অপেক্ষায় ওসমান শিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ কোনো প্রার্থীকে সমর্থন দেবে না —এমন খবরে শামীম ওসমানের সমর্থকদের মধ্যে হতাশা নেমে এসেছে। তবে তারা কেন্দ্রের সিদ্ধান্তের জন্য ১২ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে চায়। অন্যদিকে সেলিনা হায়াত আইভীর কর্মীরা এ খবরে খুশি। আর স্বস্তি প্রকাশ করেছে বিএনপি।শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, ‘কাউকে সমর্থন না দেওয়ার ব্যাপারে কেন্দ্রীয় কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে, সেটিকে আমরা স্বাগত জানাই। স্থানীয় সরকারের এই নির্বাচনে ভোটাররা এখন প্রার্থীর ব্যক্তিগত যোগ্যতা, সততা বিচার করে ভোট দেবে।’ দুই প্রার্থীর অন্তঃকোন্দলে বিএনপি কোনো সুবিধা পাবে কি না, জানতে চাইলে আনোয়ার হোসেন বলেন, ‘নারায়ণগঞ্জের সাধারণ মানুষের কাছে আইভী প্রচণ্ড জনপ্রিয়। নারায়ণগঞ্জে সন্ত্রাস ছড়িয়েছে এমন কাউকে আমরা প্রতিদ্বন্দ্বী মনে করি না। আর দলের দুর্দিনে যারা বিদেশে পালিয়ে যায়, তাদের সঙ্গে আওয়ামী লীগের কোনো কর্মী থাকবে না।’এদিকে শামীম ওসমানের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, একক প্রার্থী হওয়ার ব্যাপারে এখনো তিনি আশা ছাড়েননি। এ জন্য ঢাকায় সম্ভাব্য সব জায়গায় যোগাযোগ রাখছেন এবং সমর্থন আদায়ের চেষ্টা করছেন। তবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একটি বড় অংশই মনে করে, নারায়ণগঞ্জে আইভী অনেক জনপ্রিয়। কাজেই নির্বাচনটা উন্মুক্ত করা উচিত। অন্য একটি অংশ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত দুই প্রার্থীর মধ্যে সমঝোতা করার চেষ্টা চালিয়ে যাবে।শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শামীম ওসমানের ঘনিষ্ঠ বলে পরিচিত খোকন সাহা গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘কোনো প্রার্থীকে সমর্থন দেওয়া কিংবা উন্মুক্ত করা বলতে কী বোঝায়, সেটি ১২ তারিখের পরই পরিষ্কার হয়ে যাবে। আর শামীম ওসমান ও আইভী দুজনেই যদি নির্বাচন করেন, সে ক্ষেত্রে হয়তো দলের কিছুটা ভোট নষ্ট হবে। কিন্তু জয় হবে শামীম ওসমানেরই।’শহর আওয়ামী লীগের সহসভাপতি ওয়াজেদ আলী বলেন, ‘আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকলে নির্বাচনে প্রভাব পড়বে। নেতা-কর্মীরা বিভক্ত হবে। ভোটও ভাগাভাগি হবে। তবে দল থেকে এখনো প্রার্থী সমর্থনের বিষয়ে কোনো ঘোষণা আসেনি। আমার বিশ্বাস, নির্বাচনের প্রেক্ষাপট বিবেচনা করে দল একক প্রার্থী সমর্থন দেবে।’তবে একাধিক প্রার্থী নিয়ে আওয়ামী লীগের নির্বাচন করার খবরে খুশি বিএনপি। তারা মনে করছে, দুই প্রার্থীর দ্বন্দ্বে বিএনপি কিছুটা সুবিধাজনক অবস্থায় থাকবে। বিএনপির প্রার্থী তৈমুর আলম খন্দকার প্রথম আলোকে বলেন, ‘এই সরকারের প্রতি সাধারণ মানুষের আর কোনো আস্থা নেই। কাজেই মানুষ মুখিয়ে আছে বিএনপিকে ভোট দেওয়ার জন্য। তা ছাড়া আওয়ামী লীগের একাধিক প্রার্থী নির্বাচন করছেন। কাজেই এই নির্বাচনে জয়ের ব্যাপারে আমি পুরোপুরি আশাবাদী।’শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল প্রথম আলোকে বলেন, ‘আমরা চাই, শামীম ওসমান ও সেলিনা হায়াত আইভী দুজনেই নির্বাচনে অংশ নিক। এর ফলে নির্বাচনের আগে একজন প্রার্থীর হামলা-মামলা থেকে অন্তত আমরা বাঁচব। আর এই সুযোগে বিএনপি পুরোদমে নির্বাচনে মনোযোগ দিতে পারবে।’ নির্বাচন কমিশনের নজরদারি: রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মেয়র ও কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থীরা জুমার নামাজের আগে-পরে প্রচার চালাতে পারেন কিংবা এলাকার মসজিদ, মাদ্রাসার উন্নয়নে অর্থ দেওয়ার আশ্বাস দিচ্ছেন কি না, সেটি পর্যবেক্ষণ করছেন কর্মকর্তারা। গতকাল শুক্রবার বিভিন্ন ওয়ার্ড এলাকাও পরিদর্শন করেন কর্মকর্তারা। কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করছেন কি না, তাও পর্যবেক্ষণ করছেন তাঁরা। জানা যায়, স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে প্রচার চালানোর কারণে ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ওমর খৈয়াম ও ১৬ নম্বর ওয়ার্ডের সাইফুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হুমায়ন কবিরের বিরুদ্ধে প্রচারপত্র বিতরণ করার অভিযোগ তদন্ত করে দেখছে কমিশন।রিটার্নিং কর্মকর্তা বিশ্বাস লুৎফর রহমান বলেন, স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ভোটারদের কাছে দোয়া চাওয়াও একধরনের প্রচারণা। এ রকম দুজন কাউন্সিলর পদপ্রার্থীকে চিহ্নিত করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।এ ছাড়া ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা বসানোর জন্য গতকাল বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন নির্বাচন কর্মকর্তারা। বেলা ১১টা থেকে বিশ্বাস লুৎফর রহমান সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নিয়ে শহরের নলুয়া, দেওভোগ, পশ্চিম দেওভোগ, চাষাঢ়া, তল্লা, খানপুরসহ বিভিন্ন এলাকার সাতটি ওয়ার্ডে বেশ কিছু ভোটকেন্দ্র পরিদর্শন করেন।লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, ২৭টির ওয়ার্ডের মধ্যে নয়টিতে ঝুঁকিপূর্ণ প্রায় ২৫ কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হবে। প্রয়োজন হলে কেন্দ্রের বাইরেও ক্যামেরা বসানো হতে পারে।পর্যবেক্ষণ দল: প্রার্থীদের নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রণে রাখতে হিসাব পরীক্ষার জন্য ‘নির্বাচনী খরচ হিসাব মনিটরিং কমিটি’ গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোরশেদ আলমকে আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোতাহার হোসেনকে সদস্যসচিব করে পাঁচ সদস্যের এই কমিটি করা হয়েছে। জেলা পুলিশ, জাতীয় রাজস্ব বোর্ড, নির্বাচন কমিশনের একজন করে প্রতিনিধি এতে থাকবেন।এই নির্বাচনে মেয়র পদে আটজন, সংরক্ষিত মহিলা আসনের নয়টি পদে ৫৬ জন ও কাউন্সিলর পদে ২৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।