অপারেটরদের ফি জমা দেওয়ার সময় বাড়ল
চারটি মুঠোফোন কোম্পানির দ্বিতীয় প্রজন্মের (টুজি) লাইসেন্স নবায়ন ফি জমা দেওয়ার সময়সীমা সাত দিন বাড়ানো হয়েছে। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী কাল সোমবার শেষ দিন হওয়ার কথা ছিল।ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ‘সময় বৃদ্ধি’-সংক্রান্ত একটি চিঠি অনুযায়ী বিটিআরসি চার মুঠোফোন কোম্পানির লাইসেন্স নবায়ন ফি জমা নেবে আগামী ৬ নভেম্বর পর্যন্ত। নবায়ন ফি ১০ কোটি টাকা। তবে চিঠি অনুযায়ী, চার অপারেটরকে তাদের স্পেকট্রাম ফি প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা কালই জমা দিতে হবে।আগামী ১০ নভেম্বর গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও সিটিসেলের লাইসেন্স আরও ১৫ বছরের জন্য নবায়ন করা হবে।ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে শুধু লাইসেন্স নবায়ন ফির সময় বাড়ানোর নির্দেশ দেওয়ার কথা জানিয়েছে বিটিআরসির একটি সূত্র। সূত্র জানায়, শুধু লাইসেন্স নবায়ন ফি জমা দেওয়ার সময় বৃদ্ধির একটি চিঠি বিটিআরসিতে এসেছে। তবে অন্য সব বিষয় অপরিবর্তিত রয়েছে।’ তাই স্পেকট্রাম ফি জমা দেওয়ার সময় ৩১ অক্টোবরই থাকছে বলে সূত্রটি নিশ্চিত করেছে।সম্প্রতি চার অপারেটর একসঙ্গে সরকারের কাছে সময় বাড়ানোর জন্যে আবেদন করে। এ কারণেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে বিটিআরসি সূত্র।নীতিমালা অনুযায়ী, চার অপারেটরকে তাদের স্পেকট্রাম মূল্যের ৪৯ শতাংশ এ সময়ের মধ্যে পরিশোধ করতে হবে। পে-অর্ডারের মাধ্যমে তারা স্পেকট্রামের মূল্য পরিশোধ করবে। আর স্পেকট্রাম মূল্যের বাকি ৫১ শতাংশ দিতে হবে তিন কিস্তিতে। প্রতি কিস্তিতে ১৭ শতাংশ মূল্য পরিশোধ করতে হবে। পরের তিন কিস্তির টাকা পরিশোধের তারিখ ২০১২ সালের ১৩ এপ্রিল ও ১০ অক্টোবর এবং ২০১৩ সালের ৮ এপ্রিল।এদিকে মার্কেট কম্পিটিশন ফ্যাক্টর (এমসিএফ) কার্যকর থাকছে কি না, জানতে চাইলে সূত্রটি জানায়, এটি এখনো ঠিক আছে। এর ভিত্তিতেই অপারেটরদের স্পেকট্রাম ফি দিতে হবে।২০০৮ সালে কেনা তরঙ্গের ওপর এমসিএফের বৈধতা চ্যালেঞ্জ করে গ্রামীণফোনের মামলার বিষয়ে সূত্রটি জানায়, ‘আলাদাভাবে মামলা নিয়ে বলা যাবে না। তবে স্পেকট্রাম বিক্রির সময় বলা হয়েছিল, ভবিষ্যতে এসব স্পেকট্রামের ওপর কোনো রকমের চার্জ যুক্ত হলে তা মেনে নিতে হবে।’ এ বিষয়ে গ্রামীণফোনকে চিঠি দিয়ে জানানোর কথাও উল্লেখ করে সূত্রটি।এ বিষয়ে সম্প্রতি বিটিআরসি চেয়ারম্যান জিয়া আহমেদ প্রথম আলোকে বলেন, ‘এটি নিয়ে নতুন করে কিছু বলার নেই। মেগাহার্জপ্রতি ৮০ কোটি টাকা দরে প্রথমবারের মতো উন্মুক্ত নিলামে অপারেটররা ২০০৮ সালে এসব স্পেকট্রাম কেনে। এখন ওই সব তরঙ্গের ওপর এমসিএফ যোগ হচ্ছে। সেই হিসেবে গ্রামীণফোনকে বাড়তি সাড়ে ৩০০ কোটি টাকার বেশি দিতে হবে। বাংলালিংককে দিতে হবে ৪৭ কোটি টাকার কিছু বেশি। রবি ও সিটিসেলের ক্ষেত্রে এ ফি প্রযোজ্য হবে না।’উল্লেখ্য, গত ১৭ অক্টোবর বিটিআরসি এক চিঠিতে টু-জি লাইসেন্স নবায়নে ইচ্ছুক চার অপারেটরকে ১৫ দিনের মধ্যে স্পেকট্রাম ফিসহ অন্যান্য ফির টাকা জমা দেওয়ার জন্য চিঠি দেয়।প্রথম কিস্তির টাকা দেওয়ার তারিখ পেছানো হলেও পরের তারিখের কোনো হেরফের হবে না বলে প্রথম আলোকে জানিয়েছিলেন বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ। তিনি বলেন, প্রথম কিস্তির ক্ষেত্রে টাকার অঙ্কটি বড়। আর এ নিয়ে অপারেটররা আবেদনও করেছেন। তাই কিছু সময় বাড়ানো হবে।এদিকে বিটিআরসি লাইসেন্স নবায়নে স্পেকট্রাম মূল্যের ওপর ১৫ শতাংশ (শতভাগ স্পেকট্রাম মূলের সঙ্গে ভ্যাট যোগ করা) ভ্যাট দেওয়ার যে বিধান নীতিমালায় সংযোজন করেছিল, তা নাকচ করে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের সিদ্ধান্ত অনুযায়ী, এখন স্পেকট্রাম মূল্যের ৮৫ শতাংশ বিটিআরসি পাবে। আর বাকি ১৫ শতাংশ ভ্যাট হিসেবে পাবে এনবিআর। যদিও এ নিয়ে বিটিআরসি এখনো তাদের অবস্থান খোলাসা করেনি। মন্ত্রণালয় থেকেও কিছু জানানো হয়নি।আগামী ১০ নভেম্বর চার অপারেটরের ১৫ বছরের লাইসেন্সের মেয়াদ শেষ হবে।বিটিআরসির চেয়ারম্যান জানান, চলতি বছরের ওই ১০ নভেম্বরেই আরও ১৫ বছরের জন্য চার অপারেটরকে নবায়নকৃত টু-জি লাইসেন্স অনুমোদনের চিঠি হস্তান্তর করা হবে।