স্বাধীনতার চার দশক পূর্তির বছর পার করছি আমরা। স্বাধীনতার মাস মার্চে এখানে তুলে ধরা হচ্ছে ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের কতগুলো উল্লেখযোগ্য যুদ্ধ-লড়াই-অভিযান১৫ আগস্ট ১৯৭১। সকালবেলা। সুন্দরবনের সুতারখালী গ্রামে কমান্ডো দল নিয়ে অবস্থান করছেন সাবমেরিনার আহসান উল্লাহ। তিনি রেডিও অন করে বসে আছেন। খুবই উৎকণ্ঠা নিয়ে তিনি রেডিও শুনছেন। রেডিওতে গান বাজছে। তাঁর মধ্যে চাপা উত্তেজনা কাজ করছে।সকাল ঠিক সাড়ে সাতটায় রেডিওতে একটা গান বাজল। ‘আমার পুতুল আজকে যাবে প্রথম শ্বশুরবাড়ি।’ গান শুনতেই আহসান উল্লাহর উৎকণ্ঠা কেটে গেল। তিনি নির্দেশ পেয়ে গেছেন। সাংকেতিক ভাষার নির্দেশ। পলাশীতে যখন কমান্ডো ট্রেনিং চলছে, তখনই এই সংকেতটি তাঁকে জানানো হয়েছিল। ১৫ আগস্ট ভোরে আকাশবাণী কলকাতা থেকে ‘প্রথম শ্বশুরবাড়ি’ গান বাজবে, ওই দিন রাত একটার দিকে যেকোনো মূল্যে মংলা বন্দর আক্রমণ করতে হবে।আহসান উল্লাহ দলের সবাইকে নিয়ে মুষ্টিবদ্ধ হাতে শপথ নিলেন, ‘আমরা দেশের স্বাধীনতার জন্য প্রয়োজনে জীবন উৎসর্গ করতে কার্পণ্য করব না।’ সবাই জানেন, শপথের একটি বর্ণও বাগাড়ম্বর নয়। খুবই ভয়ংকর একটি অপারেশনে যাচ্ছেন তাঁরা। বেঁচে ফিরে আসা ভাগ্যের ব্যাপার। সবার সেই ভাগ্য হবে না—এটাও তাঁরা জানেন।দলের প্রত্যেকের কাছে লিমপেট মাইন, ফিনস, ড্যাগার, আর এক্সপ্লোসিভ। এখান থেকে মংলা বন্দর প্রায় পাঁচ কিলোমিটারের পথ। নদীতে জোয়ার শুরু হবে রাত দুইটায়। এ সময় সাঁতরাতে পরিশ্রম কম। জাহাজের তলায় মাইন ফিট করাও সহজ।যাত্রা শুরুর পর দেখা গেল হিসাবে খানিকটা গড়বড় হয়েছে। জোয়ার তখনো শুরু হয়নি। স্রোতের উল্টো দিকে নৌকা বাইতে গিয়ে মংলা বন্দরে পৌঁছাতে ভোর হয়ে গেল। বানিয়াশান্তা গ্রামে যখন কমান্ডো দল পৌঁছাল, তখন ভোর সাড়ে চারটা। এ গ্রামেই তাঁরা সবাই নৌকা ছাড়লেন। ঝটপট ফিনসে পরে একেকটি জাহাজকে টার্গেট করে শুরু হলো কমান্ডোদের সাঁতার।বন্দরে জাহাজগুলো বিস্তীর্ণ এলাকাজুড়ে আছে। এক জাহাজ থেকে অন্য জাহাজের দূরত্ব কোথাও কোথাও আধামাইল। কমান্ডোদের ছড়িয়ে পড়তে হবে। নদীর ওপর দিয়ে সমানে সার্চলাইটের আলো ঘুরছে। বন্দরজুড়ে কয়েকটা গানবোট ছোটাছুটি করছে। কমান্ডোদের বুক ধুকপুক করছে। এই হয়তো গানবোট থেকে গুলির ঝাঁক ছুটে এসে এফোঁড়-ওফোঁড় করে ফেলবে।জাহাজের কাছে পৌঁছে কমান্ডোরা মাইন ফিট করতে শুরু করেছেন। কোমরে পেঁচানো গামছার মধ্যে মাইন। জাহাজের তলার দিকটায় শেওলা জমে আছে। সন্তর্পণে শেওলা সরিয়ে মাইন ফিটিং চলছে। এক ডুবে মাইন বসানো খুব কঠিন। চার-পাঁচ ফুট গভীরে ডুব দিয়ে ছুরি দিয়ে ঘষে ঘষে শেওলা তোলা সময়সাপেক্ষ। কাউকে কাউকে তিন-চারবার ডুব দিতে হচ্ছে।মাইন লাগানো শেষ করেই মুক্তিবাহিনীর কমান্ডোরা ফিরতি সাঁতার দিয়েছেন। দূরে অন্ধকারের মধ্যে তাঁদের জন্য অপেক্ষা করছে নৌকা। নৌকায় চড়ে তাঁরা নিরাপদে সরে যেতে পারবেন। কমান্ডোরা সবাই বিচ্ছিন্ন। আকাশের তাঁরা দেখে দেখে তাঁরা সাঁতরে চলেছেন। পেছনে জাহাজগুলো তখনো ঢেউয়ের তালে দুলছে। গানবোটগুলো নদীর মধ্যে হন্যে হয়ে ঘুরছে। আর হঠাৎ হঠাৎ চিড়িক দিচ্ছে সার্চলাইটের আলো।পশুর নদীর বিশাল ঢেউগুলো সহসা উল্টে দিয়ে মাঝনদীতে প্রথম বিস্ফোরণ ঘটল। তারপর প্রশান্ত বন্দরজুড়ে শুরু হলো লঙ্কাকাণ্ড। পাল্লা দিয়ে মাইন ফাটছে। সঙ্গে সঙ্গে শত্রুর গুলি শুরু হয়েছে। কমান্ডোদের রক্ষায় নিয়োজিত গেরিলা বাহিনীও পাল্টা গুলি করছে। জাহাজে দাঁড়ানো হতভম্ব সান্ত্রিরা বেশিক্ষণ গুলি চালানোর সুযোগ পেল না। জাহাজের ডেক একদিকে কাত হয়ে যাচ্ছে। মাইনের বিস্ফোরণে তৈরি হওয়া ফুটো দিয়ে বানের মতো পানি ঢুকছে। পরপর ৩০-৪০টির মতো মাইন ফেটেছে। আর তারস্বরে সাইরেন বেজে চলেছে। কানে তালা লেগে যাওয়ার মতো অবস্থা।কমান্ডোদের কেউ কেউ তীরের নাগাল পেয়েছেন। তবে নিরাপদে চলে যাওয়ার নৌকা কেউ খুঁজে পাচ্ছেন না। তাঁরা হয়তো ভুলদিকে সাঁতরাচ্ছেন। গুলির ভয়ে নৌকাও নিরাপদে সরে গিয়ে থাকতে পারে। আহসান উল্লাহ কয়েকজনকে নিয়ে পারে উঠেছেন। তাঁরা দৌড়ে একটি স্কুলের মধ্যে ঢুকে পড়লেন। একটু পরই সূর্য উঠবে। কমান্ডোদের অনেকেই এখনো ফেরেননি। স্কুলঘরে গ্রামবাসীর ভিড় জমে গেছে। তাঁরা সাধ্যমতো নিয়ে এসেছেন নারকেল, গুড়, মুড়ি—যে যেমন পেরেছেন। এই বীর সন্তানদের একটু সমাদর করতে গ্রামের প্রতিটি মানুষের মন তড়পাচ্ছে। কমান্ডো দলের মধ্যেও ছটফট করছে আবেগ। কতগুলো জাহাজ ডোবাতে পারলেন তাঁরা? কেউ জানেন না। কিন্তু সন্দেহ নেই, শত্রুর মেরুদণ্ড তাঁরা ভেঙে দিয়ে এসেছেন। আজ রাতেই বাংলাদেশের বিভিন্ন বন্দর মুক্তিবাহিনীর কমান্ডোরা মাইন বিস্ফোরণে কাঁপিয়ে দিয়েছেন। অচিরেই অচল হয়ে যাবে এসব বন্দর। সাড়ে সাত কোটি মানুষের মুক্তির সলতে একটু একটু করে জ্বলে উঠছে। মুক্তি আসছে।সূত্র: বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস (সেক্টর-১০) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।গ্রন্থনা: মুহাম্মদ লুৎফুল হক ও তৈমুর রেজা