অপারেশন ক্লিন হার্টের দায়মুক্তির আইন কেন অবৈধ নয়: হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে ‘অপারেশন ক্লিন হার্ট’ নামে পরিচালিত অভিযানের কার্যক্রমকে দায়মুক্তি দিয়ে করা আইন কেন সংবিধানের সঙ্গে অসংগতিপূর্ণ ও বাতিল ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই অভিযানে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে ১০০ কোটি টাকার তহবিল গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তা-ও জানতে চাওয়া হয়।গতকাল রোববার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল জারি করেন। আইন, প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রসচিব, সেনা সদর দপ্তরের কমান্ডার ইন চিফ অব আর্মড ফোর্সেস ও পুলিশের মহাপরিদর্শককে ছয় সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর ২০০২ সালের ১৬ অক্টোবর থেকে ২০০৩ সালের ৯ জানুয়ারি পর্যন্ত অপারেশন ক্লিন হার্ট নামে যৌথ বাহিনীর অভিযান চলে। ওই অভিযানের কার্যক্রমকে দায়মুক্তি দিয়ে ২০০৩ সালের ২৪ ফেব্রুয়ারি ‘যৌথ অভিযান দায়মুক্তি আইন, ২০০৩’ করা হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্না গত ১৪ জুন হাইকোর্টে রিট আবেদনটি করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ্দীন মালিক। আদেশের পর শাহ্দীন মালিক প্রথম আলোকে বলেন, বাংলাদেশ ১৯৯৮ সালে নির্যাতনবিরোধী আন্তর্জাতিক কনভেনশনে সই করেছে। ওই আইনের ১৪ ধারা অনুসারে রাষ্ট্রীয় বাহিনীর হাতে কেউ নির্যাতিত হলে ও এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হলে প্রয়োজনে ক্ষতিপূরণ প্রদানে রাষ্ট্রকে দায়িত্ব নিতে বলা হয়েছে। ইতিমধ্যে ফিলিপাইনে এটা করা হয়েছে। ভারতের সুপ্রিম কোর্টও এই ধরনের ক্ষতিপূরণের বিষয়ে বেশ কটি রায় দিয়েছেন। তিনি বলেন, যৌথ অভিযান (ক্লিন হার্ট) দায়মুক্তি আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়েছে। আদালত প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করেছেন। রিট আবেদনকারী ও বাংলাদেশ বার কাউন্সিলের হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান আইনজীবী জেড আই খান পান্না প্রথম আলোকে বলেন, ওই আইনে বলা হয়, অভিযানে ক্ষতিগ্রস্ত কেউ কোনো আদালতে প্রতিকার চাইতে পারবে না। কারও বিরুদ্ধে মামলা বা বিচার প্রার্থনা করা যাবে না। এটা সংবিধানের মৌলিকতার সম্পূর্ণ পরিপন্থী। নির্যাতিত হবে, খুন হবে কিন্তু প্রতিকার চাওয়া যাবে না—এর চেয়ে কালো ও খারাপ আইন হতে পারে না। বিচারবহির্ভূত যেকোনো হত্যাকাণ্ড আইনের শাসনের পরিপন্থী। এ কারণে আইনটি চ্যালেঞ্জ করে রিটটি করা হয়। এত দিন পর রিট দায়ের করার বিষয়ে তাঁর ব্যাখ্যা, ‘তথ্য-উপাত্ত সংগ্রহ ও প্রস্তুতির জন্য কিছুটা সময় লেগেছে। পাশাপাশি সমমনা মানবাধিকারকর্মী ও আইনজীবীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে ও সময়োপযোগিতা বিবেচনা করে রিটটি করা হয়।’ অপারেশন ক্লিন হার্টের সময় কত লোক মারা গেছে—জানতে চাইলে জেড আই খান পান্না বলেন, পত্রপত্রিকার খবর অনুযায়ী, প্রায় চার মাসের ওই অভিযানে ৪৮ থেকে ৫২ জন নিহত হয়েছেন। যৌথ বাহিনীর দাবিমতে, এরা সবাই হূদেরাগে আক্রান্ত হয়ে মারা গেছেন। যৌথ অভিযানে করা যাবতীয় কার্যাদির জন্য দায়মুক্তি বিষয়ে ওই আইনের ৩(ক) ধারায় বলা হয়, ‘২০০২ সালের ১৬ অক্টোবর থেকে ২০০৩ সালের ৯ জানুয়ারি পর্যন্ত দেশের শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সকল আদেশ, উক্ত আদেশসমূহ বাস্তবায়নে যাবতীয় কাজ এবং এর অধীনে যৌথ অভিযানে নিয়োজিত শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য বা দায়িত্বপ্রাপ্ত অন্য কেউ ওই সময়ে দায়িত্ব বিবেচনায় প্রদত্ত আদেশ, কৃত আটক, গ্রেপ্তার, তল্লাশি ও জিজ্ঞাসাবাদসহ সকল প্রকার কার্য ও গৃহীত ব্যবস্থা, প্রচলিত আইনে ও আদেশসমূহে যাই থাকুক না কেন, আদেশ প্রদানকারী এবং উক্ত আদেশ পালনকারী এবং কার্য সম্পাদনকারী এবং যৌথ অভিযানে নিয়োজিত শৃঙ্খলা বাহিনীর সদস্যগণকে সর্বপ্রকার দায়মুক্ত করা হইল।’ আইনের ৩(খ) ধারায় বলা হয়, ‘ওই আদেশে কারও প্রাণহানি, জান-মালের কোন ক্ষতি বা কারও অধিকার ক্ষুণ্ন হলে বা কেহ আর্থিক, শারীরিক বা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হলে বা কেহ অন্য কোনভাবে সংক্ষুব্ধ হলে আদেশ প্রদানকারী বা কার্য নির্বাহীর বিরুদ্ধে কোন আদালতে কোন প্রকার দেওয়ানি বা ফৌজদারি মোকদ্দমা বা কার্যধারা বা অন্য কোন প্রকার আইনগত কার্যধারা চলিবে না।’ রিট আবেদনে বলা হয়, আইনের এই ধারাগুলো সংবিধানের ৭ অনুচ্ছেদ (সংবিধানের প্রাধান্য), ২৬ অনুচ্ছেদ (মৌলিক অধিকারের সহিত অসামঞ্জস্য আইন বাতিল), ২৭ অনুচ্ছেদ (আইনের দৃষ্টিতে সমতা), ৩১ অনুচ্ছেদ (আইনের আশ্রয় লাভের অধিকার) ৩২ অনুচ্ছেদ (জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার-রক্ষণ), ৩৩ অনুচ্ছেদ (গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষাকবচ) এবং ৪২ অনুচ্ছেদ (সম্পত্তির অধিকার) পরিপন্থী।