অপুষ্টির জন্য সৌন্দর্য-সচেতন তরুণীরাই দায়ী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর রাজ্যে অপুষ্টির উচ্চহারের জন্য তরুণীদের সৌন্দর্য-সচেতনতা ও নিরামিষ খাওয়ার অভ্যাসকে দায়ী করেছেন। টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত খবরে বলা হয়েছে, মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাত্কারে মোদি বলেন, মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে স্বাস্থ্য-সচেতনতার চেয়ে সৌন্দর্য-সচেতনতাই বেশি। একজন মা যদি তাঁর মেয়েকে দুধ খেতে বলেন, মেয়েটি আপত্তি জানাবে। কারণ মেয়েটির ধারণা, দুধ খেলে শরীর মোটা হয়ে যায়। গুজরাটে অপুষ্টির উচ্চহারের ব্যাপারে প্রশ্ন করা হলে নরেন্দ্র মোদি এসব কথা বলেন। তাঁর রাজ্যে পাঁচ বছরের কম বয়সী শিশুদের প্রায় অর্ধেকই অপুষ্টির শিকার। তাদের স্বাভাবিক বিকাশ ব্যাহত হচ্ছে। ভারত সরকার ২০০৬ সালে এ তথ্য প্রকাশ করে। দেশটিতে শিল্প-কারখানা থেকে মাথাপিছু আয় যেসব রাজ্যে বেশি, তার মধ্যে গুজরাটও রয়েছে। তবে জনসাধারণের স্বাস্থ্য ও পুষ্টির মান বিবেচনায় রাজ্যটির অবস্থান অনেক নিচে। এ ছাড়া মানব উন্নয়ন সূচকেও নাজুক অবস্থানে রয়েছে গুজরাট। জাতীয় পরিবার-স্বাস্থ্য জরিপ অনুযায়ী গুজরাটে তিন বছরের কম বয়সী শিশুদের ওজনস্বল্পতায় আক্রান্ত হওয়ার হার ৪১ শতাংশের বেশি। এ ছাড়া রাজ্যটিতে ১৫ থেকে ৪৫ বছর বয়সী নারীদের মধ্যে রক্তস্বল্পতায় ভোগার হার ৫৫ শতাংশের বেশি।রাজ্য সরকারের কর্মকর্তারা বলেন, গুজরাটের গ্রামাঞ্চলে স্বাস্থ্য উন্নয়নের ওপর সম্প্রতি জোর দেওয়া হয়েছে। সরকার বড় ধরনের পরিবর্তন আনার চেষ্টা করছে।