ১২টি এবং বিনা দরপত্রে বহির্নোঙরে ২১টি প্রতিষ্ঠান কাজ করছে। বাকি ২১টি প্রতিষ্ঠানের অনেকে বহির্নোঙরে কাজ পাওয়ার আবেদন করেছে। সাতটি প্রতিষ্ঠানকে বহির্নোঙরে কাজ দিতে ইতিমধ্যে বন্দর চেয়ারম্যানকে চিঠি দেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অপারেটরের কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বহির্নোঙরে দরপত্রের মাধ্যমে অপারেটর নিয়োগ দেওয়ার সুযোগ নেই। কারণ, বহির্নোঙরের অপারেটররা সরকারি প্রতিষ্ঠান থেকে কোনো মাশুল আদায় করে না। তারা শুধু আমদানিকারক বা শিপিং এজেন্টের কাছ থেকে মাশুল আদায় করে। এ কারণে বন্দরের নিয়ন্ত্রণে তালিকাভুক্তি করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। বিষয়টি নিয়ে স্টিভিডোর প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ মাস্টার স্টিভিডোরস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এ এইচ এম মনজুর আলম প্রথম আলোর কাছে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।