অপেক্ষা কেবল মালয়েশিয়ার ঘোষণার
বাংলাদেশের অন্যতম শ্রমবাজার মালয়েশিয়ায় তিন বছর ধরে লোক পাঠানো বন্ধ। নানাভাবে এ অচলাবস্থা ভাঙার চেষ্টা করছে সরকার। অবশেষে যেন বরফ গলতে শুরু করেছে। মালয়েশিয়ার প্রতিনিধিদল তিন দিনের সফরে এসে সন্তুষ্টি প্রকাশ করলেন। এখন অপেক্ষা কেবল ঘোষণার। বাংলাদেশের জনশক্তি রপ্তানির সার্বিক কার্যক্রম দেখতে গত সোমবার রাতে মালয়েশিয়ান ইমিগ্রেশনের ফরেন ওয়ার্কার্স বিভাগের পরিচালক হামিদ বিন ওমরের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকায় আসে। এ সফরের অভিজ্ঞতা নিয়ে আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আর সেখানেই মালয়েশিয়ার কর্মকর্তরা শোনালেন আশাবাদের কথা। সংবাদ সম্মেলনে হামিদ বিন ওমর বলেন, ‘আমরা বাংলাদেশি শ্রমিকদের নাম নিবন্ধন প্রক্রিয়া, দক্ষিণ কোরিয়ায় সরকারিভাবে লোক পাঠানোর প্রক্রিয়াসহ সার্বিক কার্যক্রম দেখেছি। আমরা সবকিছু দেখে খুশি। আমরা আমাদের দেশের সরকারকে গিয়ে ইতিবাচক প্রস্তাব দেব।’ বাংলাদেশ থেকে কীভাবে লোক নেওয়ার কথা ভাবছেন জানতে চাইলে হানিফ বিন ওমর বলেন, ‘আমরা মনে করি, সরকারিভাবে লোক নিলে দুই দেশের দালালপ্রথা ভেঙে যাবে। খুব কম খরচে শ্রমিকেরা বিদেশে যেতে পারবে এবং তাদের খরচের টাকা খুব দ্রুত সময়ের মধ্যে তুলে আনতে পারবে। তাই আমরা জি টু জি পদ্ধতিতেই লোক নেওয়ার প্রস্তাব করব।’ সংবাদ সম্মেলনে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশ থেকে সরকারিভাবে (জি টু জি) লোক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে মালয়েশিয়া। এ ছাড়া মালয়েশিয়া তাদের শ্রমবাজারে বাংলাদেশকে উত্স দেশ (সোর্স কান্ট্রি) করার কথাও ভাবছে। প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, ২০০৭ ও ২০০৮ সালে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় লোক পাঠানোর সময় ভয়াবহ বিশৃঙ্খলা হয়েছিল। একপর্যায়ে বাংলাদেশ থেকে লোক নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। ভবিষ্যতে যেন এসব সমস্যা না হয় সে কারণই মালয়েশিয়ার প্রতিনিধিদল বাংলাদেশ সফরে এসে সব প্রক্রিয়া দেখে গেছে। তারা সব প্রক্রিয়া দেখে অত্যন্ত সন্তুষ্ট। এই মাসের শেষেই মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে আসবেন। এরপরে লোক পাঠানোর বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হবে। সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার প্রতিনিধিদলের বাকি পাঁঁচজন সদস্য এবং প্রবাসীকল্যাণসচিব জাফর আহমেদ খান উপস্থিত ছিলেন।বাংলাদেশের জনশক্তি রপ্তানি প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে সোমবার রাতে মালয়েশিয়ার এ প্রতিনিধিদল ঢাকায় আসে। তারা জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে (বিএমইটি), বাংলাদেশ ওভারসিজ অ্যান্ড এমপ্লয়মেন্ট সার্ভিসেসে (বোয়েসেল) গিয়ে জনশক্তি রপ্তানি কার্যক্রম দেখেন। গতকাল বুধবার প্রতিনিধিদল কক্সবাজার সফর করে প্রত্যন্ত অঞ্চল থেকে কীভাবে অনলাইনে শ্রমিক নিবন্ধন করা হয়, তা প্রত্যক্ষ করবে। আজ বৃহস্পতিবার প্রতিনিধিদল বাংলাদেশের কোরিয়ার দূতাবাস যায়। বিকেলে তারা সংসদে প্রবাসীকল্যাণমন্ত্রীর সঙ্গে দেখা করে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ প্রতিনিধিদল মালয়েশিয়া ফিরে তাদের সরকারকে একটি প্রতিবেদন দেবে। ওই প্রতিবেদনের ভিত্তিতেই মালয়েশিয়া বাংলাদেশের শ্রমবাজারের বিষয়ে সিদ্ধান্ত নেবে। বাংলাদেশ আশা করছে, খুব শিগগিরই ফের বাংলাদেশ থেকে লোক নেওয়ার ঘোষণা দেবে।