প্রতিবন্ধীদের নিয়ে গানের প্রতিযোগিতা
অপূর্ণ স্বপ্ন, আর্থিক ক্ষতিতে ক্ষুব্ধ প্রতিবন্ধীরা
তাঁরা ১৬ জন, দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধী। চমৎকার তাঁদের কণ্ঠ। তাঁদের স্বপ্ন দেখানো হয়েছিল, টেলিভিশনে একটি গানের প্রতিযোগিতায় সেরা চারে উঠলেই তাঁরা পাবেন পুরস্কার। বদলে যাবে জীবন।ওই প্রতিযোগিতার সেরা ১৬-তেও ওঠেন তাঁরা। কিন্তু চূড়ান্ত পর্ব আর হয়নি। ফলে হয়নি স্বপ্নপূরণও। কিন্তু এ প্রতিযোগিতায় অংশ নেওয়া বাবদ তাঁদের অনেক অর্থ খরচ হয়েছে। এ ছাড়া তাঁদের অভিযোগ, চূড়ান্ত পর্বে সেরা শিল্পী বানাতে মুঠোফোনে খুদে বার্তা (এসএমএস) পাঠানোর কথা বলে তাঁদের কাছ থেকে নেওয়া হয়েছে সব মিলিয়ে কয়েক লাখ টাকা। এই টাকা নিয়েছেন অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান ‘কিংবদন্তী’ মিডিয়ার স্বত্বাধিকারী বিপ্লব রহমান। খুদে বার্তা পাঠাতে তাঁরাও বিপুল টাকা খরচ করেন। এত আর্থিক ক্ষতিতে এই প্রতিবন্ধীরা ক্ষুব্ধ, ব্যথিত। তাঁরা এর প্রতিকার চান।তবে বিপ্লব রহমান বলেছেন, টাকা নিয়ে তিনি এসএমএস করেছেন। স্পনসর ও অর্থের অভাবে দুবার উদ্যোগ নিয়েও চূড়ান্ত পর্ব করতে পারেননি।ভুক্তভোগী এই ১৬ প্রতিবন্ধী হলেন: কুষ্টিয়ার টিপু সুলতান, সুজন রহমান, আবদুর রহমান, সাতক্ষীরার দীপংকর মজুমদার, গোপালগঞ্জের বাবু বিশ্বাস, রাজশাহীর রামিম, ইমন হোসেন, সিরাজগঞ্জের রবিউল, ঢাকার মেরিনা, মোহাম্মদ ইব্রাহিম, রাজীব হাসান, নড়াইলের খালিদ শাওন, নওগাঁর মীর মো. জুবায়ের আলম, চট্টগ্রামের হারুন, পাবনার মাসুদ ও বগুড়ার কণা। তাঁরা প্রথম আলোকে জানান, ২০০৯ সালে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে ‘ভিশন লিভিং অন্য আলোর গান’ নামের একটি অনুষ্ঠান শুরু করেন বিপ্লব রহমান। কয়েকটি প্রতিষ্ঠানের স্পনসরে ২০০৯ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠানটির প্রচার শুরু হয়। সারা দেশের ৯০০ দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধী এতে অংশ নেন। তিন মাস পর ৯০০ প্রতিযোগী থেকে নির্বাচিত হন সেরা ১৬ জন। এরপর অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। এ সময় কিংবদন্তীর পক্ষ থেকে বলা হয়, স্পনসর প্রতিষ্ঠান অর্থ বিনিয়োগে এবং বাংলাভিশন প্রচারে রাজি না হওয়ায় অনুষ্ঠানটি বন্ধ করতে হচ্ছে।ওই ১৬ প্রতিযোগী জানান, ২০১০ সালের সেপ্টেম্বরে আবার অনুষ্ঠানটি চালুর উদ্যোগ নেয় কিংবদন্তী। এবার প্রচার হয় বৈশাখী টেলিভিশনে। অনুষ্ঠানটির নাম হয় ‘বিশ্বাস বিল্ডার্স অন্য আলোর গান’। জাতীয় প্রতিবন্ধী ফোরামসহ কয়েকটি প্রতিষ্ঠান এবার স্পনসর করে। এ অনুষ্ঠানে আগের সেরা ১৬ জনের সঙ্গে যুক্ত করা হয় আরও ৩০ জনকে। এই ৪৬ জনের মধ্য থেকে ২০১১ সালের ফেব্রুয়ারিতে সেরা ১৬ জন নির্বাচিত করা হয়। এরপর শুরু হয় এসএমএসে ভোটপর্ব।প্রতিবন্ধীরা অভিযোগ করেন, তাঁদের বলা হয়, সেরা চারে থাকা প্রতিযোগীরা পুরস্কার হিসেবে পাবেন পূর্বাচল সিটিতে ফ্ল্যাট। এ ছাড়া আরও বড় বড় পুরস্কার আছে। বিপ্লব রহমান বলেন, তাঁকে টাকা দিলে তিনি এসএসএম পাঠিয়ে সেরা চারে পৌঁছানোর ব্যবস্থা করবেন। তাঁরা টাকা দেন। পাঠানো হয় লাখ লাখ এসএমএস। কিন্তু চূড়ান্ত পর্ব করা হয়নি।দৃষ্টিপ্রতিবন্ধী শিল্পী টিপু সুলতান প্রথম আলোকে বলেন, ‘বিপ্লব রহমান টাকা চাইলে আমরা রাজি হচ্ছিলাম না। কিন্তু তিনি বলেন, টাকা না দিলে অনুষ্ঠান বন্ধ হয়ে যাবে। এরপর আমি তাঁকে এক লাখ ২৬ হাজার টাকা দিই। কিন্তু এক বছর পরও অনুষ্ঠানটি হচ্ছে না। এখন বিপ্লব আমাদের ফোনও ধরেন না।’ দৃষ্টিপ্রতিবন্ধী নড়াইলের খালিদ শাওন বলেন, ‘আমার কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়েছেন বিপ্লব। বলেছেন, ওই টাকা দিয়ে এসএমএস করবেন, আর আমি সেরা হব। আমার কাছে টাকা জমা দেওয়ার রসিদও আছে।’সিরাজগঞ্জের রবিউল জানান, তিনি দিয়েছেন চার লাখ টাকা। সাতক্ষীরার দীপংকর মজুমদার এক লাখ ৩০ হাজার ও নওগাঁর জুবায়ের এক লাখ ৮০ হাজার টাকা নেওয়ার অভিযোগ করেন বিপ্লবের বিরুদ্ধে। জুবায়ের বলেন, ‘বুঝতেই পারিনি আমাদের সঙ্গে কেউ এমন করবে।’কুষ্টিয়ার সুজন বলেন, ‘এসএমএস বাবদ আমার তিন-চার লাখ টাকা খরচ হয়েছে।’ শারীরিক প্রতিবন্ধী ইব্রাহিম এসএমএস করতে ৬০ হাজার টাকা খরচ হওয়ার কথা জানান। সেরা ১৬-তে থাকা ১১ বছরের শারীরিক প্রতিবন্ধী মোহাম্মদ রামীমের মা রাশিদা বেগম বলেন, ‘এসএমএস পাঠাতে ধারদেনা করে দেড় লাখ টাকা খরচ করেছি। এর মধ্যে ২০ হাজার টাকা সরাসরি বিপ্লব নিয়েছেন।’বাবু, ইমন, মেরিনা, কণা, হারুন ও রাজীবের অভিযোগও একই রকম।বিপ্লব রহমানের বক্তব্য: এই প্রতিযোগীদের অভিযোগের বিষয়ে জানতে ৫৭/ই কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে কিংবদন্তী মিডিয়ার কার্যালয়ে গিয়ে কথা হয় প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিপ্লব রহমানের সঙ্গে। বাংলাভিশনে অনুষ্ঠানটি বন্ধ হওয়া সম্পর্কে তিনি বলেন, স্পনসর ভিশন গ্রুপের ১৩ লাখ টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু পুরো টাকা পাইনি। এর মধ্যে আমার ৩০ লাখ টাকা বাকি পড়ে যায়। কেউ পাশে ছিল না। তাই ১৫ পর্বের পর অনুষ্ঠান বন্ধ করে দিই।’ বৈশাখীতে অনুষ্ঠান বন্ধ হওয়া প্রসঙ্গে বলেন, ‘আমার খরচ হয়েছিল এক কোটি ২০ লাখ টাকা। কিন্তু স্পনসর পেলাম ৫৬ লাখ টাকা। নানা জায়গায় খরচ বাড়তে লাগল। এর মধ্যে জাতীয় প্রতিবন্ধী ফোরাম প্রস্তাব দিল, অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে দাওয়াত করা যায়। এরপর আমরা প্রধানমন্ত্রীর সময় পাওয়ার জন্য চেষ্টা করলাম। এই করে ছয় মাস পার হয়ে গেল।’ তিনি বলেন, ‘একপর্যায়ে আমার মনে হলো, অনুষ্ঠানটি শেষ করা দরকার। কিন্তু আমার কাছে তখন টাকা নেই। কেউ এগিয়ে আসছে না। তাই শেষ করতে পারছি না। যা-ই হোক, ছোট করে হলেও চূড়ান্ত পর্ব করার চেষ্টা করব।’সেরা চারে নেওয়ার নাম করে প্রতিযোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বিপ্লব প্রথমে অস্বীকার করেন। এরপর অভিযোগকারীদের নাম উল্লেখ করলে তিনি বলেন, ‘রবিউল, শাওন, টিপু, জুবায়ের—এদের কাছ থেকে টাকা নিয়েছি; চার-পাঁচ লাখ টাকার বেশি হবে না।’ তাঁরা তো আরও বেশি টাকা দেওয়ার অভিযোগ করেছেন—এ কথায় তিনি বলেন, ‘তারা আমাকে শেষ মুহূর্তে এসএমএস পাঠানোর জন্য টাকা দিয়েছিল। সেই টাকা দিয়ে এসএমএস করেছি।’জানতে চাইলে বৈশাখী টেলিভিশনের অনুষ্ঠানপ্রধান আহসান কবির প্রথম আলোকে বলেন, ‘প্রতিবন্ধীদের জন্য এমন একটি অনুষ্ঠান হবে দেখে বৈশাখীর ঊর্ধ্বতন কর্মকর্তারা খুব সদয়ভাবে এটি বিবেচনা করেছিলেন। বৈশাখী বিনে পয়সায় বিপ্লবকে অনুষ্ঠানটি দেখানোর সুযোগ করে দিয়েছে। অর্থাৎ চাঙ্কের ভাড়া নেওয়া হয়নি।’ প্রতিযোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে আমাদের জানা নেই।’