অপুষ্টির চক্রে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুরাই জাতির ভবিষ্যৎ। কিন্তু আমাদের দেশের অনেক শিশু প্রতিনিয়তই নানাভাবে বঞ্চনা ও নির্যাতনের শিকার হচ্ছে। তাদের অধিকারগুলো সুরক্ষিত হচ্ছে না। কিন্তু এ নিয়ে যেন কারও কিছু বলার নেই। এসব শিশুর জন্য আমাদের এই আয়োজনঅপুষ্টির জটিল চক্রে আটকে গেছে বাংলাদেশ। এই পরিস্থিতি থেকে বের হয়ে আসা কঠিন। অপুষ্টি দূর করতে যে উদ্যোগ প্রয়োজন, বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে তার অভাব রয়েছে।বাংলাদেশ পাঁচ বছরের কম বয়সী শিশুমৃত্যুর হার কমানোর ক্ষেত্রে বড় সাফল্য অর্জন করেছে। এ জন্য ২০১০ সালের সেপ্টেম্বরে নিউইয়র্কে অনুষ্ঠিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য শীর্ষ সম্মেলনে বিশেষ স্বীকৃতিও পেয়েছে বাংলাদেশ। তবে সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপের প্রাথমিক ফলাফলে বলা হচ্ছে, পাঁচ বছরের কম বয়সী ১০০ শিশুর মধ্যে বয়সের তুলনায় ৩৬ শিশুর ওজন কম (আন্ডারওয়েট) এবং ৪১ শিশুর উচ্চতা কম (স্টান্টিং)।বৈপরীত্যও রয়েছে। গত চার বছরে জন্মের পর প্রথম ছয় মাস শুধু বুকের দুধ খাওয়ানোর হার ৪৩ থেকে বেড়ে ৬৪ শতাংশে দাঁড়িয়েছে। শিশুদের টিকা দেওয়ার হার ৮০ শতাংশ। অন্যদিকে যুক্তরাজ্য থেকে প্রকাশিত ব্রিটিশ মেডিকেল জার্নাল-এ (২০০৯) বলা হয়েছে, দেশের ৮০ শতাংশ শিশু ও ৪০ শতাংশ অন্তঃসত্ত্বা নারী রক্তস্বল্পতায় ভুগছে। এ ছাড়া সন্তানদানে সক্ষম তিনজন নারীর একজন অপুষ্টির শিকার। পুষ্টিবিদেরা এ পরিস্থিতিকে রহস্য (এনিগমা) বলছেন। পরিস্থিতি আরও নাজুক হতে পারে, এমন আশঙ্কা করছেন পুষ্টিবিদ অধ্যাপক এম কিউ কে তালুকদার। প্রথম আলোকে তিনি বলেন, ধারাবাহিক কিছু কর্মসূচির ফলে দেশের পুষ্টি-পরিস্থিতির উন্নতি হয়েছিল। সেই ধারাবাহিকতা ক্ষুণ্ন করে সরকার জাতীয় পুষ্টি কর্মসূচি (এনএনএস) হাতে নিয়েছে। বর্তমান কর্মসূচিতে মাঠপর্যায়ে প্রশিক্ষিত ও দক্ষ জনবল নেই। এক বছরের বেশি সময় মাঠপর্যায়ে পুষ্টিবিষয়ক কোনো কাজই নেই।রহস্য, না চক্র: আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) পুষ্টি বিভাগের পরিচালক তাহমিদ আহমেদ বলেন, পুষ্টির কিছু সূচকে বাংলাদেশের অগ্রগতি চোখে পড়ার মতো। আবার কিছু ক্ষেত্রে অবস্থা আফ্রিকার সাব-সাহারা এলাকার চেয়েও খারাপ। এই পরিস্থিতিকে এশিয়ার রহস্য বা এনিগমা বলা হচ্ছে।দক্ষিণ এশিয়ার দেশগুলোতে প্রায় ৫০ শতাংশ শিশু কম ওজন নিয়ে জন্ম নেয়। আফ্রিকার সাব-সাহারা এলাকায় এই হার ১৫ শতাংশ। গর্ভাবস্থায় আফ্রিকার নারীদের ওজন গড়ে ১০ কেজির মতো বাড়ে, সেই তুলনায় দক্ষিণ এশিয়ার গর্ভবতী নারীদের ওজন বাড়ে গড়ে পাঁচ কেজি। ছয় থেকে নয় মাস বয়সী শিশুদের মায়ের দুধের পাশাপাশি পরিপূরক খাদ্য পায় দক্ষিণ এশিয়ার ৫৩ শতাংশ শিশু; আর আফ্রিকার সাব-সাহারা এলাকায় এই হার ৬৮ শতাংশ।তাহমিদ আহমেদ বলেন, অবস্থা পরিবর্তনের জন্য কিশোরীদের পুষ্টি-পরিস্থিতির উন্নতি করতে হবে। অপুষ্টির শিকার কিশোরী মা হলে সে একটি অপুষ্ট শিশুরই জন্ম দেবে।বিজ্ঞানীরা বলছেন, অপুষ্টির শিকার মা কম ওজনের সন্তান জন্ম দেয়। ওই সন্তান পরে খর্বকায় হয়, তার মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়। এই পরিস্থিতি কিশোরী বয়সেও অব্যাহত থাকে। ওই কিশোরী মা হলে গর্ভাবস্থায় তার ওজন তেমন বাড়ে না। সেও আরেকটি অপুষ্ট শিশুর জন্ম দেয়। শিশুটি কন্যাসন্তান হলে অপুষ্টির চক্র আর শেষ হয় না। এর সঙ্গে বিভিন্ন বয়সে পর্যাপ্ত খাদ্য, স্বাস্থ্য ও অন্যান্য পরিচর্যা না পেলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়। তাহমিদ আহমেদ আরও বলেন, আজকে যদি কিশোরীদের অপুষ্টি দূর করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়, তাহলে এক প্রজন্ম পরে অপুষ্টির চক্র থেকে বের হয়ে আসা সম্ভব হবে।আঁকড়ে আছে দারিদ্র্য: ব্রিটিশ মেডিকেল জার্নাল ও সম্প্রতি বিশ্বব্যাংকের মৌসুমি ক্ষুধা এবং সরকারি নীতি (সিজনাল হাঙ্গার অ্যান্ড পাবলিক পলিসিস)-বিষয়ক বইয়ে বলা হয়েছে, মৌসুমি খাদ্যনিরাপত্তাহীনতা শিশু অপুষ্টির কারণ। বিশ্বব্যাংকের বইটিতে ১৩টি দেশের তথ্য দিয়ে বলা হয়েছে, এসব দেশের দারিদ্র্য ও ক্ষুধার সঙ্গে শিশু অপুষ্টি, শিশুর কম ওজন ও শিশুমৃত্যুর সম্পর্ক রয়েছে।দেশগুলোর একটি বাংলাদেশ। বইটির অন্যতম লেখক ও বিশিষ্ট অর্ধনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ প্রথম আলোকে বলেন, দরিদ্র পরিবারে খাদ্য বিতরণে শিশুরা বৈষম্যের শিকার হয়। তবে মৌসুমি ক্ষুধা বা মঙ্গার কারণে শিশুর পুষ্টি বিশেষভাবে ঝুঁকির মধ্যে পড়ে। বাংলাদেশে ৩০ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে। তাদের মধ্যে ১৮ শতাংশ মানুষ বাস করে চরম দারিদ্র্যসীমার নিচে। ব্রিটিশ মেডিকেল জার্নাল বলছে, এরা দৈনিক এক হাজার ৮০৫ কিলোক্যালরির কম খাবার পায়।অর্থনীতিবিদ ও পুষ্টিবিদেরা বলছেন, সারা বছর খাদ্যনিরাপত্তা নিশ্চিত না হলে অপুষ্টি দূর হবে না। সাফল্য ঝুঁকিতে: বিশেষজ্ঞরা বলছেন, ১৯৩৭, ১৯৬২, ১৯৭৫ ও ১৯৯০ সালে পুষ্টি নিয়ে জরিপে দেখা গেছে, ক্রমান্বয়ে পুষ্টি-পরিস্থিতি খারাপ হয়েছে। পরিস্থিতি উন্নতির দিকে যাওয়া শুরু করে নব্বইয়ের দশকের শুরু থেকে। ১৯৭৫ সালে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ (বিএনএনসি) গঠিত হয়। বিএনএনসি গত শতকের আশির দশকে ‘ন্যাশনাল প্ল্যান অব অ্যাকশন ফর নিউট্রিশন’ তৈরি করলেও পুষ্টি বিষয়ে কাজ তেমন হয়নি। ১৯৯৫ সালে বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ সমন্বিত পুষ্টি পরিকল্পনা (বিআইএনপি) বাস্তবায়ন শুরু হয়। শেষ হয় ২০০২ সালে। এরই ধারাবাহিকতায় ২০০২ থেকে ২০১১ সাল পর্যন্ত ১৭৬টি উপজেলায় বাস্তবায়িত হয় জাতীয় পুষ্টি কার্যক্রম (এনএনপি)।সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এনএনপি বাস্তবায়িত হয়েছে—এমন উপজেলাগুলোতে পুষ্টি-পরিস্থিতির উন্নতি হয়েছে। শিশুমৃত্যুর হার কমেছে। জন্মের পর থেকে প্রথম ছয় মাস সন্তানকে মায়ের দুধ খাওয়ানোর হার বেড়েছে। এই উন্নতির জন্য এসব উপজেলায় ৪৮ হাজার মাঠকর্মী সক্রিয়ভাবে কাজ করেছিলেন। সরকার ২০১১ সালে হঠাৎ করে এনএনপি বন্ধ করে দেয়। মাঠকর্মীরা বেকার হয়ে পড়েন। এখন যে কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে, তাতে এসব প্রশিক্ষিত ও দক্ষ মাঠকর্মীকে অন্তর্ভুক্ত করা হয়নি। মাঠপর্যায়ে বর্তমান কর্মসূচি এলোমেলো অবস্থায় আছে—এমন কথা বলেছেন একাধিক পুষ্টিবিদ।বর্তমানের ৩২টি অপারেশন প্ল্যানের মাধ্যমে স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে (জুলাই ২০১১ থেকে জুন ২০১৬)। একটি অপারেশন প্ল্যানের আওতায় রয়েছে এনএনএস। স্বাস্থ্য খাতের মোট বরাদ্দের ৭ শতাংশ পুষ্টির জন্য। একটি সূত্র বলছে, স্বাস্থ্য খাত কর্মসূচির দলিল তৈরির একপর্যায়ে শিরোনাম থেকে পুষ্টি বাদ দেওয়া হয়েছিল। এক বছর পার হলেও এনএনএস মাঠপর্যায়ে কাজ শুরু করতে পারেনি।এনএনপির সঙ্গে যুক্ত ছিলেন মোস্তাফিজুর রহমান। বর্তমানে তিনি এনএনএসের কর্মসূচি ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছেন। প্রথম আলোকে তিনি বলেন, কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মী এবং কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা মাঠপর্যায়ে পুষ্টির কাজ করবেন। তাঁদের প্রশিক্ষণ শেষ হয়েছে। তবে কাজ শুরু করা হয়নি।মোস্তাফিজুর রহমান আরও বলেন, এনএনপি দেশের ২০ শতাংশ জায়গায় বাস্তবায়িত হতো। সারা দেশে বাস্তবায়নের জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন, তা জোগাড় করা সরকারের জন্য কঠিন হয়ে পড়েছিল।অধ্যাপক তালুকদার বলেন, ১৯৯০ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঘোষণায় সদস্যদেশগুলোর পুষ্টি কার্যক্রমে স্বাস্থ্যসম্মত খাদ্য ও নিরাপদ খাদ্যের বিষয় অন্তর্ভুক্ত করার কথা বলা ছিল। কিন্তু এনএনএসে বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে বাড়িতে তৈরি হাঁড়ির খাবারের পক্ষে যে প্রচার-প্রচারণা ছিল, তার পরিবর্তে শিশুদের ‘চিকিৎসার জন্য তৈরি খাবার’ (আরইউটিএফ-রেডি টু ইউস থেরাপিউটিক ফুড) দেওয়ার কর্মসূচি নিচ্ছে সরকার। এসব কারণে দেশের পুষ্টি-পরিস্থিতি আরও নাজুক হবে।অধ্যাপক তালুকদার ও তাহমিদ আহমেদ মনে করেন, বর্তমান ধারায় চলতে থাকলে শিগগিরই দেশের পুষ্টি-পরিস্থিতির বড় ধরনের উন্নতির কোনো সম্ভাবনা নেই। অধ্যাপক তালুকদার বলেন, পুষ্টিকে উন্নয়নের বিষয় (ডেভেলপমেন্ট এজেন্ডা) হিসেবে নিয়ে এই খাতে বিনিয়োগ বাড়াতে হবে। পুষ্টিনীতি ও কর্মসূচি ঢেলে সাজাতে হবে।