অপেক্ষা!
পুরো ক্রিকেট-বিশ্বই অপেক্ষায় আছে এই মাহেন্দ্রক্ষণের। কবে আসবে আন্তর্জাতিক ক্রিকেটে শচীন টেন্ডুলকারের ‘সেঞ্চুরির সেঞ্চুরি!’ আসবে তো? টেন্ডুলকারের সেঞ্চুরির অতীত ইতিহাস বিশ্লেষণ করেছেন শাহরিয়ার ফিরোজওয়াংখেড়েকে স্তব্ধ করে দিয়ে ৯৪ রানে আউট হয়ে ফিরে যাচ্ছেন—টিভি সেটের সামনে বসে থাকা এক টেন্ডুলকার-ভক্ত হাতে ঘুষি মেরে বললেন, ‘ধেৎ, আর জীবনেও সেঞ্চুরি হবে না!’আর মাত্র ৬ রান হলেই ইতিহাস—এই প্রত্যাশার এমন অপমৃত্যু দেখেই অমন ভবিষ্যদ্বাণী। ক্রিকেটীয় বিশ্লেষণে টেন্ডুলকারের ‘ট’ও যাঁরা বোঝেন, আড়ালে-আবডালেও তাঁরা এমন বলবেন না। টেন্ডুলকার গ্রেট, আর গ্রেটদের নিয়ে কখনোই শেষ কথা বলে ফেলতে নেই। পাঁচ বছর পেছনে গেলেই তো বড় প্রমাণ পাওয়া যাবে। ২০০৬ সালে পাকিস্তান সফরে ফয়সালাবাদ টেস্টে শোয়েব আখতারের আগুনে গোলার সামনে নড়বড়ে টেন্ডুলকারকে দেখে ভারতের শীর্ষস্থানীয় দৈনিক ‘এন্ডুলকার’ শিরোনাম দিয়ে টেন্ডুলকারের শেষ টেনে দিয়েছিল! সেই টেন্ডুলকারই ওই ফয়সালাবাদ টেস্টের পর ক্যারিয়ারে যোগ করেছেন আরও ১৬ সেঞ্চুরি, ৪৭১৪ রান!সেঞ্চুরির জন্য সমর্থকদের হাপিত্যেশের কারণও কিন্তু টেন্ডুলকার নিজে নন। কারণ সমর্থকেরাই। তাদের প্রত্যাশা; যে প্রত্যাশার শুরু গত বিশ্বকাপে নাগপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করার পর থেকেই। আন্তর্জাতিক ক্রিকেটে সেটি ছিল তাঁর ক্যারিয়ারের ৯৯তম সেঞ্চুরি। এরপর টেন্ডুলকার মাঠে নামলেই সেঞ্চুরির সেঞ্চুরি দেখার আশায় খেলা দেখেছেন সমর্থকেরা। যে অপেক্ষায় দাঁড়ি পড়েনি এখনো।মাঝখানে পেয়েছিলেন সেঞ্চুরির সেঞ্চুরি করার দারুণ দুটি মঞ্চ। ইংল্যান্ড সফরে ২০০০তম টেস্টে ভারত-ইংল্যান্ডের ১০০তম ম্যাচটি ছিল ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে। টেন্ডুলকারের শততম সেঞ্চুরির জন্য তৈরি ছিল একেবারে আদর্শ মঞ্চ। কিন্তু সেই মঞ্চে আলো ছড়াতে পারেননি টেন্ডুলকার। লর্ডসে বরাবরের মতোই থেকেছেন নিষ্প্রভ।দ্বিতীয় মঞ্চটি ছিল মাত্রই শেষ হওয়া মুম্বাই টেস্ট। ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে কাছাকাছি গিয়েও সেঞ্চুরি করতে না পারার যন্ত্রণাটা টেন্ডুলকারকে যতটা না ছুঁয়েছে, তার চেয়ে বেশি ছুঁয়েছে সমর্থকদের। ওয়াংখেড়েতে সেঞ্চুরি হচ্ছে ধরে নিয়েই এক শ সোনার কয়েন বানিয়ে রেখেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অপেক্ষাটা বেড়েছে তাদেরও। ‘রেকর্ডের দিকে তাকিয়ে খেলি না’—টেন্ডুলকারের এই আপ্তবাক্য কার না মুখস্থ! তবে সেটি কথার কথাই। শততম সেঞ্চুরির জন্য অপেক্ষা তাঁকেও যথেষ্টই চাপে ফেলেছে। আর সমর্থকদের প্রতিক্রিয়া দেখে কখনো কখনো মনে হয়, টেন্ডুলকারের চেয়েও যেন হতাশাটা তাদেরই বেশি।পরিসংখ্যান কিন্তু সাক্ষী, সেঞ্চুরির জন্য টেন্ডুলকারের এই অপেক্ষাটা এবারই সবচেয়ে দীর্ঘ নয়। টেস্টে টেন্ডুলকার সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউনে। তারপর খেলেছেন আরও ৭টি টেস্ট। কিন্তু দুই সেঞ্চুরির মাঝে সেঞ্চুরিহীন আরও বেশি টেস্ট কেটেছে তাঁর। প্রথম টেস্ট সেঞ্চুরি পেয়েছিলেন নবম টেস্টে। ৩৫ ও ৩৬তম টেস্ট সেঞ্চুরির মাঝে ১০ টেস্টে সেঞ্চুরিহীন থাকতে হয়েছে তাঁকে। টেন্ডুলকারের টানা সবচেয়ে বেশি টেস্টে সেঞ্চুরিহীন থাকার ‘রেকর্ড’ এটিই। সেঞ্চুরিহীন টানা আটটি টেস্টও আছে একবার। তিনবার দুই সেঞ্চুরির মাঝখানে সাত টেস্টের খরা গেছে।ওয়ানডেতে টেন্ডুলকার সবচেয়ে বেশি সেঞ্চুরিহীন থেকেছেন ক্যারিয়ার শুরুর দিনগুলোয়। প্রথম সেঞ্চুরি পাওয়ার জন্য তাঁকে অপেক্ষা করতে হয়েছে ৭৯ ম্যাচ। সেঞ্চুরির জন্য এত বেশি অপেক্ষা আর করতে হয়নি তাঁকে। এরপর মাত্র দুবারই মাঝখানে ৩০টি কিংবা তার চেয়ে বেশি ম্যাচে সেঞ্চুরিশূন্য থেকেছেন। ৪১ থেকে ৪২তম সেঞ্চুরিটি পেতে ৩৭ ম্যাচ খেলতে হয়েছে। ৩২টি ম্যাচ খেলতে হয়েছে ১২তম সেঞ্চুরি থেকে ১৩তম সেঞ্চুরিতে পা রাখতে। তাঁর সেঞ্চুরি-গ্রাফটা ঊর্ধ্বমুখী না নিম্নমুখী সে সম্পর্কে আরও ভালো ধারণা নিতে পারেন এই তথ্যে—প্রথম ১০টি টেস্ট সেঞ্চুরি করেছেন ৪১ ম্যাচে। পরের ২০টি সেঞ্চুরি পেয়েছেন ৫৮ টেস্টে। তবে এর পরের ১০টি সেঞ্চুরি করতে তাঁকে খেলতে হয়েছে ৫৫টি টেস্ট। এই সময়টাতে ‘পারফরম্যান্স’ গ্রাফটা নিম্নমুখী হলেও ৪০ সেঞ্চুরির পর পরের ১০টি সেঞ্চুরি করতে তাঁকে খেলতে হয়েছে মাত্র ২১টি টেস্ট।টেস্টে এই গ্রাফটা এখনো ঊর্ধ্বমুখী হলেও ওয়ানডেতে তা ভূমিমুখী। ৭৯তম ম্যাচে প্রথম সেঞ্চুরি পাওয়ার পর ১৩৪তম ম্যাচে দেখা পান দশম সেঞ্চুরির। ১০ থেকে ২০ আর ২০ থেকে ৩০—কাকতালীয়ভাবে পরের দুটি ‘১০ সেঞ্চুরি’ই ৭০ ম্যাচে। কিন্তু ৩০ থেকে ৪০তম সেঞ্চুরিটি করতে খেলতে হয়েছে ৯০ ম্যাচ। সর্বশেষ চারটি ওয়ানডেতে সেঞ্চুরিশূন্য টেন্ডুলকার ৪০তম সেঞ্চুরির পর খেলেছেন ৮৯টি ওয়ানডে। যেখানে সেঞ্চুরি এসেছে মাত্র ৮টি। শেষ টেস্ট ইনিংসে মাত্র ৪ রান করতে পারলেই ব্যাটিং-গড়কে ঠিক ১০০ করে ফেলতেন স্যার ডন ব্র্যাডম্যান। ১২টি ডাবল সেঞ্চুরিতে সমৃদ্ধ যাঁর ক্যারিয়ার, সেই ব্র্যাডম্যান কিনা শেষ ইনিংসে আউট হলেন শূন্য রানে! বিধাতা কাউকে ‘ছাপ্পর ফাইড়া’ দেওয়ার পরও একটা অপূর্ণতা রেখে দেন। টেন্ডুলকারকে নিয়ে ভক্তদের ভয়টাও সেখানেই।টেন্ডুলকারের শততম আন্তর্জাতিক সেঞ্চুরিও না ব্র্যাডম্যানের ১০০ ব্যাটিং গড়ের মতো অপূর্ণতার গল্প হয়ে থাকে!১০০ প্রথম টেস্ট সেঞ্চুরি ৯ম ম্যাচে প্রথম ওয়ানডে সেঞ্চুরি ৭৯তম ম্যাচে টেস্টে সবচেয়ে বেশি টানা সেঞ্চুরিহীন থেকেছেন ১০ ম্যাচ ওয়ানডেতে ১৮১১১ রানের ৬০০৮ এসেছে সেঞ্চুরিতে টেস্টে ১৫১৮৩ রানের ৭৪৩৫ এসেছে সেঞ্চুরিতে টেস্টে প্রতি ৩.৬ ম্যাচে একটি সেঞ্চুরি ওয়ানডেতে প্রতি ৯.৪ ম্যাচে একটি সেঞ্চুরি